মা ও শিশু হাসপাতালের বর্জ্যে অতিষ্ঠ মানুষ
নগরের আগ্রাবাদ জাম্বুরি মাঠ সরকারি (বহুতলা) কলোনির সামনে সিটি করপোরেশনের ময়লা ফেলার ডাস্টবিন (কনটেইনার) এবং এর চারপাশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিভিন্ন চিকিৎসা-বর্জ্য জমে মারাত্মক পরিবেশদূষণ ঘটছে। প্রতিদিন দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারী, এলাকাবাসী, বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীসহ এ এলাকায় চলাচলকারী অসংখ্য মানুষ। জাম্বুরি মাঠ সরকারি (বহুতলা) কলোনি অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। তাঁরা ডাস্টবিনটি জরুরিভাবে এলাকার বাইরে অন্য কোথাও অথবা হাসপাতালের ভেতর স্থানান্তরের দাবি জানান। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, আগ্রাবাদ বহুতলা কলোনির ফটকের সামনেই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। প্রতিদিন এ হাসপাতালের অস্ত্রোপচার, রোগীর মলমূত্রসহ বিভিন্ন রাসায়নিক বর্জ্য ফেলা হয় কলোনির সামনের রাস্তায়। হাসপাতালের কর্মীরা খেয়ালখুুশিমতো ডাস্টবিনের বাইরে বর্জ্য ফেলেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষও এসব বর্জ্য নিয়মিত অপসারণ করে না। ফলে এলাকায় মশা-মাছির বংশবিস্তার ঘটছে। আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে কলোনিতে বসবাসকারী প্রায় চার শতাধিক পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাতে দুর্গন্ধের কারণে কেউ জানালাও খোলা রাখতে পারছে না।গত সোমবার বেলা প্রায় দেড়টায় ওই এলাকায় দেখা যায়, ময়লার কনটেইনারটি উপচে পড়ছে হাসপাতালে ব্যবহূত সুঁই, স্যালাইন সেট, গজ-ব্যান্ডেজ ইত্যাদি বর্জ্যে। কনটেইনারের বাইরেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অনেক বর্জ্য। আবদুল আউয়াল নামের স্থানীয় এক বাসিন্দা প্রশ্ন তুলে বলেন, ‘যাঁরা রোগ নিরাময়ের দায়িত্বে আছেন, তাঁরাই এখন রোগ ছড়াচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?’ স্থানীয় আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা এ ব্যাপারে সবাইকে বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’জাম্বুরি মাঠ সরকারি (বহুতলা) কলোনি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ জানান, এ ব্যাপারে তাঁরা চার-পাঁচ বছর ধরে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন হাসপাতাল, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, ‘আমরা সুস্থ পরিবেশে বাঁচার স্বার্থে জরুরিভাবে কনটেইনারটি শিশু হাসপাতালের নিজস্ব ভবনে অথবা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।’ এ প্রসঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর বলেন, ‘আমি এ ব্যাপারে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও মেয়র মহোদয়ের কাছে চিঠি পাঠিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে প্রথমে আবর্জনার কনটেইনারটি তাদের মূল ফটক থেকে সরিয়ে আনি। এরপরও তারা কনটেইনারের বাইরে ময়লা ফেলছে এটা দুঃখজনক। সবচেয়ে ভালো হয় তারা নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণের ব্যবস্থা নিলে।’চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘আমি এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মো. নুরুল হক বলেন, ‘আমাদের সীমিত জায়গা। হাসপাতালের ভেতর বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। তাই করপোরেশনের নির্দিষ্ট কনটেইনারেই বর্জ্য ফেলার ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে অধিকতর ক্ষতিকর বর্জ্য হাসপাতালের ভেতরেই পুড়িয়ে ফেলি।’ কনটেইনারের বাইরে যত্রতত্র বর্জ্য ফেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে আরও যত্নশীল হব।’এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জাফর আলম বলেন, ‘আমাদের কাছে প্রতিদিন অনেক ধরনের অভিযোগ আসে। কিন্তু লোকবল কম থাকায় অভিযোগ তদন্ত করতে সময় লেগে যায়। এ বিষয়ে খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’