মা ও শিশু স্বাস্থ্যসেবায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় আদর্শ ইউনিয়ন হিসেবে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার।ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আলী করিম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) ইফতেখার আহম্মদ চৌধুরী। বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ। ফেনীতে ইউনিয়ন পর্যায়ে এই পরীক্ষামূলক কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার গড় ঘনত্ব ৯৭৩ জন। আর ফেনীতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার ৬০০ জন। এখন থেকে এ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তিনি জানান, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করতে হলে গ্রামপর্যায়ে নিবিড়ভাবে কাজ করা দরকার। আর এ উন্নয়নের জন্য শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর থাকা উচিত নয়। সরকারের একক সহায়তায় উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় জনগণকেও এ কাজে সম্পৃক্ত করা দরকার।