মা তাঁর কাঁদেন...
পূরবী মুৎসুদ্দির এখনো কথা হয় মেয়ের সঙ্গে। এখনো মেয়ের সম্মাননাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। ধুলো জমতে দেন না কোনোভাবেই। এখনো তিনি ভাবেন তাঁর আদরের প্রিয়াসী বেঁচে আছে। বেঁচে আছে স্মৃতিতে। বেঁচে আছে মনে ও মগজে। ভাবতে ভাবতে চোখ সিক্ত হয়ে ওঠে তাঁর। ‘আমার মেয়ের কথা হয়তো অনেকে ভুলে গেছে। কিন্তু আমি মা হিসেবে কীভাবে ভুলি! সে এখনো আমার কাছে আগের মতোই আছে। আছে মনে ও মগজে। তার সারি সারি ক্রেস্ট সম্মাননা এখনো সাজানো রয়েছে। আপনারা একবার পত্রিকায় স্মরণ করেন। যাতে ভুলে যাওয়া মানুষগুলোর মনে পড়ে প্রিয়াসীদের কথা।’ স্মৃতিচারণা করে বললেন পূরবী মুৎসুদ্দি।২০০৯ সালের কথা। ১২ ফেব্রুয়ারি বান্দরবানে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত হয়েছিলেন প্রিয়াসীসহ নয়জন শিক্ষার্থী ও অভিভাবক। আহত হন আরও অন্তত ২০ জন। শহরে দীর্ঘ শোকমিছিল হয়েছিল সেদিন। শিক্ষার্থীদের মৃত্যুতে কেঁদেছে সাধারণ মানুষও। কিন্তু তিন বছরের মাথায় কে আর তাঁদের মনে রাখে—একমাত্র মা-বাবা ছাড়া? প্রিয়াসীর ঘনিষ্ঠ বান্ধবী শান্তা চক্রবর্তী। তাঁর মা লাকি চক্রবর্তীও এখনো কাঁদেন। শান্তা মারা যাওয়ার এক বছর পর মেজ মেয়ে প্রিয়াংকা চক্রবর্তীও চলে গেছেন। স্বামীর ঘরে গেছেন। সেদিনও খুব কেঁদেছিলেন মা ও প্রিয়াংকা। সেই কান্না যত না বধূ বিদায়ের, তার চেয়েও বেশি এক বছর আগের শোকের স্মৃতিতে। প্রিয়াসী ও শান্তা বসেছিলেন বাসের পেছনের একই আসনে পাশাপাশি। মৃত্যুতেও তাঁরা সঙ্গী হয়েছেন। প্রিয়াসীর মরদেহটি বাসের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল ঘটনার দুই দিন পর। একই পথের সঙ্গী হয়েছিলেন পাঁপড়ি, কফিলরা। প্রিয়াসী মুৎসুদ্দি রবীন্দ্রসংগীত গাইতেন। রক্তকরবীর সদস্য তিনি। পিকনিকের দুই দিন পর ডিসি হিলের বসন্ত উৎসবে তাঁর গান করার কথা ছিল। আর কথা ছিল মার্চে বিয়ের পিঁড়িতে বসার। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু ম্লান করে দিয়েছিল সেদিন। এখনো বসন্ত উৎসব এলে নীরবে চোখের জল ফেলেন পূরবী মুৎসুদ্দিরা। তাঁদের আক্ষেপ, ‘এতগুলো প্রাণ গিয়েছিল। অথচ কলেজ কিংবা অন্য কেউ আমাদের মেয়েদের কথা মনে রাখল না।’ এখনো প্রতিদিন সড়ক দুর্ঘটনায় হারিয়ে যাচ্ছে প্রিয়াসী, শান্তার মতো কত প্রাণ। এই তো সেদিন কুসুমকুমারী স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রূপা চৌধুরী বাসের চাপায় পিষ্ঠ হলো। নিরাপদ সড়কের দাবিতে আওয়াজ উঠছে। কিন্তু যখনই মন্ত্রী কিংবা সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির ‘দুর্ঘটনা দুর্ঘটনাই, প্রতিবাদের কী আছে’—এমন মন্তব্য শোনা যায়, তখন বুক ভেসে যায় পূরবী মুৎসুদ্দিদের। প্রিয়াসী, শান্তা, কফিল কিংবা রূপাদের আত্মাও কি কষ্ট পায় না!