মাংসের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কয়েক দিন মাংসের নানা পদ রান্না হবে। ঘুরেফিরে তৈরি করতে পারেন কাবাব, কোরমা ইত্যাদি। দেখুন জোহরা আকবরের দেওয়া রেসিপি।পুরভরা কাবাব উপকরণ: গরুর মাংসের কিমা আধা কেজি, ছোলার ডাল (ভেজানো) ১০০ গ্রাম, পেঁয়াজ মোটা করে কাটা ২টি বড়, রসুন কোয়া আস্ত ৫-৬টি, আদা মোটা করে কাটা ১টি, আস্ত জিরা আধা চা-চামচ, আস্ত ধনে আধা চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৪-৫টি, কালো গোলমরিচ ৪-৫টি, লবঙ্গ ২-৩টি, এলাচ, দারচিনি (ছোট) ১টি করে, লবণ পরিমাণমতো।মাখানোর জন্য ডিম ফেটানো ১টি, কাবাব মসলা আধা চা-চামচ, বেরেস্তা মিহি গুঁড়া ১ টেবিল-চামচ, কিশমিশ ১ টেবিল-চামচ ও চিনি স্বাদমতো। পুরের জন্য মিহি পেঁয়াজকুচি ১ কোয়া, পুদিনাপাতার কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচের কুচি ৩-৪টি, লেবুর রস সামান্য, লবণ স্বাদমতো। ভাজার জন্য সয়াবিন তেল যা লাগে। প্রণালি: পুর ও মাখানোর উপকরণ বাদে বাকি সবকিছু একসঙ্গে একটি সসপ্যানে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে পাটায় মিহি করে বেটে নিন। এর সঙ্গে মাখানোর সব উপকরণ মিশিয়ে ১৫-২০টি ভাগ করে নিন। এবার পুরের উপকরণ একসঙ্গে মেখে মাংসের ভাগগুলোতে ভরে নিয়ে কাবারের আকৃতি করে নিন। এবার তেল গরম করে কাবাবগুলো বাদামি করে ভেজে নিন। ভুনা মাংস উপকরণ: গরুর মাংস (হাড়ছাড়া ছোট করে কাটা) ১ কেজি, পেঁয়াজ মোটা করে কাটা ২-৩টি, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, ধনে ও জিরার গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা (এলাচ-দারচিনি-লবঙ্গ) ২টি করে, তেজপাতা ২টি, টক দই ২ টেবিল-চামচ, সয়াবিন তেল ১ কাপ, পেঁয়াজ চিকন করে কাটা বা কুচি ২ কাপ, শুকনা মরিচ ও কালো গোল মরিচ আস্ত ৪-৫টি, বেরেস্তা ২ টেবিল-চামচ। প্রণালি: মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চিপে নিন। পেঁয়াজ চিকন কাটা, শুকনা মরিচ, বেরেস্তা ও বাকি সব উপকরণ অল্প তেল দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এবার চুলায় ঢাকনা দিয়ে একটি সসপ্যানে মাখানো মাংস বসিয়ে দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজকুচি, শুকনা মরিচ, গোলমরিচ ও মাংস দিন। বারবার নাড়াচাড়া করে ভুনতে থাকুন। তেল ওপরে উঠলে বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। এটি পোলাও, ভাত, পরোটা, লুচি এমনকি খিচুড়ি দিয়েও খেতে পারেন। সাহেবি কোরমা উপকরণ: ক. খাসির মাংস ১ কেজি, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লাল শুকনা মরিচ টালা-বাটা ৪-৫টি, টক দই ১ কাপ, ছোট এলাচ ৪-৫টি, লবঙ্গ ৪-৫টি, পেঁয়াজ মোটা গোল করে কাটা ১২৫ গ্রাম, তিলের তেল ৩ টেবিল-চামচ, তিল বাটা (কাঁচা) ১ টেবিল-চামচ, গরম পানি সেদ্ধ করা ২ কাপ। খ. ঘি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, বাদামবাটা ২ টেবিল-চামচ, তরল দুধ ১ কাপ, কাঁচা মরিচ ৩-৪টি, ব্রাউন সুগার বা চিনি ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ। প্রণালি: ক-এর শুকনা মরিচ ছাড়া সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে গরম পানি হাঁড়িতে ঢাকনা দিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে সেদ্ধ হয়ে গেলে শুকনা মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। অন্য আরেকটি সসপ্যানে ঘি গরম করে পেঁয়াজ, বেরেস্তা করুন। অর্ধেক বেরেস্তা তুলে রাখুন। বাদামবাটা দিন। তরল দুধ দিয়ে ২-৩ বার করে কষিয়ে নিন। এবার ‘ক’ অংশের সেদ্ধ মাংস এতে দিয়ে কষিয়ে নিন। বাকি বেরেস্তা পেঁয়াজ ছড়িয়ে দিন ওপরে। আস্ত কাঁচা মরিচ ওপরে ছড়িয়ে দেন। ব্রাউন সুগার বা চিনি দিয়ে নেড়ে নিন। তেলের ওপর উঠলে লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। খাসির ঝলসানো রানউপকরণ: খাসির পেছনের রান ১টি, টক দই ২ টেবিল-চামচ, আদা ও রসুনের রস প্রতিটি ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, বারবিকিউ সস ২ টেবিল-চামচ, টমেটো চিলি সস ১ টেবিল-চামচ, টমেটো কেচাপ ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, বারবিকিউ বা কাবাব মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি (যদি প্রয়োজন হয়) স্বাদমতো, জাফরান পছন্দমতো, তেল ২-৪ টেবিল-চামচ, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যতটুকু লাগে, কয়লা ও তন্দুরি তৈরির বাক্স। প্রণালি: খাসির রান ৩০ মিনিট লবণ মাখিয়ে রেখে দিন। এরপর খুব ভালো করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। এবার দই মাখিয়ে নিন। একটি ছোট পাত্রে কাবাব মসলা ও জাফরান ছাড়া তেল, বাটা রস, সস, কেচাপ, সাদা গোল মরিচের গুঁড়া, লবণ, চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি রানে ভালো করে মাখিয়ে নিন। ৩-৪ ঘণ্টা ঢেকে রেখে দিন। এরপর কাবাব মসলা ও জাফরান মেশান। তন্দুরের বাক্সে কয়লা জ্বালিয়ে নিন। রান অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মসলাসহ ভালো করে পেঁচিয়ে নিন। এবার কয়লার মধ্যে ফয়েল পেপারসহ রান রেখে দিন ও চারপাশের ওপরেও কয়লা দিন। এভাবে ১ ঘণ্টা রাখতে হবে। মাঝে একবার কাঁটা চামচ বা ছুরি দিয়ে সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। সেদ্ধ হয়ে গেলে ফয়েল পেপার সরিয়ে রানটি কয়লার ওপর ঝলসিয়ে নিন।