মা ও নবজাতকের মৃত্যুহার কমাতে চাই আন্তরিকতা ও নিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মন্‌জুরুল ইসলাম
সৈয়দ মন্‌জুরুল ইসলাম
বাংলাদেশে মা ও শিশুমৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। কিন্তু এখনো প্রসবকালীন মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৩ জন। স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, উন্নতমানের মিডওয়াইফারি সেবা মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনতে সহায়তা করবে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্‌জুরুল ইসলামের সঙ্গে।

প্রথম আলো: ৫ মে হচ্ছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। এ বছর দিবসটির  প্রতিপাদ্য হচ্ছে নারী ও নবজাতক: মিডওয়াইফারি সেবার কেন্দ্রবিন্দু । বাংলাদেশে নারী ও নবজাতকদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা আমাদের দেবেন কি?

সৈয়দ মন্‌জুরুল ইসলাম: দেশে মাতৃমৃত্যুর হার কমাতে মিডওয়াইফরা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রশিক্ষিত নার্স-মিডওয়াইফরা এ দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশে এখনো গ্রামাঞ্চলের অনেক অন্তঃসত্ত্বা মা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এ সেবা গ্রহণ করছেন না। এখনো গ্রামে বাড়িতে অপ্রশিক্ষিত স্থানীয় ধাত্রী দিয়ে  শিশু প্রসব হচ্ছে। ফলে অনেক নবজাতক ও নারী  স্বাস্থ্যসেবার সুফল পাচ্ছেন না। সরকার এ ব্যবস্থার উন্নতিকল্পে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

প্রথম আলো: বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে জীবিত জন্মে ৭০ জনের নিচে নামিয়ে আনার অঙ্গীকার করেছে। এ ক্ষেত্রে মানসম্মত মিডওয়াইফারি সেবা কি মাতৃমৃত্যু কমিয়ে আনার ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারে?

মন্‌জুরুল ইসলাম: হ্যাঁ, মানসম্মত মিডওয়াইফারি সেবা মাতৃমৃত্যু কমিয়ে আনার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে পারে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় ছিল প্রসবকালীন মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৩ জনে নামিয়ে আনা। আমরা প্রতি লাখে ১৭০ জনে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রসবকালীন মাতৃমৃত্যুর হার প্রতি লাখে জীবিত জন্মে ৭০ জনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। আশা করা যায়, মানসম্মত মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

প্রথম আলো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার ইতিমধ্যে তিন হাজার মিডওয়াইফারি পদ সৃষ্টি করেছে। এর মধ্যে ৬০০ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া মিডওয়াইফদের ভালো মানের সেবা দেওয়ার জন্য প্রয়োজন কাজের অনুকূল পরিবেশ। আপনার সরকার কী করে এই অনুকূল পরিবেশ দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে পারবে?

মন্‌জুরুল ইসলাম: মানননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২ হাজার ৯৯৬ টি পদ সৃষ্টির সম্মতি পাওয়া গেছে। এর মধ্যে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থ বছরে ৬০০টি করে মোট ১ হাজার ২০০টি পদ সৃষ্টি করা হয়েছে এবং ৬০০ পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে।  পদগুলো যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সাব-সেন্টার পর্যায়ের জন্য সৃষ্টি করা হয়েছে এবং অবকাঠামো বিদ্যমান সে কারণে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ জায়গায় অনুকূল পরিবেশ রয়েছে। তবে আরও উন্নত পরিবেশ সৃষ্টির প্রয়াস অব্যাহত আছে।

প্রথম আলো: মানসম্মত মিডওয়াইফারি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মানসম্মত মিডওয়াইফারি শিক্ষা জোরদার করতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে?

মন্‌জুরুল ইসলাম: অতীতে জাতীয় স্বাস্থ্যসেবায় পৃথক মিডওয়াইফ পদ ছিল না। ছিল না মিডওয়াইফ শিক্ষাব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী দৃষ্টির কারণে স্বাস্থ্যসেবায় এই প্রথম মিডওয়াইফ পদ সৃষ্টি করা হয়। ২০১২-১৩ শিক্ষাবর্ষে দেশের ২০টি সরকারি নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজে পৃথক ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করা হয়। পাশাপাশি বেসরকারি পর্যায়েও এ কোর্স চালুর নীতিমালা প্রণয়নসহ অনুমোদন প্রদান করা হয়। বর্তমানে ৩৮টি সরকারি নার্সিং কলেজ/ইনস্টিটিউটে এবং বেসরকারি ১৩টি নার্সিং কলেজ/ইনস্টিটিউটে এ কোর্স চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হবে। বর্তমান সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় মিডওয়াইফারি শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি মিডওয়াইফারি শিক্ষায় দূরশিক্ষণ মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে আরও প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা নিশ্চিত করা হবে।

প্রথম আলো: মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে আমাদের আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আরও মিডওয়াইফ দরকার। এ ব্যাপারে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মন্‌জুরুল ইসলাম: ২০১৮ সালের মধ্যে দেশের ৪২১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১ হাজার ৩১২টি ইউনিয়ন সাব-সেন্টার পর্যায়ের জন্য আপাতত মোট ২ হাজার ৯৯৬টি পদে মিডওয়াইফ  নিয়োগ করা হবে। গ্রামীণ জনপদে মা ও নবজাতকের মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। এ কারণে মূলত সৃষ্টি করা ২ হাজার ৯৯৬টি মিডওয়াইফ পদে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পদায়ন করা হচ্ছে। দ্রুত মিডওয়াইফের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের  যথাযথ মিডওয়াইফারি প্রশিক্ষণের মাধ্যমে আপৎকালীন ঘাটতি মোকাবিলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ডিপ্লোমাধারী মিডওয়াইফদের সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।

প্রথম আলো: আপনি কি মনে করেন মা ও নবজাতকের মৃত্যুর হার কমাতে যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তার জন্য অতিরিক্ত তহবিল দরকার?

মন্‌জুরুল ইসলাম: হ্যাঁ। অতিরিক্ত তহবিল দরকার। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তরিকতা, নিষ্ঠা ও সেবার মানসিকতা। আমাদের সীমিত সম্পদ ও সীমিত তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।তবেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।