মা বললেন ‘চাকরিটা ছেড়ে দে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কত সাজিয়া এভাবে অকালে ঝরে যাবেন? চিকিৎসক সাজিয়া আফরিনের মৃত্যুর খবরটা শুনে একটু বেশিই খারাপ লাগছে। যদিও এসব খবর এখন যেন নিত্তনৈমিত্তিক ব্যাপার। পেশাগত কারণটা এখানে জড়িত বলে খারাপ লাগাটা হয়তো বেশি। আমিও একটা ব্র্যাক হেলথ সেন্টারের চিকিৎসক। ঘটনাটা শুনে চুপ করে ছিলাম খানিকক্ষণ। তারপর মনের অজান্তেই একটা দীর্ঘশ্বাস। কী বলার আছে এমন মর্মান্তিক ঘটনায়! কর্মক্ষেত্রেও নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই। খবরটা শোনার পর মা আমাকে বলেন, ‘তুই চাকরিটা ছেড়ে দে!’ আমি বললাম, তাহলে তোমাকেও তো চাকরি ছাড়তে হবে! আর তোমার কি ধারণা, মেয়েরা পড়াশোনা আর চাকরি না করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? পত্রিকায় আর কোনো ধর্ষণের খবর খুঁজে পাওয়া যাবে না? মাথাব্যথার জন্য মাথাটা কেটে ফেলাই কি এর সমাধান? তার চেয়ে এসব বিকৃত মানসিকতার অমানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো পদক্ষেপ কি নেওয়া যায় না? ভেবেছিলাম কিছুই লিখব না। কী লাভ এসব লিখে! তারপর আবার মনে হলো, আমাদের দেশে তো কোটি কোটি মানুষ রয়েছে। সেখান থেকে ১০ কোটি না হোক, পাঁচ কোটি না হোক, অন্তত এক হাজার মানুষ যদি মেয়েদের মেয়ে মানুষ না ভেবে মানুষ ভাবে, তাহলে আমার এই লেখাটা কিছুটা হলেও সার্থক হবে। অন্তত এই এক হাজার কিংবা ১০০ মানুষের কাছে তো আমরা নিরাপদ। আমরা এখন সবাই ব্যস্ত, একটু বাড়াবাড়ি রকমের আত্মকেন্দ্রিক। অন্যের সমস্যাটা যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যায় রূপান্তরিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা চুপ করে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই সাজিয়ার মৃত্যুর ঘটনাটা বড়জোর ছয় মাস কিংবা এক বছর আমাদের মনে থাকবে। তারপর বিস্মৃতির অতলে তলিয়ে যাবে! অনেক ঘটনার আড়ালে এ ঘটনাটাও ঢাকা পড়ে যাবে। কারণ, এ রকম আরও অনেক ঘটনা ঘটবে। একজন ফয়সালের যদি শাস্তি না হয়, আরও অনেক ফয়সাল মাথা চাড়া দেবে। তারা বীরদর্পে ঘুরে বেড়াবে। কিন্তু সাজিয়াদের পরিবার কি নিয়ে বেঁচে থাকবে, বলতে পারেন?শামীমা রিমা ব্র্যাক হেলথ সেন্টার, ময়মনসিংহ।