মা-বাবারা কী করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে বা মেয়েটি যখন বড় হচ্ছে, তখন মা-বাবার মনে নানা শঙ্কার সঙ্গে যুক্ত হয় ‘সে নেশা করছে কি না’ এই প্রশ্ন। নেশা থেকে সন্তানকে দূরে রাখতে চাইলে মা-বাবার আচরণ হতে হবে সন্তানের প্রতি ‘পারস্পরিক নির্ভরযোগ্যতা’। নেশায় আসক্ত হওয়ার আগেই তাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সে নেশার জগৎকে ‘না’ বলতে পারে। এ জন্য যা যা করতে পারেন, তা হলো: সন্তানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। তাকে ভালোবাসছেন অথচ তা প্রকাশ করছেন না, এমনটা যেন না হয়। সে কিছু বলতে চাইলে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার কথা শুনুন। তাকে তাচ্ছিল্য করবেন না। ‘গুণগত সময়’ দিন। তার সঙ্গে তার বা আপনার পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলুন। সফলতার পাশাপাশি জীবনে ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো করে তাকে তৈরি করুন। তার কোনো ব্যর্থতাকে সমালোচনা-বিদ্রূপ করবেন না। তার সামনে কোনো অপরাধ করা বা অপরাধের পক্ষ নেওয়া থেকে বিরত থাকুন। সন্তান যখন একটু বুঝতে শিখবে, তখন নেশার বিষয়াদি নিয়ে তার সঙ্গে কথা বলুন এবং নেশার পরিণতিগুলো তাকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অবহিত করুন। তার ওপর অযথা চাপ তৈরি করবেন না, ‘তোমাকে এটা পারতেই হবে’—এ-জাতীয় বাক্য ব্যবহার থেকে বিরত থাকুন। অন্যের সঙ্গে তার তুলনা করবেন না, তাকে অহেতুক সন্দেহ করবেন না। গোপন নজরদারি, বিশেষ করে বাড়ির কাজের লোক, নিরাপত্তাকর্মী ও গাড়িচালককে দিয়ে তার ওপর নজরদারি কখনোই করাবেন না। তার ভালো কাজের প্রশংসা করুন আর অনাকাঙ্ক্ষিত কাজ করলে একটা পর্যায় পর্যন্ত সেটাকে অধিক গুরুত্ব দেবেন না। প্রযুক্তিনির্ভর এই যুগে তার কাছে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করুন। ইতিবাচকভাবে প্রযুক্তির ব্যবহার করতে তাকে উৎসাহ দিন। তার বন্ধুদের গুরুত্ব দিন। ভালো বন্ধুদের সঙ্গে মিশতে উৎসাহী করুন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে বা তাদের কারও বাসায় রাত কাটাতে চাইলে আপনি কুশলী হোন। দেখুন, ও কাদের সঙ্গে কোথায় যাচ্ছে, কার বাসায় রাত কাটাচ্ছে—প্রয়োজনে বন্ধুদের মা-বাবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। বয়ঃসন্ধিকাল পেরোতে থাকলে তাকে যৌনতার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুন।