মা গো তুমি কই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখা লিখতে গিয়ে আমার একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। তখন আমি শিশুদের জন্য তৈরি ‘সিসিমপুর’ নামের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের গবেষণা-প্রধান হিসেবে কাজ করছিলাম। লালমিঞা বলে একটি চরিত্র তখন শিশুদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। দুর্ভাগ্যবশত লালমিঞা হঠাৎ দুদিনের জ্বরে মারা যান। তখন অনুষ্ঠানের লেখক এবং উপদেষ্টারা নিউইয়র্কের সেসামি ওয়ার্কশপকে জানালেন এই মৃত্যুর খবর গল্পের মাধ্যমেই শিশুদের জানানো প্রয়োজন, কারণ তা না হলে শিশুরা ভাবতে বসবে লালমিঞাকে কেন আর দেখা যাচ্ছে না এবং তাদের মনও খারাপ হবে। কিন্তু নিউইয়র্ক থেকে বলা হলো, শুধু মৃত্যুর খবরটিই দেওয়া হবে। কিন্তু এ নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু আমি তখন অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়ে বলেছিলাম, শিশুদের অবশ্যই জানার অধিকার রয়েছে। তিনি কীভাবে মারা গেলেন। তাঁরা যুক্তি দেখিয়েছিলেন, তাহলে সব শিশুই মনে করবে অসুস্থ হলেই মানুষ মারা যায়। তবে আমি বলেছিলাম শিশুদের তো তাহলে আমরা এ কথাও জানাতে পারি অসুস্থ হলেই সবাই মারা যান না, তবে কখনো এটি ঘটতে পারে। শেষ পর্যন্ত আমার যুক্তি তারা গ্রহণ করেনি এবং শুধু একটি বাক্যই গল্পে ছিল। পরবর্তী সময়ে এই পর্বটি নিয়ে গবেষণা করার পর আমরা জেনেছিলাম শিশুরা খবরটি পাওয়ার পর অত্যন্ত কষ্ট পেয়েছে এবং মায়ের কাছে জানতে চেয়েছে লালমিঞার কী হয়েছিল। মায়েদের কাছে এই প্রশ্নের উত্তর ছিল না বলে তাঁরা তাৎক্ষণিকভাবে যা মনে এসেছে তা-ই বলে দিয়েছেন। কিন্তু তাতে শিশুদের ঔৎসুক্য কতটা নিবারণ হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আমরা অর্থাৎ বড়রা শিশুদের সঙ্গে মৃত্যু নিয়ে কথা বলতে সংকোচ বোধ করি। অথচ মৃত্যু তো আমাদের জীবনের একটি বাস্তবতা এবং সবাইকেই এর সঙ্গে জড়িয়ে থাকা কষ্টকে মোকাবিলা করতে হয়। পরিবারের খুব কাছের মানুষের, বিশেষ করে বাবা-মায়ের মৃত্যু হলে শিশুরা কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে অনেক প্রশ্নও ভিড় করে, কারণ তাদের মৃত্যু সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না। তাই আমরা এ ধরনের ঘটনা ঘটে যাওয়ার আগে বা ঠিক পরপরই শিশুদের সঙ্গে এই নিয়ে কথা বলতে পারি। আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব ওরা এ সম্পর্কে কী জানে এবং মৃত্যু নিয়ে কোনো ভুল ধারণা তাদের রয়েছে কি না। যদি মৃত্যু সম্পর্কে কোনো ভয় বা দুশ্চিন্তা থাকে তাহলে ওদের বয়স ও অভিজ্ঞতা অনুযায়ী সেটি দূর করার জন্য মৃত্যুকে একটি বাস্তব ঘটনা হিসেবে ওদের কাছে ব্যাখ্যা করব। শিশুর মনে ভয় মেশানো যেসব তথ্য রয়েছে সেগুলো তার কাছ থেকে জেনে ওকে সাহস দিতে হবে। আমরা কী