মা যখন বন্ধু
আপনার বন্ধু কে? এই প্রশ্নের জবাবে কিশোর-কিশোরীরা সমবয়সীদের নামের একটি তালিকা গড়গড় করে বলে দেবে। স্কুল, একই বাড়ির ওপর নিচতলায় সে বন্ধুগুলোকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাড়িতেই যে সবচেয়ে কাছের বন্ধুটি আছে, এটি চিন্তায়ও আসবে না। বলছিলাম মায়ের কথা। কিশোর বয়সে একটি ছেলে বা মেয়ের সবচেয়ে কাছের বন্ধু হতে পারেন মা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার জানান সন্তানের সঙ্গে বন্ধুত্ব পাতানোর মূলমন্ত্র। সন্তানের সঙ্গে গুণগত সময় থেকে ভালো কিছু হতে পারে না। এর মাধ্যমে বন্ধুত্বটা তৈরি হয়। সন্তানের বন্ধু হওয়ার উদ্যোগটা নিতে হবে মাকেই। কিশোর কিংবা কিশোরীরা মায়ের সঙ্গে বন্ধুত্বের গুরুত্বটা বুঝবে না। কিশোর বয়সীরা এমনিতেই সংবেদনশীল। তাদের অহংবোধে আঘাত পাবে, এমনভাবে কথা বলা যাবে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে তুলতে হবে। বাচ্চাদের সঙ্গে কথা বলার সময় তাদের সম্মান প্রদর্শন করতে হবে। কোনো বিষয়েই সরাসরি না বলা উচিত না। বরং এ বয়সে নিষেধে বিষয়টির প্রতি আগ্রহ বেড়ে যায়। তুমি এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে কী করবে? কোনো অপরিচিত ব্যক্তি কথা বলতে এলে কী করবে? গল্পচ্ছলে এমনভাবে জিজ্ঞেস করে বিভিন্ন পরিস্থিতি বোঝানো যেতে পারে। সবার সামনে সমালোচনা বা নেতিবাচক দিকটি আলোচনা করা উচিত নয়। অন্যদের সঙ্গে তুলনা না করলেই ভালো। কারণ, এতে আত্মবিশ্বাস কমে যায়। যেকোনো ভালো কাজে প্রশংসা করুন। তাহলে কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যায়। ভাই বোনের মধ্যেও কখনো বিভেদ আনবেন না। বরং দুজনের মানসিকতাই সমানভবে বোঝার চেষ্টা করতে হবে। এই বয়সের স্বাধীনচেতা মনোভাব তৈরি হয়। অযাচিতভাবে অতিরিক্ত কৌতূহল দেখানো যাবে না। একা থাকতে পছন্দ করলে সে সময়টুকু তাদের দেওয়া উচিত। তাদের মতামতকেও সেটাকে মূল্যায়ন করতে হবে। তার আগ্রহের জায়গাগুলোকেও গুরুত্ব দিন বা অংশ নিন। জেরা না করে গল্পচ্ছলে বন্ধুদের কথা জেনে নিতে পারেন। ছবি দেখা বা কেনাকাটায় একসঙ্গেও যেতে পারেন।আবার সপ্তাহে বা মাসে এক-দুবার বাইরে একসঙ্গে খাওয়া যেতে পারে। ঘরের মধ্যে মা-বাবার সঙ্গে খেলতে পারবে যেমন ক্যারম, দাবা এমন খেলার ব্যবস্থা করতে পারেন। এই বয়সে ভুল হবেই। এই ভুলগুলো গ্রহণ করার মানসিকতা মা-বাবার মধ্যে থাকতে হবে। প্রথমেই বকাঝকা না করে শুনতে হবে, বুঝতে হবে। না হলে পরবর্তী সময়ে কোনো ভুল করলে বলবে না আপনাকে। অনাকাঙ্ক্ষিত আচরণ, সেটা যদি খুব বেশি সমস্যার সৃষ্টি না করে, তাহলে সেগুলোয় খুব একটা মনোযোগ না দেওয়াই ভালো। তবে একই ভুল বারবার করতে থকলে প্রাপ্য সুবিধা কমিয়ে দিতে হবে। বকা না দিয়ে নিঃশব্দে বুঝিয়ে দিতে হবে। সম্পর্কের আন্তরিকতা বা উষ্ণতা একটু কমিয়ে দিন। তবে এটা সব সময়ের জন্য নয়। সামাজিক মেলামেশায় উৎসাহী করে তুলতে হবে। সামাজিক অনুষ্ঠানে গেলে একসঙ্গে নিয়ে যাওয়া। তবে সব জায়গায় যেতে না চাইলে জোর করা উচিত না। ধৈর্য ধরতে হবে। তাদের নিজস্ব একটা পৃথিবী থাকে। সে জায়গাটা ধরে বারবার নেতিবাচকভাবে কিছু জিজ্ঞেস বা না বলাই ভালো। এ সময় একটা স্বাধীনচেতা মনোভাব তৈরি হয়।