
পবিত্র ঈদুল আজহার দিন পশু কোরবানির পর থেকে বেড়ে যায় কাজের চাপ৷ মাংস কাটা থেকে প্রক্রিয়াজাত পর্যন্ত দা-ছুরিসহ প্রয়োজন হয় আরও খুঁটিনাটি জিনিসের৷ ঈদের দিনে কাজে আসবে, এমন কিছু উপকরণের খোঁজখবর জেনে নিন৷
ছুরি: পশু জবাইয়ের ছুরি থেকে শুরু করে বাজারে পাওয়া যাচ্ছে প্রায় সব রকমের ছুরি। জবাই ছুরি পাওয়া যাবে ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। চামড়া ছাড়ানো থেকে মাংস কাটার জন্য রয়েছে নানা ধরনের ছোট-বড় ছুরি। কাঠ, প্লাস্টিক কিংবা ধাতব হাতলের এসব ছুরি পাবেন ৩০ থেকে ৯০০ টাকায়।
দা-বঁটি: মাংস কাটার জন্য দা-বঁটি তো লাগবেই। সে ক্ষেত্রে হাত-দা কিনতে খরচ হবে ৩০০ থেকে ৮০০ টাকা, বঁটি-দা পাবেন ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।

চাপাতি: মাংসের হাড় কাটার চাপাতি পাবেন ৪৫০ থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে।
কিমা মেশিন: দুই রকমের কিমা মেশিন পাবেন বাজারে। টেবিলে আটকে হাতে চালানো কিমা মেশিনের দাম ৭০০ থেকে ৩ হাজার টাকা। আর ইলেকট্রিক কিমা মেশিন পাবেন ১ হাজার থেকে ১০ হাজার টাকায়।
হাতুড়ি: কিমা বানানোর জন্য মাংস থেঁতলানো ও নরম করার জন্য রয়েছে হাতুড়ি। ইস্পাতের হাতুড়ি পাবেন ৩৫০ থেকে ৪৫০ টাকা।
চপিং বোর্ড: যে বোর্ডের ওপর রেখে মাংস কাটবেন সেই চপিং বোর্ড পাবেন ১৫০ থেকে ২ হাজার ২০০ টাকায়।
মসলা পেষার মেশিন: মসলা তৈরির ব্লেন্ডার মেশিন পাবেন ১ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়।

কাবাব চুলা: মাংস তো কাটা হলো, এবার রান্নাবান্নার পালা। মাংসের কাবার খেতে চাইছেন? কাবাব শিকের সংখ্যার ওপর ভিত্তি করে ছোট-বড় নানা ধরনের বার-বি-কিউ চুলা পাবেন বাজারে। চার শিকের ছোট চুলার দাম ৫০০ টাকা। ২০ শিকের বড় চুলার দাম পড়বে ২ হাজার টাকা (চিকন শিক) থেকে ৫ হাজার টাকা (মোটা শিক)৷ চাইলে আলাদাভাবে শিকও কিনতে পারবেন, দাম পড়বে প্রতিটি ২০ থেকে ৫০ টাকা। মাংসে তেল মাখানোর ব্রাশ প্রতিটি ৩৫ থেকে ৮০ টাকা। শুধু তা-ই নয়, চুলাতে আগুন ধরানোর কয়লা পাবেন কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়। এ ছাড়া কয়লা ও ধোঁয়ার ঝামেলা এড়াতে নিতে পারেন বৈদ্যুতিক বার-বি-কিউ চুলা, পাবেন ৩ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৯০০ টাকার মধ্যে।

অন্যান্য: মাংস কাটার জন্য হোগলা পাতার পাটি কিংবা কাটা মাংস রাখতে বাঁশবেতের তৈরি ওড়া বা টুকরি। পেয়ে যাবেন অল্প দামেই৷ নির্দিষ্ট দৈর্ঘ্য-প্রস্থের হোগলা পাতার বিছানা পাবেন ৭০ থেকে ২০০ টাকায় আর টুকরি ৫০ থেকে ১৫০ টাকায়। পাবেন কারওয়ান বাজার ও নিউমার্কেটে।
ব্যবহৃত দা-ছুরিগুলোয় যদি মরিচা পড়ে যায় সেগুলো ধার করিয়ে নিতে খরচ পড়বে ৩০ থেকে ৫০ টাকা৷
কোথায় পাবেন
এসব পাবেন রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেট (দোতলা), কারওয়ান বাজার রেলগেট মার্কেট, নিউমার্কেট, গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেট, বসুন্ধরা শপিংমলসহ পাবেন শহরের সব ক্রোকারিজের দোকানে।