মাংস দিয়েই সালাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংসের রান্না তো হবেই। তবে মাংস দিয়ে তৈরি করা যায় সালাদ। যেগুলো স্বাদে আনবে নতুন মাত্রা। রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা

চিকেন ক্যাশুনাটস সালাদ
চিকেন ক্যাশুনাটস সালাদ

চিকেন ক্যাশুনাটস সালাদ

উপকরণ: মুরগির বুকের মাংস ১ কাপ (পাতলা, চিকন স্ট্রিপ করে কাটা), কাজু বাদাম (ক্যাশুনাটস) আধা কাপ, টমেটো সিকি কাপ (বীজ ফেলে জুলিয়ান কাট), সবুজ ও হলুদ ক্যাপসিকাম জুলিয়ান কাটে আধা কাপ, ডিম ১টা, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চা-চামচের কম, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, টমেটো কেচাপ আধা কাপ, চিলি সস আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, চিনি আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি এক চা-চামচের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো ও তেল ভাজার জন্য।

প্রণালি: মুরগির মাংসে কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া, একটা ডিম আর স্বাদমতো লবণ দিয়ে মেখে নিন। প্যানে তেল গরম করে তাতে মুরগির মাংসগুলো আলাদাভাবে ছেড়ে (যাতে দলা পাকিয়ে না যায়) দিয়ে সোনালি করে ভেজে কিচেন পেপারে তুলে নিতে হবে। সেই একই তেলে কাজুবাদামগুলো সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। এরপর একটা ছোট বাটিতে টমেটো কেচাপ, চিলি সস, সয়াসস, লেবুর রস, চিনি আর গোলমরিচ গুঁড়া নিয়ে ভালো করে মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরি করে নিতে হবে। এবার একটা বড় বাটিতে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, সালাদ ড্রেসিং, ভেজে রাখা মুরগির মাংস আর কাজুবাদাম হালকা হাতে মিশিয়ে নিলেই চিকেন ক্যাশুনাটস সালাদ তৈরি।

মাটন সালাদ
মাটন সালাদ

মাটন সালাদ

উপকরণ: হাড় ও চর্বি ছাড়া খাসির মাংস ৫০০ গ্রাম, শসা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, গাজর কুচি এক কাপের তিন ভাগের এক ভাগ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতার চাটনি ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি আধা চা-চামচ, পুদিনা পাতা কুচি ২ চা-চামচ, লেবুর রস স্বাদমতো, আখরোট ২ টেবিল চামচ, লেটুস পাতা ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ ও সরিষার তেল ১ চা-চামচ।

প্রণালি: আদা-রসুন বাটা আর লবণ দিয়ে খাসির মাংস সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে ঝুরি করে রাখতে হবে। একটা বড় পাত্রে ওপরের সব উপকরণ চামচ দিয়ে হালকা হাতে মিশিয়ে তাতে মাংসের ঝুরি মিশিয়ে নিন।

চিকেন ক্ল্যাসিক সালাদ
চিকেন ক্ল্যাসিক সালাদ

চিকেন ক্ল্যাসিক সালাদ

উপকরণ: মুরগির বুকের মাংস ১ কাপ, মেয়নেজ আধা কাপ, মিহি করে কাটা পেঁয়াজ ১ চা-চামচ, ধনেপাতা কুচি আধা চামচ, সরিষার সস এক চা–চামচের তিন ভাগের এক ভাগ, টাবাস্কো সস সিকি চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস স্বাদমতো ও লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে মাংস স্বাদমতো লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ করে কিউব করে কেটে নিন। এবার একটা বড় বোলের মধ্যে মাংসসহ সব উপকরণ নিয়ে কাঠের চামচ বা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই চিকেন ক্ল্যাসিক সালাদ খাওয়ার জন্য প্রস্তুত।

ট্রপিকাল বিফ সালাদ
ট্রপিকাল বিফ সালাদ

ট্রপিকাল বিফ সালাদ

উপকরণ: হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস পাতলা আধা কেজি, আম ১টা, আনারস আধা কাপ, কিউই ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি আধা চা-চামচ, লেটুস পাতা ২০০ গ্রাম, জলপাই তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও তেল ১ টেবিল চামচ।

প্রণালি: গরুর মাংসে সয়াসস, আদা-রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২ ঘণ্টা। তারপর সাধারণ তেলে ভেজে তুলে রাখতে হবে। আম, কিউই ও আনারস কিউব করে কেটে নিতে হবে। একটা বড় পাত্রে ফিশ সস, লেবুর রস, অলিভ অয়েল, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি, লেটুস পাতা, আম, আনারস, কিউই ও ভাজা মাংস একসঙ্গে হালকা হাতে মিশিয়ে নিলেই সালাদ তৈরি।

থাই বিফ সালাদ
থাই বিফ সালাদ

থাই বিফ সালাদ

উপকরণ: হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, তিলের তেল ২ চা-চামচ, বাদাম ৫০ গ্রাম, ছোট টমেটো ২০০ গ্রাম, শসা ১টা (মাঝারি), পেঁয়াজ মিহি কুচি ১টা, রসুন থেঁতলানো ১ কোয়া, আদা কুচি ১ চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, ব্রাউন সুগার ১ টেবিল চামচ, লেবুর রস দেড় টেবিল চামচ, লাল রঙের পাকা মরিচ (তেরছা করে কাটা) ২টা, পুদিনা পাতা ১০০ গ্রাম, ধনেপাতা কুচি ১০০ গ্রাম, থাই বেসিল ১০০ গ্রাম ও লেবু পাতা (মিহি কুচি) ১টা।

প্রণালি: তিলের তেলের সঙ্গে আদা-রসুন, ফিস সস, সয়াসস, লেবুর রস, ব্রাউন সুগার ভালো করে মেশান। এখান থেকে অর্ধেক ড্রেসিং দিয়ে গরুর মাংস ভালোভাবে মেখে ২ থেকে ৪ ঘণ্টার জন্য ম্যারিনেট করতে হবে। তারপর গ্রিল প্যান গরম করে তাতে মাংস দিয়ে কম আঁচে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত গ্রিল করে তুলে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট পর গ্রিল করা মাংস পাতলা স্ট্রিপ আকারে কেটে নিন। শসা মাঝ বরাবর কেটে তারপর পাতলা গোল করে কেটে নিতে হবে। চেরি টমেটো পেলে তা ২ বা ৪ ভাগ করে কেটে নিতে হবে। আর সাধারণ টমেটো হলে মাঝ বরাবর কেটে নিয়ে বীজ ফেলে গোল করে কেটে নিন। একটা বড় বোল বা বাটিতে কাটা শসা, টমেটো, পেঁয়াজ, লাল মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা, বেসিল, লেবু পাতা, আধ ভাঙা চিনাবাদাম দিয়ে মিশিয়ে নিয়ে তারপর তাতে গ্রিল করা মাংস আর আগের তৈরি করে রাখা সালাদ ড্রেসিং ভালোভাবে মিশিয়ে নিন।