বলব, কীভাবে বলব তা অবশ্যই নির্ভর করবে শিশুর বয়স ও অভিজ্ঞতার ওপর। তবে কোনো অবস্থাতেই তাকে ভুল তথ্য দেওয়া যাবে না। শিশুকে আমরা অনেক সময় বলি, বাবা আকাশের তারা হয়ে গেছেন অথবা অনেক দূরের কোনো দেশে আছেন। বাবা যে আর ফিরে আসবেন না তা শিশুকে বলা হয় না। এতে করে হয় শিশুটি বাবার জন্য অপেক্ষা করতে পারে বা এটিও ভাবতে পারে যে হয়তো সে কোনো দোষ করেছে, তাই বাবা অনেক দূরে কোথাও চলে গেছেন। ওকে এসে কোলে নিয়ে এখন আর আদর করছেন না। এ ছাড়া বাবার ওপর ওর খুব রাগও হতে পারে, তাকে ছেড়ে হঠাৎ এভাবে চলে যাওয়ার জন্য। যখন সে ১০-১১ বছর বয়সে বুঝতে পারে বাবা আর কোনো দিনও আসবেন না, তখন দ্বিতীয়বার আবার সে ট্রমার ভেতর দিয়ে যায়। শিশুদের আমরা মৃত্যু সম্পর্কে কী ধারণা দিচ্ছি তার সঙ্গে আমাদের নিজেদের আবেগ, অভিজ্ঞতা ও বিশ্বাসও জড়িয়ে থাকে। আমরা চিন্তা করি না শিশুরা পোকামাকড়, পাখি ও বিভিন্ন প্রাণীকে মারা যেতে দেখে। টেলিভিশন ও ভিডিও গেমে তারা মৃত্যু দেখে। রূপকথার গল্পে বা ওদের নিজেদের বানানো গল্পেও মৃত্যুর প্রসঙ্গ আসে। অনেক সময় বাবার মৃত্যুর পর মা এবং পরিবারের অন্যরা যেহেতু মানসিক বিপর্যয়ের মধ্যে থাকেন, তাঁরা বিষয়টি উত্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁরা কিছু বলছেন না। শিশুরা খুব সহজেই বাড়ির মানুষের চোখ-মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারে ওদের কাছ থেকে কিছু গোপন করা হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে অজানার ভয় বাস্তবতাকে মোকাবিলা করার চেয়ে অনেক বেশি পীড়াদায়ক। বাবা বা মায়ের মৃত্যুর পর পরিবারের সদস্যদের আরও কিছু করণীয় বিষয়: যদি শিশুটি তার রাগ-দুঃখ মৌখিকভাবে বা অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করে তাহলে সেটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সঙ্গে বিষয়টি নিয়ে ধৈর্য ধরে কথা বলতে হবে। তা না হলে আবেগগুলো সে মনের ভেতরে চেপে রাখবে এবং বয়ঃসন্ধিকালে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই অনুভূতিগুলো আবার ফিরে আসতে পারে। যদিও তার অনুভূতিগুলো আমাদের থেকে আলাদাও হয় তার পরও সেটিকে শ্রদ্ধা দেখাতে হবে, কোনো সমালোচনা করা যাবে না।  মনে রাখতে হবে যে শিশুটি কষ্ট প্রকাশ করার জন্য কাউকে কাছে চাইছে। যদি কিছু না বলেও ওর কাঁধে বা মাথায় হাত রাখা হয় বা পরিবারের কাউকে জড়িয়ে ধরে ও কিছুক্ষণ কাঁদে তাহলে এই নেতিবাচক অনুভূতিগুলো থেকে বেরিয়ে আসা ওর জন্য সহজ হবে। কোনোভাবেই অনুভূতিগুলো চেপে রাখতে বলা যাবে না। কান্নাকাটি করা, রাগ প্রকাশ করা, যিনি মারা গেছেন তাঁর কথা বলতে থাকা—এগুলো থেকে ওকে বিরত করা ঠিক হবে না।  শিশুর বয়স অনুযায়ী বাস্তবতাগুলো সহজভাবে ওর কাছে তুলে ধরলে অপকারের চেয়ে উপকারই বেশি হবে।  লেখক: অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।