মাংসের দাম বেড়েছে সবজি সহনশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রমজানে মরিচের দাম ছিল কেজি ২৫০ টাকা, শসা ৬০ টাকা, এবার মরিচ ১৪০ টাকা ও শসা ২৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও মোটামুটি ক্রয়ক্ষমতার মধ্যে। এবার সবজির মজুদ ভালো বলে রমজানে দাম তেমন বাড়ছে না। ফলে ক্রেতাদের মধ্যে ক্ষোভও কম। গত কয়েক দিনে বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। তবে কাজীর দেউড়ি বাজারের সবজিবিক্রেতা মো. কামাল জানান, নতুন কিছু সবজির দাম খুব বেশি হওয়ায় অনেকে কিনতে পারছেন না। নতুন সবজির মধ্যে শিম ১৪০ টাকা ও দেশি টমেটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মুরগির দাম স্থিতিশীল থাকলেও গরু ও খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে। চৌমুহনী বাজারের সবজিবিক্রেতা রাজা মিয়া বলেন, ‘রমজান শুরুর প্রথম কয়েক দিন দামের একটু হেরফের হলেও আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে।’ রমজানের আগে মরিচ ৯৫ টাকা এবং শসার কেজি ১৬ টাকা ছিল। আর রমজানের প্রথম দিনেই মরিচ ১২০ টাকা ও শসা ২০ টাকায় বিক্রি হয়। তবে সাধারণ টমেটো ৮০ টাকা ও গাজর ৩২-৪০ টাকায় অর্থাৎ আগের দামেই বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতা দেলোয়ার জানান, ‘গত সোমবার গরুর মাংস ৩০০ টাকা ও খাসির মাংস ৩২০ টাকায় বিক্রি করেছি। দুদিন পর (বুধবার) গরু ৩২০ টাকা ও খাসি ৩৬০ টাকায় বিক্রি করছি। সামনে আরও বাড়তে পারে। দেশি মুরগি কেজিপ্রতি ২৪০ টাকা ও খামারের মুরগি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার মাছের দাম কিছুটা বেড়েছে। ইলিশ ৫৪০-৬০০ টাকা, কোরাল ৪০০ টাকা, হাঙর মাছ ১২৫ টাকা ও চিংড়ি আকার ভেদে ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।সবজি, মাছ, মাংসের মতো মুদি দোকানে রোজার আগে-পড়ে জিনিসপত্রের দামের কিছুটা পার্থক্য দেখা যায়। চনা ৪০ ও মটর ৩৯ টাকায় বিক্রি হচ্ছে। আগের তুলনায় কমেছে কেজিতে পাঁচ-সাত টাকা। তবে আদা রসুন পেঁয়াজ ও মসলার দাম কমছে না কিছুতেই। আগ্রাবাদের এ বশর স্টোরের মালিক আবুল বশর জানান, ‘যেসব জিনিসের দাম বাড়ছে সেগুলো নিশ্চয়ই মজুদ করা হচ্ছে। নইলে হঠাৎ করে দাম বাড়ত না।’ তবে কাজীর দেউড়ির মুদি দোকানিরা জিনিসপত্রের দাম বাড়ার পেছনে চাক্তাইয়ের যানজটকে দায়ী করেন। হক ভান্ডার স্টোরের মালিক মো. ইদ্রিস বলেন, মঙ্গলবার ডাল ১০০ টাকা, চিঁড়া ৪৫ টাকা ও পেঁয়াজ ১৮ টাকায় বিক্রি করেছি। বুধবার বিক্রি করেছি ডাল ১০৪ টাকা, চিঁড়া ৫০ টাকা ও পেঁয়াজ ২২ টাকা।’ তিনি বলেন, ‘আমাদের পণ্য কেনা আছে। তবে চাক্তাইয়ের যানজটের কারণে তা দোকানে পৌঁছাচ্ছে না। আমরাও ক্ষতির ভয়ে জিনিসপত্রের দাম কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছি।’ চাক্তাই খাতুনগঞ্জে রাস্তা পরিষ্কার থাকলে রমজানের বাজারও স্থিতিশীল থাকবে বলে তিনি মন্তব্য করেন।