‘মা রান্নার প্রধান ক্রেতা’
ভুঁড়ি ভাজা, কচুর মালা, পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি, করলার ঝিরি ভাজা, মুড়মুড়ে কাচকি, নারকেলে কচুর লতি...শহুরে মানুষের জন্য এই ধরনের মুখরোচক খাবারগুলো নিয়েই কাজ করছেন ফাতেমা আবেদীন (নাজলা)। তাঁর এন’স কিচেন উদ্যোগের শুরু চলতি বছরের জানুয়ারি থেকে।
পেশায় সাংবাদিক ফাতেমা আবেদীন তাঁর বাসার রান্নাঘরে নিজেই রান্না করছেন। তাঁকে সহায়তার জন্য আছেন চারজন স্থায়ী ও দুজন অস্থায়ী কর্মী। বললেন, ‘রান্না নিজে করি বলেই অনেক অর্ডার নিতে পারি না বা নিই না। রান্না করি বলে পেশাগত কাজে কোনো অবহেলা করি না। ব্যবসা শুরুর পর আমার পদোন্নতিও হয়েছে, সেরা কর্মীর স্বীকৃতি পেয়েছি।’
ফাতেমা আবেদীন জানালেন, সংসার, অফিস সামলে বর্তমানে রান্নার ব্যবসায় সময় সেভাবে দিতে পারেন না। ‘নাজলার হাঁড়িকুড়ি’ নামে ইউটিউব চ্যানেল চালু করলেও সেখানে সময় কম দিতে হচ্ছে। তবে সার্বিক কাজে সংবাদকর্মী স্বামী আলতাফ শাহনেওয়াজ এবং নিজের ও শ্বশুরবাড়ি থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন বলে জানালেন তিনি।
ফাতেমা আবেদীন বললেন, ‘মা রান্নার প্রধান ক্রেতা। পণ্য ডেলিভারির দাম পরিশোধ করেই অনলাইনে তিনি এ খাবার নেন। এখন পরিবারের অন্য সদস্যরাও অন্য ক্রেতাদের মতোই নিয়ম মেনে খাবার অর্ডার দেওয়া শুরু করেছেন।’
২০১৬ সালের রূপচাঁদা ও ‘ডেইলি স্টার’ আয়োজিত রান্নার একটি প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর রান্না নিয়ে কাজ করার ভাবনাটা মাথায় আসে ফাতেমা আবেদীনের। হোম কিচেন শুরু করতে প্রায় চার বছর বিভিন্ন বিষয় যাচাইবাছাই করেছেন।
ফাতেমা আবেদীন বললেন, ‘মার্চ মাসে করোনাভাইরাসের বিস্তার শুরু হলে প্রথমে ভেবেছিলাম কাজ গুটিয়ে ফেলতে হবে। তবে তা করতে হয়নি। করোনার সময় আমার কাজ বেড়েছে। বেশির ভাগ বাসায় গৃহকর্মী না থাকায় অনেকেই বাসার কয়েক দিনের খাবার অর্ডার দিতেন। করোনার সময় খোলা রাখা প্রতিষ্ঠানগুলো নিয়মিত খাবারের অর্ডার দিত। এ ছাড়া কোনো বাসায় করোনা রোগী থাকলে সে বাসার দরজায় খাবার পৌঁছে দেওয়ার কাজটিও করেছি। ব্যবসার মধ্য দিয়েও আমার উদ্যোগ মানুষের কাজে লেগেছে।’
ফাতেমা আবেদীন বললেন, ‘ফেসবুক পেজে মেনু দেখে ২৪ ঘণ্টা আগে খাবারের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে অর্ডার দেওয়ার পরই রান্নার প্রস্তুতি নেওয়া হয়। তাই খাবার বাড়তি বা নষ্ট হওয়ার সুযোগ কম থাকে।’পাঁচ লাখের বেশি টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি।
ট্রাফিক জ্যামসহ বিভিন্ন ঝামেলায় খাবার ঠিকমতো পৌঁছানো, খাবারের গুণগতমান বজায় রাখাসহ বিভিন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় বলে জানালেন ফাতেমা আবেদীন। তিনি জানালেন, এ পর্যন্ত সর্বোচ্চ প্রায় ৩০০ জনের রান্না করেছেন, তবে খাবারের অর্ডার ৫০০ বা এর বেশি গেলে তখন বড় জায়গায় রান্নাঘর চালুর পরিকল্পনা আছে। মাসে গড়ে সব খরচ বাদ দিয়ে ৫০ থেকে ৭০ হাজার টাকা লাভ হচ্ছে বলেও জানালেন তিনি।