মাংসাশী প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাংসাশী প্রাণী’ ও ‘হিংস্রতা’ শব্দ দুটোকে অনায়াসে মানিকজোড় শব্দ বলা যায়। মাংসাশী প্রাণী বললে প্রথমেই বাঘ-সিংহের মতো হিংস্র প্রাণীর হালুম-হুলুম শুনতে পাই আমরা। আর কেনই বা শুনব না! ক্ষুরধার দাঁত, শক্ত থাবা, তীক্ষ নাক, কান, চোখ আর অকল্পনীয় শক্তি-সাহসওয়ালা একেকটি মাংসাশী প্রাণী যে বেশ ভয়ংকর। তবে পৃথিবীর সবচেয়ে ছোট মাংসাশী প্রাণীটির কথা শুনলে কিছুটা হলেও স্বস্তি পাবেন আশা করি। এমনকি ধরে খানিকটা আদরও করে দিতে পারেন। কারণ, ছোট সেই প্রাণীটি এক প্রজাতির খুদে বেজি। ইউরোপের দক্ষিণাঞ্চলসহ এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় তার দেখা মেলে। দৈর্ঘ্যে ২৩ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির বেশি বাড়ে না এই বেজিগুলো। গায়ের রং লালচে-বাদামি, তবে বুক ও পেটের দিকটা সাদা। নরওয়ে ও সুইডেনে শুভ্র বরফের দেশেও এই বেজিদের দেখা মেলে। এবং বেশ দক্ষতার সঙ্গেই ক্যামোফ্লেজ করতে পারে এরা। আর যেকোনো ধরনের ইঁদুর এই পুঁচকে বেজিগুলোর প্রিয় খাবার।