মা, তোমাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যিকার মা ন্যাওটা যাকে বলে, আমি ছিলাম সেটাই। ছোটবেলায় অসুখবিসুখ লেগেই থাকত আমার। মায়েরও তাই একটু আলাদা নজর ছিল আমার দিকে। মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকতাম চব্বিশটি ঘণ্টা। সারাক্ষণ ঘুরঘুর করতাম মায়ের চারপাশে। ঘুমানোর সময়ও মায়ের কাছাকাছি থাকা চাই। মায়ের পেটে হাত না রাখলে ঘুমই আসত না। খুব ছোটবেলায় পোলিও হয়েছিল আমার। মা আমাকে রোগমুক্ত করার কঠিন পণ করেছিলেন। ডাক্তারখানায় ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে কষ্টকর অপেক্ষা। ছোটাছুটি। সবকিছু মা করেছেন হাসিমুখে। মায়ের চেষ্টার কাছে পোলিও হার মেনেছিল। আর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলাম। ১৯৭৯ সালে আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটল। আমি উচ্চাঙ্গসংগীতে বৃত্তি পেলাম। পড়তে যেতে হবে ভারতের বরোদায়। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমাকে কিছুতেই যেতে দেবেন না তিনি। বৃত্তি পাওয়ার ওই কয়টা দিন আমাদের পুরো বাড়িটা মনে হচ্ছিল মরাবাড়ি। মেয়ের সঙ্গে সম্ভাব্য বিচ্ছেদের শোকে মা নাওয়া-খাওয়া সব ভুলতে বসেছিলেন। কিন্তু আমি নাছোড়বান্দা। মা অগত্যা জায়নামাজে গিয়ে পড়লেন। জায়নামাজে বসে মা বুক চাপড়ে কাঁদছেন। এই দৃশ্যটা এখনো চোখে ভাসে।বরোদাতে যখন ছিলাম, মা আমাকে প্রতিদিন একটা করে চিঠি লিখতেন। সপ্তাহে একটা দিন শুধু পোস্ট অফিস বন্ধ থাকত। সেদিন বাদে প্রতিদিন মায়ের চিঠি আসত। বাসায় কী ঘটছে না ঘটছে, মা সব খুঁটিয়ে খুঁটিয়ে লিখতেন। ঘটনা চাউর হতেই বড়দায় আমার সহপাঠিনীদের মধ্যে মোটামুটি শোরগোল পড়ে গেল। একটা মানুষ প্রতিদিন কীভাবে চিঠি লেখে? ‘শাকিলা, তুমারা ইতনা খত কিউ আতা হ্যায়। মাকা ওর কোই কাম নেহি হ্যায়? স্রেফ খত লিখতি হ্যায়। ইউ আর সো লাকি।’ আমার বান্ধবীরা হাসাহাসি করত। মা আমার খুব কাছের একজন বন্ধু। বিয়ের আগপর্যন্তও আমি মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমিয়েছি। মাকে আমার সব সমস্যার কথা বলি। আর একটা অদ্ভুত ব্যাপার, আমার কোনো বিপদ হলেই মা কীভাবে যেন আগেভাগে বুঝে ফেলেন। এই কদিন আগের কথা বলি। রাতের বেলা আমার হঠাৎ প্রেশার বেড়ে গেল। আমাকে হাসপাতালে নিতে হয়েছিল। আমি মাকে ঘুণাক্ষরেও বুঝতে দিইনি। মা ঠিক পরদিন হুট করে আমার বাসায় হাজির। তাঁর নাকি মনে হয়েছে, আমার কোনো কারণে শরীর খারাপ। কী অদ্ভুত ব্যাপার! এখনো প্রতিদিন সকালবেলা প্রথম ফোনটা আমাকে মা-ই করেন।আমার মা সুরাইয়া বানু। ডাকনাম মীরা। সম্ভ্রান্ত ডাক্তার পরিবারের মেয়ে তিনি। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। মা মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। কিন্তু তাঁর জানাশোনার পরিধি চমকে দেওয়ার মতো। রীতিমতো লাইব্রেরিতে গিয়ে বই চোখের সামনে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভ্যাস মায়ের। দুনিয়ার হেন বিষয় নেই, মা জানেন না। মাকে দেখতাম সারাক্ষণই কোনো না কোনো কাজে ব্যস্ত। সীমিত আয়ের সংসারের হাল তিনি ধরেছিলেন শক্ত হাতে। মেহমানকে মা সব সময় লক্ষ্মী মনে করতেন। তিন মেয়েকে রান্নাবান্না, ধর্মীয় চেতনা—সবকিছু শিখিয়েছেন। সংসার সামলাতে এতই ব্যস্ত ছিলেন, মা নিজের দিকে তাকানোর ফুরসতই পাননি কখনো। পরিবারের সব সমস্যা তিনি নিজের কাঁধে নিয়েছিলেন। নিজের চাওয়াগুলো তুচ্ছ করে এসেছেন সব সময় অন্যদের সুখী করার জন্য। আমাদের জীবনের মূল্যবোধ শিখিয়েছেন তিনি। মায়ের কারণেই আমরা একটা শৃঙ্খলাপূর্ণ জীবন পেয়েছি। আমার মা কখনো বলেননি ‘তোমাকে অনেক বড় হতে হবে’। আমি যখন গানবাজনা শুরু করি, মা তখন আমার মাথার ওপর ছায়া হয়ে ছিলেন। আমার সঙ্গে সঙ্গে সবখানে যেতেন। তাঁর মেয়েকে সবাই চেনে।’ তাঁর মেয়ে ভালো গান গায়—এসব নিয়ে মাকে কখনো গর্ব করতে শুনিনি। আমার কোনো গান ভালো লাগলে মা-ই আবার সবার আগে ফোন করেন। বলেন, ‘তোমার গানটা শুনে মন জুড়িয়ে গেল।’সন্তানেরা হয়তো মনে করে মা সব ভুলচুকের ঊর্ধ্বে। আবার এটাও সত্যি মায়েরও ভুল হতে পারে। কিন্তু তাঁর কাছে সব সময় সন্তানই সবকিছুর ওপরে। অনেক সময় অপরাধবোধ হয়। মায়ের অনেক দুঃখ-কষ্ট হয়তো আমি বুঝতে পারিনি। মাঝে মায়ের ব্রেস্ট ক্যানসার ধরা পড়ল। মা প্রচণ্ড শারীরিক কষ্ট পাচ্ছিলেন। কিন্তু আমাদের কিছু বুঝতে দিতে চাননি। এত কষ্টের মধ্যেও মা কী সুন্দর হাসছিলেন! মা আমাদের চিন্তায় ফেলতে চাননি। এখনো মায়ের বাসায় গেলে মা অস্থির হয়ে যান। কী খাওয়াবেন, আমার কী খেতে ইচ্ছে করছে—এসব নিয়ে তাঁর চিন্তার অন্ত থাকে না। মায়ের কথা সত্যিই বলে শেষ করার নয়। আমি অনেক বড় হয়ে গেছি। নিজেই সন্তানের মা হয়েছি। কিন্তু আমার মায়ের কাছে আমি সেই ছোট্ট খুকুটাই আছি। মা দিবসে জগতের সব মাকে আমার সশ্রদ্ধ সালাম।অনুলিখন: ইকবাল হোসাইন চৌধুরী