মা শিখিয়েছিলেন তোমার যা ইচ্ছে, তুমি তা-ই হতে পারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পেপসিকোর চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা নুয়ি। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীর করা ‘বিশ্বের সেরা ১০০ ক্ষমতাধর নারী’র তালিকায় আছে এই ভারতীয় নারীর নাম। চেন্নাইয়ে তাঁর জন্ম। পেয়েছেন পদ্মভূষণসহ বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার। বিভিন্ন সাক্ষাৎকারে ইন্দ্রা নুয়ি তাঁর সাফল্যের পেছনে বারবার মায়ের অবদানের কথা বলেছেন। আজ মা দিবসে থাকল মাকে নিয়ে তাঁর কিছু কথা

ইন্দ্রা নুয়ি
ইন্দ্রা নুয়ি

২০১৫ সালের ৮ সেপ্টেম্বর নাইনটি সেকেন্ড স্ট্রিট ওয়াই আয়োজিত ‘উইমেন ইন লিডারশিপ প্যানেল’ অনুষ্ঠানে ইন্দ্রা নুয়ির বক্তব্য থেকে সংগৃহীত অংশবিশেষ

একটা গল্প আমি প্রায়ই বলি। আমি আর আমার বোন যখন ছোট ছিলাম, রাতে খাবার টেবিলে মা প্রতিদিন আমাদের বক্তৃতা করতে বলতেন। কখনো রাষ্ট্রপতি, কখনো প্রধানমন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী—একেক দিন একেক নেতার ভূমিকায় অবতীর্ণ হতাম। আমরা বক্তৃতা দিতাম। আর বক্তৃতা শুনে মা ঠিক করতেন, আমাদের দুই বোনের মধ্যে কাকে তিনি ভোট দেবেন। ৮–১০ বছর বয়স পর্যন্ত প্রতিদিন আমাদের এটা করতে হয়েছে। এরপর আর করা হয়নি, কারণ তত দিনে একটু বড় হয়েছি; এই খেলা আমরা আর খেলতে রাজি ছিলাম না। মজার ব্যাপার হলো, লিখিত বক্তৃতার শেষে ‘প্রধানমন্ত্রী’ বা ‘রাষ্ট্রপতি’ লিখে নিজের নাম সই করতে হতো। ব্যাপারটা ভাবলে এখন হাসি পায়। কিন্তু ভেবে দেখুন, ওই বয়সেই মা আমাদের এই বিশ্বাসটা দিয়েছিলেন যে আমরা যেকোনো কিছু হতে পারি। এখনো আমি অনেক মেয়েদের দেখি, আত্মবিশ্বাস থাকলে যাঁরা খুব ভালো করতে পারে। বেশির ভাগ সময় তাঁদের আত্মবিশ্বাস থাকে না। সামনে কোনো রোল মডেল থাকে না। আমার মা কলেজে যাননি, চাকরি করেননি। দুই মেয়েই ছিল তাঁর সব। কিন্তু মেয়েদের তিনি এই আত্মবিশ্বাসটা দিয়েছিলেন—তোমার যা ইচ্ছে, তুমি তা-ই হতে পারো।