মা-বাবারাও আনন্দে মেতেছিলেন
‘মা, আমি একটু আসছি’ বলে যে মেয়ে কোথায় গেল আর খোঁজ নেই। আবার অনেকে সন্তানকে চোখে চোখে রেখেও হারিয়ে ফেলেছেন। এ নিয়ে তাঁদের কোনো দুশ্চিন্তা নেই। তাঁরা জানেন ভয়ের কিছু নেই এখানে। আজ সন্তানদের আনন্দ করার দিন। তাই তাঁরাও চিন্তা ভুলে মেতেছিলেন হাসি আড্ডায়। ঘুরে ঘুরে দেখছিলেন ফয়’স লেকের আনন্দযজ্ঞ।গাছের ছায়ায় একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন হাসিনা রশিদ, দিলারা বেগম ও সানোয়ারা বেগম। প্রথম আলোর সঙ্গে সংশ্লিষ্ট জেনে খুলে ধরলেন অভিযোগের ঝাঁপি—‘এখানে অভিভাবকদের ঢোকার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি কেন’, ‘অভিভাবকদের বসার কোনো আলাদা জায়গা নেই কেন’ ইত্যাদি। পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুসভার সদস্যের মুখেও উত্তর প্রস্তুত, ‘আন্টি, আপনি তো আর জিপিএ-৫ পাননি, পেয়েছে আপনার মেয়ে তাই ওর জন্য ব্যবস্থা আছে, আপনার জন্য নেই।’ অভিযোগ থাকলেও অভিযোগের কোনো তেজ ছিল না। আয়োজনের বিশালত্ব দেখে মুগ্ধ সবাই। অনেকে আবার পুরো পরিবার নিয়ে এসেছিলেন ছোটখাটো পিকনিক করতে। এরকম একটি পরিবার হলো জিপিএ-৫ পাওয়া অনুশ্রী বড়ুয়ার পরিবার। তাঁর বাবা প্রবাল বড়ুয়া বলেন, ‘এত বড় একটি অনুষ্ঠান হচ্ছে তাই মেয়েকে উৎসাহ দিতে এসেছি। তা ছাড়া আজ ছুটির দিন পরিবারের সবাই মিলে অনেক দিন কোথাও যাওয়া হয় না। তাই বেড়াতে এসেছি।’ আজকের এ আয়োজনে এসে কেমন লাগছে—এ প্রশ্নের জবাবে কোহিনূর বেগম বলেন, ‘ছেলেমেয়েরা মজা করছে দেখে খুব ভালো লাগছে। রাইডে চড়ার ইচ্ছা ছিল কিন্তু প্রতিটি রাইডের সামনে ভিড় দেখে আর কাছে যাইনি।’ খালেদা আজম বলেন, ‘আমরা অনেকবার এমনিতে এখানে বেড়াতে এসেছি কিন্তু আজ অন্য রকম লাগছে। ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ততা দেখে ভালো লাগছে। আরও ভালো লেগেছে বন্ধুসভার সদস্যদের আন্তরিক সহযোগিতা। অনুষ্ঠানে নিরাপত্তাব্যবস্থাও ভালো ছিল। প্রথম আলোকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’