মা কচ্ছপ রক্ষায় এগিয়ে আসছে জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলে ডিম পাড়তে আসা সামুদ্রিক মা কচ্ছপ রক্ষায় এগিয়ে এসেছে জেলেরা। ভ্রান্তধারণা বাদ দিয়ে জেলেরা কচ্ছপকে পরিবেশ রক্ষার অগ্রদূত হিসেবে মেনে নিচ্ছেন। এ কারণে চলতি শীত মৌসুমে কচ্ছপের মৃত্যু আগের তুলনায় অনেক কমে গেছে। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। বিশেষজ্ঞরা জানান, কচ্ছপের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে জেলি ফিশ। জেলি ফিশ বাঁচে অন্যান্য মাছের পোনা খেয়ে। জেলি ফিশ খেয়ে কচ্ছপ সাগরে হাজার কোটি মাছের পোনা রক্ষা করে। আর সেই পোনা মাছ বড় হয়ে সাগরে মৎস্য ভান্ডার সমৃদ্ধ করে। সামুদ্রিক কচ্ছপ এক উপকূল থেকে অন্য উপকূলে গাছ-গাছড়ার বিস্তার ঘটায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরা উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে পুষ্টির জোগান দিয়ে উৎপাদনশীলতা বাড়ায়। জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, উপকারী এই প্রাণীটির প্রতি মানুষের নিষ্ঠুর আচরণের কারণে কচ্ছপের বিলুপ্তি ঘটছে। নানা জাল পেতে ও বড়শি দিয়ে কচ্ছপ ধরা হয়। কচ্ছপের পিঠ (খোল) ও চামড়া পাচার করা হয়। জেলেরা জালে কচ্ছপ ধরা পড়লে মেরে ফেলে। এ কারণে সাগরে কচ্ছপের বিলুপ্তি ঘটছে। ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানান, মা চিংড়ি ধরার জন্য গভীর সাগরে ৬০টির বেশি দেশি-বিদেশি জাহাজ (ট্রলিং) নির্বিচারে মাছ নিধন করছে। এ সময় ট্রলিং জালে আটকা পড়ে বেশির ভাগ মা কচ্ছপ মারা যাচ্ছে। মৎস্য বিভাগও কচ্ছপ আর জাটকা ইলিশ নিধন নিয়ে কয়েক বছর ধরে জেলেদের সচেতন করছে।প্রায় ২০ বছর ধরে সাগরে মাছ ধরছেন শহরের নুনিয়াছটার জেলে সোনা আলী (৫০)। সোনা আলী জানান, আগে গভীর সাগরে দলবেঁধে বিভিন্ন প্রজাতির কচ্ছপ বিচরণ করতে দেখা যেত। আর এখন মাঝেমধ্যে দেখা মিলে। মাছধরার জালে আটকা পড়লে জেলেরা কচ্ছপকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করত। অনেকে পরিকল্পিতভাবে কচ্ছপ ধরে মিয়ানমারে পাচার করতেন। কিন্তু জেলেরা এখন অনেক সচেতন। কচ্ছপ জালে আটকা পড়লে সঙ্গে সঙ্গে সাগরে ছেড়ে দেওয়া হচ্ছে। সূত্র জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতে ডিম পাড়তে এসে প্রতিবছর কমপক্ষে দুই হাজার সামুদ্রিক মা কচ্ছপ মারা যায়। গত বছর সোনাদিয়া থেকে লাবণী পয়েন্ট, কলাতলী, বড়ছড়া, হিমছড়ি, ইনানী, মনখালী, বাহারছড়া, টেকনাফ, শাহপরীরদ্বীপ, বদরমোকাম ও সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার সৈকতে হাজার হাজার মা কচ্ছপের মৃতদেহ ভেসে আসে। কিন্তু চলতি শীত মৌসুমের (নভেম্বর-এপ্রিল) প্রায় চার মাসে উপকূলে মৃত কচ্ছপ ভেসে আসে চার শতাধিক। এ হিসাবে কচ্ছপের মৃত্যুহার অনেক কমে এসেছে বলা যায়। গত কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র উপকূলে কচ্ছপের ডিম পাড়ার পরিবেশ তৈরি, কচ্ছপের ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্তিসহ নানা গবেষণাকর্ম চালাচ্ছে বেসরকারি সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্স। সংস্থার নির্বাহী পরিচালক ও জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, জেলেদের সচেতন করার কারণে কচ্ছপের মৃত্যুহার দ্রুত কমে আসছে। চলতি শীত মৌসুমের চার মাসে মেরিন লাইফের কর্মীরা সৈকতের বিভিন্ন স্থান থেকে ৮৭টি মরা মা কচ্ছপ উদ্ধার করেছেন। এই কর্মীরা ২০১০ সালে উদ্ধার করেছিলেন ১৮৬টি এবং ২০০৯ সালে ৩৫১টি মরা কচ্ছপ। জীববিজ্ঞানী জহিরুল ইসলাম জানান, গত তিন বছর ধরে টেকনাফ, সেন্ট মার্টিন, উখিয়া, সদর, মহেশখালী, কুতুবদিয়া উপকূলে হাজার হাজার জেলেকে কচ্ছপ নিধনের ক্ষতিকর দিক নিয়ে সচেতনমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে কচ্ছপের জীবনপ্রণালি ও পরিবেশ রক্ষার নানা তথ্য ভিডিও চিত্রের মাধ্যমে জেলেদের সামনে উপস্থাপনের পর দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা ভুলে সহানুভূতিশীল হচ্ছেন। এখন কচ্ছপ জালে আটকা পড়লে জেলেরা না মেরে সাগরে ছেড়ে দিচ্ছেন। এ কারণে মা কচ্ছপের মৃত্যুহার কমছে। আগামী বছর খুলনাসহ দেশের আরও ১৯টি উপকূলীয় জেলার জেলেদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ দ্বীপে ২০টির মতো মরা কচ্ছপ ভেসে আসে, যা গত বছরের তুলনায় অনেক কম। গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত তিন শতাধিক মরা কচ্ছপ ভেসে আসে। উখিয়ার ইনানী গ্রামের জেলে নুরুল ইসলাম (৪৫) ও কামাল হোসেন (৩৪) জানান, তাঁদের এলাকাতেও একই অবস্থা ছিল। তবে হঠাৎ করে কচ্ছপের মৃত্যুহার কমে গেছে। এ এলাকায় গত ফেব্রুয়ারির শেষের দিকে বড় বড় ১০-১৫টি মরা কচ্ছপ ভেসে এসেছিল। এসব কচ্ছপের শরীরে আঘাতের চিহ্ন এবং পেটে ডিম ছিল। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, জেলার প্রায় সাত হাজার ট্রলার সাগর উপকূলে মাছ ধরছে। আগে জালে কচ্ছপ আটকা পড়লে লাঠি দিয়ে পিটিয়ে মেরে সাগরে ফেলা হতো। এখন জীবন্ত কচ্ছপকে উদ্ধার করে সাগরে ছেড়ে দিচ্ছে। এ ব্যাপারে জেলেদের আরও সচেতন করা হচ্ছে। মৎস্য বিশেষজ্ঞরা জানান, অস্ট্রেলিয়ান ফ্ল্যান্ট ব্যাগ ছাড়া অন্য সব প্রজাতির কচ্ছপের অবস্থা সংকটাপন্ন হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অব নেচারের (আইইউসিএন) রেড ডাটা বুকে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে (সংশোধিত ২০০৫) সামুদ্রিক কচ্ছপের সব প্রজাতিকে সংরক্ষণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তারপরও কচ্ছপের মৃত্যু রোধ করা যাচ্ছিল না। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘কচ্ছপ রক্ষার অর্থই হচ্ছে পরিবেশ রক্ষা করা। কচ্ছপ রক্ষার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে সমুদ্রের পরিবেশ রক্ষা করতে পারি। পর্যাপ্ত কচ্ছপের উপস্থিতি নির্মল সামুদ্রিক পরিবেশ এবং কচ্ছপের বিলুপ্তি পরিবেশের বিপজ্জনক অবস্থা প্রকাশ করে। এ জন্য বিজ্ঞানীরা সামুদ্রিক কচ্ছপকে সামুদ্রিক পরিবেশের কি-স্টোন বা অবিচ্ছেদ্য অংশ বলেন।’