মা, তোমাকে বলতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

তখন সবে দ্বি্তীয় শ্রেণিতে পড়ি। এক বৃষ্টিমুখর দিনে সবাইকে কাঁদিয়ে তুমি চলে গেলে না-ফেরার দেশে। আজ ১৪ বছর হতে চলল তুমি নেই। আজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কিন্তু তোমার স্মৃতিগুলো অনেক মনে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে কেন জানি তোমার স্মৃতিগুলো ম্লান হয়ে যাচ্ছে। জানো মা, একটি স্মৃতি আমি হয়তো কোনো দিন ভুলব না। একদিন খেলতে গিয়ে আমার ডান হাতের ওপরের অংশ অনেকটা কেটে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে তোমার কাছে এসেছিলাম। প্রথমে তুমি আমাকে বেত নিয়ে দৌড়ানো শুরু করলে, কিন্তু যখন আমার হাতে রক্ত দেখতে পেলে, পরম মমতায় আমাকে আগলে নিলে।
জানো মা, আমার হাতে সেই কাটা দাগটা এখনো আছে। যখনই এই কাটা দাগটা চোখে পড়ে, তখন তোমার কথা অনেক মনে পড়ে। বন্ধুরা যখন বাড়ি থেকে মায়ের হাতের পিঠা আনে, তখন তোমার কথা অনেক মনে পড়ে। ইচ্ছে করে বাড়ি থেকে তোমার বানানো পিঠা আনতে। বন্ধুরা যখন একটু খারাপ লাগলে মায়ের সঙ্গে ফোনে কথা বলে, আমারও ইচ্ছে করে তোমার সঙ্গে কথা বলতে। জানো মা, অনেক সময় ভাবি, তোমাকে যদি আবার জীবিত পাওয়া যেত, তাহলে বুক ফাটিয়ে তোমাকে মা বলে ডাকতাম, আর তোমাকে জড়িয়ে ধরে বলতাম, মা, তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তা যে আর কোনো দিন সম্ভব নয়।
হোসাইন কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.
খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’