মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সচেতন মা, শিক্ষিত সন্তান, সচেতন জাতি’ স্লোগানে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ১৯ জানুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সহায়তায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক। টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ এম. শাহাব উদ্দিন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার খানম, স্বজন কৈয়ারবিলের সভাপতি আজিজুল হক, অভিভাবক এস এম মুসলিম নেওয়াজ, ছালেহা বেগম, নারীনেত্রী জন্নাতুল বকেয়া প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার স্বাস্থ্যসম্মত ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। তাই শিক্ষার মান উন্নয়ন এবং দেশের শিক্ষার হার বাড়ানোর জন্য বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অভিভাবদের, বিশেষ করে মায়েদের আরও সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। শেষে ২০১১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।