মা ও জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অনেক আগের এক জীবনের গল্প। জামাল আর জামিল দুই ভাই। জামাল স্কুলে পড়ান, বাবা পরলোকে। বাবার খুব ইচ্ছা ছিল জামিল ডাক্তার হবে। মেধাবী জামিল চান্স পেল ঢাকা মেডিকেল কলেজে এবং কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাসও করল।

কিছুদিন দেশে ডাক্তারি করে জামিল উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিলেতে যেতে চাইল। মায়ের বড় আদরের ছেলেরা, হৃদয়ের সব মমতা দিয়ে ছেলেদের বড় করেছেন। আদরের ছোট ছেলেকে বিদেশে পাঠাতে মায়ের মন সায় দেয় না। ছেলেকে অনেক দিন না দেখে মা কীভাবে থাকবেন। ছেলে মাকে বোঝাল, ‘এই তো তিন বছর, এমআরসিপি শেষ করেই মা তোমার কাছে ফিরে আসব’। অবশেষে ছেলের ইচ্ছায় মাকে রাজি হতে হলো।

জামিল বিলেতে, মাঝেমধ্যে মাকে চিঠি লেখে, মা সঙ্গে সঙ্গে উত্তর দেন। চিঠি পেতে দেরি হলে জামালকে তাগাদা দেন ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য। প্রতি চিঠিতে মা লেখেন, ‘বাবা পড়া শেষ করে তাড়াতাড়ি ফিরে আয়।’

মা ব্যাকুল হয়ে অপেক্ষায় থাকেন, কবে তঁার বুকের ধন ফিরে আসবে। শীতকাল আসে, মা জলপাই, বরইয়ের আচার বানান, আমের দিনে আমের আচার। বোতল বোতল আচার রোদে দেন আর ভাবেন তঁার জামিল যে মায়ের হাতের আচার ছাড়া খেতেই পারে না, কী জানি কবে ছেলে চলে আসবে, যদি ছেলের পছন্দের আচার না খাওয়াতে পারেন।

হঠাৎ করে চিঠি আসে বিলেত থেকে ‘মা সামনের মাসেই দেশে আসব।’ মায়ের মনে আনন্দ, মা জামালকে বাজারে পাঠান, জামিলের যা যা পছন্দ সব কিনে আনতে বলেন। মা সবকিছু গুছিয়ে রাখেন, কী জানি ছেলে কদিনের জন্য আসবে, তার পছন্দের খাবার না খাওয়াতে পারলে মায়ের যে কষ্ট হবে। জামিল আসে না।

দিন, মাস, বছর পার হয়ে যায়, জামিল ফেরে না। মা আশায় থাকেন দিন–রাত এই বুঝি তার জামিল এল। মাঝে মাঝে আকাশে অ্যারোপ্লেন উড়ে যায়, অ্যারোপ্লেনের শব্দে মা বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। ভাবেন, এই প্লেনেই হয়তো তাঁর ছেলে আছে।

মা মিটশেফের তাকে তাকে আচার গুছিয়ে রাখেন, মাঝেমধ্যে রোদে দেন। চোখ ঝাপসা হয়ে আসে পানিতে। সব সময় আকাশের দিকে তাকিয়ে ভাবেন, বিলেত কত দূর?আশা করেন তঁার জামিল তো ফিরবেই।

অনেক বছর পার হয়, মা বুড়ো হয়ে গেছেন, শরীরও ভালো থাকে না। গুরুতর অসুস্থ হয়ে পড়েন একসময়। ‘জামিল তোকে না দেখে যে মরতে চাই না বাবা, একটিবার আমার কাছে আয়...’ মায়ের এই হাহাকার ছেলের হৃদয়কে স্পর্শ করে না। ব্যথাতুর মা চিরনিদ্রায়...তঁার ছেলে ফেরে না আর।

অনেক বছর পরে জামিল দেশে এসেছিল কয়েক দিনের জন্য। তার গল্প অন্য জীবনের।

তাহমীনা বেগম

ঢাকা