মা ডাকই মধুর

পেশাগত দায়িত্ব পালন করতে শিশুসন্তানকে নিজের মায়ের কাছে রেখেছিলেন মা বুলবুল নাহার। নানির কাছে থাকার কারণে তাঁর সন্তান নানিকেই মা বলে ডাকে। আর নিজের মাকে ডাকে আম্মু। ছেলে বড় হয়েছে। এখনো সে নিজের মাকে আম্মু ডাকে। এই ডাক শুনে মায়ের মন ভরে না। তিনি চান ছেলে তাঁকে মা বলে ডাকুক। তাহলে তাঁর প্রাণটা জুড়ায়। নিজের এই অতৃপ্তির কথা মা দিবসের অনুষ্ঠানে বলেই ফেললেন মা বুলবুল নাহার। ছেলে নাহিদ বন্ধুসভার সদস্য। তিনিও সেখানে উপস্থিত ছিলেন।
রাজশাহী সাধারণ গ্রন্থাগারে ৮ মে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজশাহী বন্ধুসভা। মায়ের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুসভার পক্ষ থেকে প্রস্তাব করা হলো ভরা সভায় মাকে মা বলে ডাকতে হবে। নাহিদ মায়ের আকুতি বুঝতে পারেন। মা বলে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। মা-ছেলের এই মহামিলন দেখে সবার চোখে পানি চলে আসে।
এই অনুষ্ঠানে যাঁরা বক্তব্য দেন তাঁদের মায়েরা মঞ্চে বসেছিলেন। তাঁরা সন্তানের মুখে নিজের কথা শুনতে শুনতে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেক মা মঞ্চেই কেঁদে ফেলেন। অনুষ্ঠানে অতিথি মা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতানা মোস্তাফা খানম।
বন্ধুসভার সদস্যদের মধ্যে যাঁদের মা বেঁচে আছেন, তাঁদের অনুষ্ঠানে আনা হয়েছিল। যাঁরা অসুস্থ তারা আসতে পারেননি। সব মা ছিলেন মঞ্চে। সন্তানেরা মায়েদের সামনেই মায়ের কথা বললেন। মা পরে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আর মায়েদের খাওয়ানোর জন্য রাজশাহীর পবা উপজেলার পারিলার এক দিঘি থেকে বড় মাছ ধরে আনা হয়। সন্তানেরা মাকে নিজের হাতে তুলে খাওয়ান। মায়েরাও বন্ধুসভার বন্ধুদের মুখে নিজের থালা থেকে খাবার তুলে দেন। তখন অনুষ্ঠানটি এক মহামিলনমেলায় পরিণত হয়।
মনিরা রহমান মিঠির মা মনোয়ারা বেগমের বয়স এখন ৭৫ বছর। এই বয়সে তিনি মন্ত্রমুগ্ধের মতো সাড়ে তিন ঘণ্টা বসে থাকলেন। মনিরা রহমানের বোন মারুফা পারভীন মায়ের সামনে কথা বলতে গিয়ে এমন আবেগাপ্লুত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি তাঁর কথা শেষ করতে পারলেন না।
অনুষ্ঠানে অন্য মায়েদের মধ্যে কথা বলেন, মা আইরিন রসুল ও আলিয়া রুপি, শামীমা আকতার, রাশেদা খাতুন, মেহেরুন নেসা, মমতাজ বেগম, আম্বিয়া খাতুন, সখিনা বেগম, নাজমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে রান্নার আয়োজনে ছিলেন রেজিনা ফারুক ও দুলারী খাতুন। বন্ধুদের মধ্যে বক্তব্য দেন বন্ধু ফারুক হোসেন, প্রত্যয় হামিদ, জাহিদুল ইসলাম, নাসরিন বেগম, আমিনা আনসারী, মাসুদ, রানা, নুসরাত জাহান, তথাপি আজাদ, শাহানারা জেসমিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মায়েদের ফুল দিয়ে বরণ করা হয়। যাওয়ার সময় হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। সবশেষে ‘মা, তুমি আমার আগে যেয়ো না গো মরে’ গানের সঙ্গে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।