মা, তুমি ঘুমাওনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের জন্য মায়ের স্নেহ এমনই। ছবি: খালেদ সরকার
সন্তানের জন্য মায়ের স্নেহ এমনই। ছবি: খালেদ সরকার

চৈত্রের মাঝামাঝি। অসহ্য গরম। আমি ক্লাস টেনে পড়ি তখন। স্কুল শেষ করে আমি ‘আমার উড়োজাহাজ’ (বাইসাইকেল) নিয়ে বাড়ি ফিরি। ঘেমে প্রায় গোসল করার মতো অবস্থা। মা হাতে হাতপাখা নিয়ে অপেক্ষা করে দেউড়িতে। বিদ্যুৎ থাকুক না থাকুক, মায়ের হাতে হাতপাখা থাকবেই। তখন মায়ের প্রধানতম কাজ হচ্ছে ঝড়ের গতিতে বাতাস করে আমার শরীর ঠান্ডা করা।
‘মা, তাড়াতাড়ি খেতে দাও। অনেক খিদে পেয়েছে।’
মায়ের মুখ শুকিয়ে আসে। গলার স্বর নিষ্প্রভ। মা আস্তে আস্তে বলে, ‘যা গরম পড়েছে! পানি দিয়ে ফেলেছি। পান্তা ভাত আর আনাজ কলা ভর্তা।
আমি জানি, আমাদের সামর্থ্য এতটুকুই। আমি মহা উল্লাসে বলি, ‘একটা কাঁচা মরিচ নিয়ে এসো তো, মা। আমার পান্তা আর কাঁচা মরিচ যা পছন্দ! মায়ের চোখের কোণে জল চিকচিক করা হাসি।
বিদ্যুৎ নেই। রাতে হারিকেনের নিবু নিবু আলোয় পড়তে বসেছি। মা আমার পাশে বসে বাতাস করছে। কখন ঘুমিয়ে পড়েছি, টেরও পাইনি। সকালের আলো না ফুটতেই আমার ঘুম ভেঙে গেল। শীতল বাতাসে আমার পুরো গা ঠান্ডা হয়ে এসেছে। কোথা থেকে এল এমন বাতাস! আমি চোখ খুলতেই দেখি, মা হাতপাখা নিয়ে আমার শিয়রে বসে বাতাস করছে। আমি হকচকিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি ঘুমাওনি? মা বলল, না রে খোকা। আজ সারা রাত বিদ্যুৎ ছিল না। তুই তো গরমে ঘুমুতে পারিস না। আমার চোখ ছলছল করছে। মাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু কোনোটাই পারছি না।
কত বছর হয়ে গেল তোমার থেকে দূরে থাকি। জানো মা, ঢাকায় এবারও না প্রচণ্ড গরম। তোমার হাতপাখার বাতাস ভীষণ মিস করছি। তোমাকে অনেক অনেক ভালোবাসি, মা।
ঢাকা বিশ্ববিদ্যালয়।