আচ্ছা, পড়াশোনা শেষ করে তুই কী করবি?কিচ্ছু করব না।অন্তত কিছু একটা তো করতে হবে! সবাই তো কিছু না কিছু করে।ঘোড়ার ঘাস কাটব, হিঃ হিঃ হিঃ!তোর কাটা ঘাস খাবে কোন ঘোড়া, একটু শুনি—কে আবার! তুইই তো আমার ঘোড়া। কাটা ঘাস খাওয়া ঘোড়া!কোনো এক বিকেলে এভাবেই কথা হচ্ছিল আমাদের মধ্যে। আমাদের যখন কথা হতো, প্রায় সময় এভাবেই কথা হতো। এর কিছুদিন পর সে একটা মেসেজে লিখল, মি. বাবুই। আমি বললাম, বাবুই মানে কী? সে বলল বাবুই মানে বাবুই পাখি। নামটা ভালো লাগে তাই তোকে ডাকি। কিছু মনে করিস না তো? আমি আবার কী মনে করব! বরঞ্চ সেদিন খুশিই হয়েছিলাম। সেদিন রাতেই তাকে একটা নাম দিয়েছিলাম। চড়ুই। সে গ্রহণ করেছিল নামটা। এরপর আরও অনেক নাম পেয়েছি। প্রায় ডজন খানেক। একদিন গাজর খাচ্ছিলাম। সে নাম দিল খরগোশ। পোষা প্রাণীতে তার দুর্বলতা ছিল। তাই তার দেওয়া নামগুলো প্রায়ই কোনো না কোনো প্রাণীর নামে হতো। সবচেয়ে যে নামটি আমার ভালো লাগত, সেটি ‘বাবুই’। সে বলত প্রত্যেকটা নাম দেওয়ার কারণ আছে। ‘বাবুই’ হচ্ছে আদর করে দেওয়া নাম। অনেকগুলো নামের একটি ছিল মি. ঝামেলা। শেষ পর্যন্ত আমি একটা বড় ঝামেলা বাধিয়ে ফেলি। আমি স্বপ্ন দেখা শুরু করি। আমার ইচ্ছে হতে থাকে তার হাত ধরে বৃষ্টিতে ভিজব। হাতে হাত রেখে চাঁদহীন আকাশের তারা দেখব। তার কাছ থেকে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিলাম। তাকে ভালোবেসেছিলাম আমার সমস্ত অস্তিত্ব ও অনুভূতি দিয়ে। চেয়েছিলাম সে আমার আশ্রয় হোক, আমাকে ভালোবাসুক।না, কিছুই হয়নি। আমাদের ২০ মাসের বন্ধুত্বের অবসান হলো ২০ মিনিটে। সে চেয়েছিল আমাদের বন্ধুত্বটা টিকে থাকুক। আমিও চেয়েছিলাম। কিন্তু, কাউকে ভালোবাসার পর তার সঙ্গে বন্ধুত্বের অভিনয় করে যাওয়ার মতো বিড়ম্বনা কমই আছে। এটা করার জন্য হূদয়ের হিম্মত লাগে। সে হিম্মত আমার ছিল না। তাই আমি পালিয়ে এসেছি বন্ধুত্ব নামক সম্পর্কটা থেকে।বলে-কয়ে যেদিন সব যোগাযোগ বন্ধ করেছি, তার পরদিন একটা সিনেমা দেখছিলাম টেলিভিশনে। আমার এই সময়ে খুব কাঁদাতে পারে এমন একটি মুভি ছিল সেটি। ছবি শেষ হলে আমার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর ইচ্ছেমতো কাঁদলাম। জানতে পারিনি আমার থেকে এক কিলোমিটার দূরে বসে সেই বন্ধুটি কী করছিল। জানতে পারিনি ১২০ কিলোমিটার দূরে এক গ্রামে আমার মা কী করছিল। জানতে পেরেছিলাম কয়েক দিন পর। সেদিন আমার কান্না থামার কিছুক্ষণের মধ্যেই মা ফোন করলেন। জানতে চাইলেন আমার মন খারাপ কি না। আমি পরে ফোন করার কথা বলে ফোন রাখলাম। পরদিন বিকেলবেলা ফোন করে মাকে বললাম আদ্যোপান্ত। সেদিনও তিনি বলেননি আগের দিন কী ঘটেছিল। বলেছেন আরও তিন দিন পর।শহরের এক নির্জন কক্ষে বসে আমি যখন কেঁদে বুক ভাসাচ্ছি, মা তখন পুকুরপাড়ে গেছেন শিমের বিচি লাগাতে। তার ছেলেটা শিম খেতে ভালোবাসে। শহর থেকে এলে ছেলেটা খেতে পারবে। মাথাটা নুইয়ে তিনি যখন বিচি লাগাচ্ছিলেন, পা পড়ল কোদালের ওপর। হাতলটা লাফিয়ে এসে লাগল মায়ের মুখে। সঙ্গে সঙ্গে ঠোঁট ফেটে রক্ত বেরুল। তখনই তাঁর মনে হলো ছেলে খুব কষ্ট পাচ্ছে। দ্রুত ঘরে এসে ফোন করেছিলেন আমাকে।এ জন্যই এঁদের ‘মা’ বলা হয়। সন্তানদের প্রত্যেকটি অবস্থাই তাঁদের জানা হয়ে যায়। এর পরের প্রতিটি মুহূর্তেই মা আমাকে সান্ত্বনা জুগিয়েছেন। বলেছেন, এই বয়সে এমনটি হয়। তাতে ভেঙে পড়লে চলে না।এখন সবই অতীত। যখন একাকী হই, খুব নিঃসঙ্গ মনে হয় নিজেকে। মনে পড়ে ঘোড়ার ঘাস কাটা। বাবুই চড়ুই এসব। ভাবতে ভাবতে ভারী হয়ে ওঠে আমার ভেতরটা। জীবনের কোনো কিছুই হয়তো চিরতরে শেষ হওয়ার নয়।মো. রাশেদুল আলমঅর্থনীতি বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়