মা চিংড়ি ও পোনা আমদানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) বিদেশ থেকে মা ও বাগদা চিংড়ি পোনা আমদানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। অন্যথায় হাজার কোটি টাকা বিনিয়োগে স্থাপিত চিংড়ি পোনা উৎপাদনের ৬৫টি হ্যাচারি বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা।
১ ডিসেম্বর দুপুরে শহরের কলাতলী সেব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানিয়েছেন সেব-এর উপদেষ্টা ইউনুস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সেব সভাপতি মশিউর রহমান, মহাসচিব সাইফুল ইসলাম, সদস্য রইচ উদ্দিন, মাহবুবুর রহমান, মা চিংড়ি সরবরাহকারী সমিতির সভাপতি এনামুল হক, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিন প্রমুখ।
মশিউর রহমান বলেন, কক্সবাজারের ৪৫টিসহ দেশের ৬৫টি হ্যাচারিতে উৎপাদিত প্রায় ৯০০ কোটি পোনা দিয়ে সারা দেশে চিংড়ি চাষ হচ্ছে এবং এই চিংড়ি রপ্তানি করে দুই হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। অথচ এই চিংড়ি খাতটিকে ধ্বংস করার জন্য একটি মহল ভারত, আমেরিকা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে মা চিংড়ি ও পোনা আমদানির জন্য সরকারি অনুমতি নিয়েছে। এতে ৬৫টি হ্যাচারি বন্ধের পাশাপাশি চিংড়ি শিল্পের সঙ্গে জড়িত দেড় কোটি মানুষ বেকায়দায় পড়বে।
মহাসচিব সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করা না হলে সব হ্যাচারির উৎপাদন বন্ধ রাখা হবে। তখন সারা দেশে চিংড়ি চাষে ধস নামবে।
ইউনুস চৌধুরী বলেন, একসময় ভারতসহ বিভিন্ন দেশ থেকে পোনা আমদানি চালু ছিল। তখন খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ঘেরগুলোতে ভাইরাস আক্রান্ত হয়ে চিংড়ি মারা যেত। চাষিরাও বিদেশি পোনার ওপর নির্ভরশীলতা হারায়। আমরা গভীর সাগর থেকে ধরে আনা মা চিংড়ি হ্যাচারিতে সংরক্ষণ করে ভাইরাসমুক্ত পোনা উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছি।
মা চিংড়ি সরবরাহকারী সমিতির সভাপতি এনামুল হক বলেন, বর্তমানে সাগরে মা চিংড়ি ধরছে ৪০টির বেশি জাহাজ। প্রতি মৌসুমে হ্যাচারিতে দরকার হয় ৮০ হাজারের বেশি মা চিংড়ি। কিন্তু জাহাজগুলো আরও বেশি মা চিংড়িসহ অন্যান্য প্রজাতির মাছ আহরণ করে বিদেশে বিক্রি করছে। এখন বিদেশ থেকে উল্টো মা চিংড়ি আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের চাষিরা।