
১. আপনারা দুজনই সংগীতশিল্পী। এখন বিজয়ের মাস। দেশের গানের মধ্যে কোনটি খুব ভালো লাগে?
রোকাইয়া হাসিন: আমি তো রবীন্দ্রসংগীত গাই। খুব ভালো লাগে ‘সার্থক জনম আমার’ গানটি। সেই ছোটবেলা থেকে প্রতিবছর ১৪ ডিসেম্বর গানটি গাই। অন্য সময়ও গাই।
অমিয়া: আম্মু একটা গান গায়, ‘সার্থক জনম আমার’। আম্মুর কণ্ঠে গানটি দারুণ লাগে। আম্মু আমাকে একটা গান শিখিয়েছেন, ‘ধন্য জীবন ধন্য তোমার’। সুর করেছেন শহীদ আলতাফ মাহমুদ। গানটি গাওয়ার সময় মনের মধ্যে অন্য রকম এক অনুভূতি কাজ করে।
২. শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য হিসেবে গর্ববোধ করি...
রোকাইয়া হাসিন: বাবার জন্য গর্ববোধ করি। শহীদ এস এম রশিদুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাবাকে ধরে নিয়ে যায়। একটা দেশের জন্মের জন্য আমার বাবা জীবন দিয়েছেন।
অমিয়া: নানা ভাইয়ের জন্য খুব গর্ব হয়। সবাই তো নানা ভাইয়ের কথা জানেন, কিন্তু আমার নানুর কথা অনেকেই জানেন না। তিনি রোকাইয়া রশিদ। নানা ভাইয়ের মৃত্যুর পর সেই ১৯৭১ সাল থেকে তিনি জীবনসংগ্রাম করেছেন। এখন আমি আর নানু একই রুমে থাকি। নানুর জন্যও গর্ব হয়।
৩. মেয়ের ওপর মায়ের আবার মায়ের ওপর মেয়ের কখন রাগ হয়?
রোকাইয়া হাসিন: অমিয়া গান করে, ছবি আঁকে, পড়াশোনা করে। অনেক চাপ। যখন দেখি পড়াশোনাটা ও ঠিকমতো করছে না, তখন খুব রাগ হয়।
অমিয়া: আম্মুর ওপর কখনো রাগ হয় না, তবে বিরক্ত হই, যখন অন্য কিছু করি, তখনই বলে, ‘পড়াশোনা করো।’
৪. মেয়ে কিংবা মায়ের কোন দিকটি বদলালে ভালো লাগবে?
রোকাইয়া হাসিন: অমিয়া খুব বন্ধুপ্রিয়। বন্ধুদের জন্য নিবেদিত প্রাণ। বন্ধুপ্রিয়তা কমালে ভালো করবে। আর একটু ধীরস্থির হতে হবে।
অমিয়া: আম্মু উচ্চ স্বরে কথা বলে। তাতে আম্মুর কণ্ঠের ক্ষতি হয়। আম্মুর এই দিকটি বদলানো দরকার।
৫. প্রিয় বই?
রোকাইয়া হাসিন: রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান। আর গল্প-উপন্যাসের চেয়ে জীবনী পড়তে বেশি ভালো লাগে।
অমিয়া: যুক্তরাষ্ট্রের লেখক খালেদ হোসাইনির দ্য কাইট রানার।
৬. প্রিয় চলচ্চিত্র?
রোকাইয়া হাসিন: সত্যজিৎ রায়ের পথের পাঁচালি।
অমিয়া: ক্রিস্টোফার নোল্যানের দ্য প্রেস্টিজ। ছবিটিতে ক্রিশ্চিয়ান বেল, হিউ জ্যাকম্যান আর স্কারলেট জোহানসন দারুণ অভিনয় করেছেন।
৭. প্রিয় সংগীতশিল্পী?
রোকাইয়া হাসিন: কণিকা বন্দ্যোপাধ্যায় আর সুবিনয় রায়। দেশের শিল্পীদের মধ্যে ফাহমিদা খাতুনের গান। সেই ছোটবেলা থেকে তাঁর কাছাকাছি ছিলাম। আমরা তাঁকে ডাকতাম ‘লিনু মাসি’ বলে। কী চমৎকার তাঁর গান!
অমিয়া: ছোটবেলা থেকে মায়ের গান শুনছি। মা যা গায়, তা-ই ভালো লাগে। মা আমার প্রিয় শিল্পী।
৮. প্রিয় লেখক?
রোকাইয়া হাসিন: রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কাছে বারবার ফিরে যাই। তাঁর কাছ থেকে প্রেরণা পাই। চলার শক্তি পাই। তাঁর জীবন স্মৃতি বহুবার পড়েছি।
অমিয়া: বাংলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎ সমগ্র শেষ করেছি। শৈশব থেকে ইংরেজি সাহিত্যের অনেক বই পড়েছি। আলাদা করে বলতে গেলে ঝামেলা হবে।
৯. প্রিয় ব্যক্তিত্ব?
রোকাইয়া হাসিন: আমার বাবা।
অমিয়া: আমার বাবা শহিদুল হাসান। তড়িৎ প্রকৌশলী। এখন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
১০. কোথায় বেড়াতে গিয়ে ভালো লেগেছে?
রোকাইয়া হাসিন: দার্জিলিংয়ে। শুনেছিলাম ওখানে গেলে নাকি অসুস্থতা ভালো হয়। আমার জীবনেও তা-ই ঘটেছে। তখন আমার খুব জ্বর। জ্বর নিয়েই দার্জিলিংয়ে যাই। কিন্তু ওখানে যাওয়ার পরই জ্বর ভালো হয়ে যায়।
অমিয়া: ভ্রমণ আমি খুব উপভোগ করি। খুব ভালো লেগেছে মালয়েশিয়ার ক্যামেরন আইল্যান্ডে। সুন্দর একটা জায়গা।