মা-ই যেন আরাফাত সানির কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত সানি
আরাফাত সানি

লাল-সবুজ জার্সিতে সাকিব-তামিমের মতো নিজের সন্তানও মাঠ কাঁপাবে, লাখো-কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হবে—এমন স্বপ্ন এখন অনেক মা-বাবাই দেখেন। সে স্বপ্ন পূরণের লক্ষ্যে সন্তানকে বড় আগ্রহ করে মাঠে পাঠান, একাডেমিতে ভর্তি করান।
কিন্তু দেড় যুগ আগে দৃশ্যপটটা কি এমন ছিল? তখন কজন মা-বাবা ভাবতেন, সন্তানকে ক্রিকেটার বানাবেন? তিনি ভেবেছিলেন। দূরদৃষ্টিতে দেখেছিলেন, ছেলে তাঁর খেলার মাঠ মাতাবেন। এ কারণে ১৪-১৫ বছর আগে ছেলের ভেতর বুনে দিয়েছিলেন জাতীয় দলে খেলার স্বপ্ন।
স্বপ্নের সিঁড়িটা দেখিয়ে দিতে ছোট্ট ছেলেকে ভর্তি করিয়ে দিয়েছিলেন ধানমন্ডির ক্রিকেট একাডেমিতে। কিন্তু স্বপ্ন কি এত সহজে ধরা দেয়? পাড়ি দিতে হয় দীর্ঘ বন্ধুর পথ। তিনিও দিয়েছেন। দীর্ঘ এ সময়ে ছেলেকে সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন। তিনি নার্গিস আক্তার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানির মা। এই মায়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে হাজির হয়েছিলাম তাঁর আমিনবাজারের বাড়িতে। আমাদের বসিয়ে আনলেন অ্যালবামে থাকা সানির একের পর এক পুরোনো ছবি। ফ্রেমে ফ্রেমে যেন বলতে চাইলেন পেছনের সব কষ্ট, ত্যাগ আর তিতিক্ষার গল্প।
শুরুতে একটা চমকপ্রদ তথ্যও দিলেন। বললেন, ‘একটা সময় ইচ্ছা ছিল ওকে নাট্যজগৎ বা চলচ্চিত্র জগতে দেব। তখন বিনোদন জগৎটা আমাকে টানত। এ নিয়ে বেশ কিছুদিন দৌড়াদৌড়িও করেছি। কাজ হলো না। পরে এক আত্মীয় বললেন, ক্রিকেটে ও বেশ ভালো। খেলাধুলায় দেওয়া যায়। এরপর পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে খোঁজ নিলাম, কোথায় ভর্তি করা যায়। ওই সাংবাদিকের মাধ্যমেই ধানমন্ডি একাডেমিতে ভর্তি করিয়ে দিলাম।’
ভর্তি করার কদিন পরই একাডেমির কোচ দিপু রায় চৌধুরীর নজরে এলেন সানি। নার্গিস আক্তারের কাছে দিপু রায় জানতে চাইলেন, ‘পরিবারের কেউ খেলাধুলা করে? ছেলে তো দারুণ প্রতিভাবান!’ ছেলের প্রতিভা থাকলেও মূল যুদ্ধ শুরু হলো এর পরই।
প্রতিদিন আমিনবাজার থেকে ছেলেকে ধানমন্ডির একাডেমিতে নিয়ে আসতেন। দিনের পুরো সময়টা বসে থাকতেন। আবার সন্ধ্যায় নিয়ে যেতেন। দিনের পর দিন এভাবেই অক্লান্ত শ্রম, ত্যাগ স্বীকার করেছেন। এভাবে বসে থাকতে বিরক্ত লাগত না? মৃদু হাসলেন। বললেন, ‘নাহ! একদম নয়। পান চিবুতাম আর বসে বসে ছেলের খেলা দেখতাম। ছেলে বল করছে, ব্যাট করছে—দেখতে কী যে আনন্দ লাগত! খুব আগ্রহভরে ছেলের সবকিছু দেখতাম। তা-ই নয়, সানি যখন অন্য জেলা-বিভাগে খেলতে যেত, সঙ্গে যেতাম।’
সানির সমবয়সী অনেকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন, নিয়মিত খেলেছেন। আবার দল থেকে ছিটকেও পড়েছেন। কেউবা দৃশ্যপট থেকে আড়াল হয়ে গেছেন। অথচ সানির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলো গত বছর। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আগমন। এর আগে ঘরোয়া ক্রিকেটই খেলেছেন প্রায় ১৩-১৪ বছর!
অপেক্ষার এমন দীর্ঘ প্রহর বাংলাদেশে খুব কম ক্রিকেটারেরই কেটেছে। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলার পরও জাতীয় দলে ডাক না পাওয়াটা স্বাভাবিকভাবেই হতাশার। সানিকেও কখনো কখনো হতাশা ঘিরে ধরেছে। কিন্তু সে সময় আশা দিয়েছেন, ভেঙে না পড়ার সাহস জুগিয়েছেন মা। নার্গিস আক্তার বললেন, ‘হতাশায় ও একটা সময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিল। কিন্তু বুঝিয়েছি। মানসিকভাবে সমর্থন দেওয়া চেষ্টা করেছি। বলেছি, বাবা, আশা রাখো, চেষ্টা করো। হাল ছেড়ো না। তুমি পারবে, জাতীয় দলে খেলবে।’

মায়ের সঙ্গে ছোট আরাফাত সানি, আরাফাত সানির মা নার্গিস আক্তার। ছবি: সুমন ইউসুফ
মায়ের সঙ্গে ছোট আরাফাত সানি, আরাফাত সানির মা নার্গিস আক্তার। ছবি: সুমন ইউসুফ

মায়ের আশা-প্রত্যাশা বিফলে যায়নি। সানি জাতীয় দলে এসেছেন। নিয়মিত পারফর্ম করছেন। অল্প সময়ে বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়েছেন। তবে মানসিকভাবে শক্ত বলেই কি না—সানির মা জানালেন, জাতীয় দলে সুযোগ না পেলেও কষ্ট পেতেন না, ‘ও যদি জাতীয় দলে না-ও খেলত, তবুও খুব বেশি কষ্ট পেতাম না। ঘরোয়া ক্রিকেটে অনেক সাফল্য, সম্মান-পুরস্কার সে পেয়েছে। সেগুলো নিয়েই থাকতাম।’ কথা শুনে মনে হয় মা-ই যেন আরাফাত সানির কোচ।
ছেলের খেলা থাকলে অনেক ক্রিকেটারের মা টেনশনে স্টেডিয়ামে খেলা দেখতে যান না। নার্গিস আক্তার এ ক্ষেত্রে ব্যতিক্রম। নিয়মিত মাঠে হাজির হন ছেলের খেলা দেখতে, ‘ও খেললে টেনশন কাজ করলেও মাঠে যাই। আমি মাঠে থাকলে ও ভালো খেলবেই। এ কারণে কখনো কখনো মাঠে না গেলে অনেকে বলেন, আপনি আসেননি কেন? আপনি মাঠে থাকলে সানি তো ভালো খেলে!’
মাকে নিয়ে আরাফাত সানি বলেন, ‘মায়ের মুখে হাসিটা দেখলে অন্য রকম অনুভূতি হয় মনে। যেটা ভাষায় বোঝানোর নয়। আমার টি-টোয়েন্টি অভিষেকের দিন মা ভীষণ খুশি হয়েছিলেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’