মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ১২ বছর বয়স থেকে আমি ঘরছাড়া। ১৯৭৬ সালের আগস্ট মাসে সেই ক্যাডেট কলেজে ঢুকলাম, আর তারপর থেকে ছুটিছাটায় বাড়ি যাই গেস্টের মতো। দুর্জনেরা বলে, এতে বাড়ির সঙ্গে নাড়ির সম্পর্ক কমে যায়। আমি ব্যাপারটাকে সেভাবে দেখি না। ক্যাডেট কলেজ ১২ বছরের একটা ছেলেকে ওপরে ওপরে শক্ত হতে শেখায়। বন্ধুরা হয়ে যায় ভাইয়ের মতো। ক্যাডেট কলেজের ঘেরাটোপ থেকে বাইরে এসে আড়মোড়া ভাঙতে সময় লাগে। মানুষ ভুল বোঝে।
আমার মনে আছে, ঝিনাইদহে বাস থেকে নেমে রিকশায় করে কলেজে যাওয়ার সময় দূর থেকে একাডেমিক ব্লকের গম্বুজটা দেখার সঙ্গে সঙ্গেই মন খারাপ হতো। অবশ্য কলেজে পৌঁছার পর বন্ধুদের সঙ্গে মিলেমিশে সব ঠিকঠাক হয়ে যেত। তবে সারা টার্ম (প্রায় তিন মাস) ধরে ভাবতাম ছুটিতে বাসায় ফিরে কী কী করব। বাসায় গেলে তার প্রায় কিছুই করা হতো না।
বাসা থেকে আসার সময় ছোটখাটো কারণে মায়ের সঙ্গে ঝগড়া হতো। আসলে মন এত খারাপ থাকত সে তখন কেউ একটু আদর করলেই চোখে পানি চলে আসত। আমি তখন বড় হয়ে উঠছি। চোখের পানি কেউ দেখে ফেলা বিশাল লজ্জার ব্যাপার। বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সঙ্গে দেখা করতে চাইতাম না মন খারাপের ভয়ে। গতবার ঈদে যশোর গিয়ে সেই একই রকম অনুভব হলো।
ঈদের পর টিকিটের ঝক্কি অনেক। আমি ঈদে বাড়ি গেলে প্রথম দিনই ফেরার টিকিট কিনে ফেলি। আমার হাতে টিকিট দেখে মা বললেন, এই রকম বাড়ি আসার দরকার কী?
কোনো কথা না বলে ঘরে চলে গেলাম। আমার ঘরটা আড়াই তলায়। ঘরের সামনে একচিলতে ব্যালকনির মতো। সেখান থেকে দোতলার ব্যালকনির কথাবার্তা শোনা যায়। শুনি আমার ছোট মেয়ে বলছে, ‘দাদদাদ তোমার ছেলেটা কেমন দ্যাখো, ঢাকায় থাকলে মাকে দেখতে যাব দেখতে যাব বলে, আর যশোরে এসে তোমার পাশে বসেও না। নিজের ঘরে চলে যায়।’ মা বললেন, ‘আমার সঙ্গে কথা বলার জন্য তোকে তো রেখে গেল, তুই আমার ছেলের বদনাম করবি না।’
নাতনি বলল, ‘দাদদাদ আমরা চলে গেলে তোমার আমাদের কথা মনে পড়ে না? তুমি আমাদের সাথে ঢাকায় আসো না কেন?’
মা কী বললেন শুনতে পেলাম না। একটু পর শুনি তিনি বলছেন, ‘তোরা চলে যাওয়ার পর আমি কান খাড়া করে সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকি।’
‘কেন?’
‘বাবুয়ার চায়ের দোকানে একটা ছেলে প্রায়ই এসে তোর বাবার গলায় কথা বলে। আমার মনে হয় আমার ছেলেটা এল নাকি? ওকে দেখার জন্য আমি বাবুয়ার দোকানে উঁকিঝুঁকি দিই।’
নিজের অজান্তেই বিষাদে ভরে উঠল মন। চোখে পানি চলে এল। বড় মেয়ে কখন পেছেনে এসে দাঁড়িয়েছে টের পাইনি। সে বলল, ‘বাবা তোমার কী দাদদাদের কাছে থাকতে ইচ্ছে করছে?’
আমি বললাম, ‘নারে, অফিস খুলে যাবে, তোমাদের স্কুল খোলা।’
সে আমার কাছে আরও সরে এসে আমার হাত ধরে বলল, ‘মায়ের কাছে মিথ্যা বলতে হয় না। তুমি না বলো আমি তোমার ছোট্ট মা!’
সাইদুল ইসলাম
কানাডা