মা আর সাফল্য
এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল বের হওয়ার দিন। ডেঙ্গুজ্বরের কবলে পড়ে আমি ক্লান্ত। মা আমার ডেঙ্গুজ্বরে ভোগার ধকল সামলিয়ে আমার চেয়েও ক্লান্ত। তারপরও মহা-উৎসাহে বেরিয়ে পড়লেন আমার রেজাল্টের জন্য। আমরা দুই বোন, আমার বোন আমার চেয়ে ১২ বছরের বড়। আমি হলাম আমার আব্বু-আম্মুর একটু বেশি বয়সের আদরের কনিষ্ঠ কন্যা।
২০০৮ সালে আব্বুর আকস্মিক চলে যাওয়ার পর শুরু হয় আমাকে নিয়ে আম্মুর একাকী পথচলা। সকালের নাশতা, মেডিকেলে নিয়ে যাওয়া ও আসা, পাশে শুইয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়ানো, পড়ার জন্য রাত তিনটায় ডেকে দেওয়া—সবই একা হাতে সামলেছেন। প্রতিটা দিন কোনো ক্লান্তি বা কষ্টের ছাপ ছাড়া একনিষ্ঠভাবে আমার হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন মা। তাঁর কোনো শারীরিক কষ্টকেও কষ্ট বলে মনে করেননি। আমি কি পারব আমার মায়ের এই কষ্টের মান রাখতে? এসব ভাবতে ভাবতেই রেজাল্ট পেলাম। জানলাম, আমি এমবিবিএস একবারে পাস করেছি। অনেকে বলেন, কর্মজীবী, জীবনে উন্নতি লাভে আগ্রহশীল মায়ের সন্তানেরা নাকি ঠিকমতো যত্ন পায় না, ভুলপথে চলে যায়। আমার পিএইচডি ডিগ্রিধারী বিদুষী মায়ের দুই মেয়েই কিন্তু একজন কানাডায় রেডিয়েশন ফিজিক্সে পিএইচডি অর্জন করেছেন, আর আমি হয়েছি চিকিৎসক। হ্যাঁ, আমি গর্বিত এমন মায়ের মেয়ে হতে পেরে, যিনি নিজের পিতা-মাতার মুখ উজ্জ্বল করেছেন এবং আমাদেরও সেই শিক্ষা দিয়েছেন।