মাইকিং করেও সরানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে মহেশখালীতে গত বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার রাতেই প্রশাসনের পক্ষ থেকে উপজেলার পাহাড়ি এলাকায় মাইকিং করে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। তবে লোকজন তাতে সাড়া দেননি।
গতকাল শনিবার সকালে ঝড় আঘাত হানার আগ মুহূর্তেও মাইকিং করা হয় ইউনিয়ন পরিষদ ও বন বিভাগের পক্ষ থেকে। তবে পাহাড়ে বসবাসরত মানুষজন দুর্যোগের সময়ও ঝুঁকি নিয়ে নিজেদের ঘরে অবস্থান করেছেন। গতকাল বেলা ১১টায় উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, এখানকার ১৮টি পাহাড় ও টিলা এলাকায় লোকজনকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করছিলেন নুর মোহাম্মদ। তিনি বলেন, গত দুদিন ধরে পাহাড়ি এলাকায় জনগণকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত একটি পরিবারও নিরাপদ আশ্রয়ে যায়নি।
কালারমার ছড়ার উত্তর নলবিলা এলাকার পাহাড়ে বসবাসরত সৈয়দ করিম ও মোহম্মদ কাশেম বলেন, ‘বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলেও আমরা যাইনি। প্রায় সময় এমন ভারী বৃষ্টি হলেও পাহাড় ধসে না। তা ছাড়া ঘর ছেড়ে যাবই বা কোথায়? আশা করছি দুর্যোগে কোনো ক্ষতি হবে না।’
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম গত শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৃহস্পতিবার থেকে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। তাই পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। কিন্তু লোকজন সাড়া দিচ্ছে না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে মহেশখালীর পাহাড়ে বসতবাড়ি নির্মাণ লোকজন ঝুঁকি নিয়ে বসবাস করছে। উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষ এখন ঝুঁকি নিয়ে বসবাস করছে। এসব এলাকায় ২০০৭, ২০০৮ ও ২০১২ সালে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ আটজনের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম ভূঁইয়া বলেন, কয়েক যুগ ধরে পাহাড়ে অন্তত ৩০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। কিন্তু এদের সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালালেও কোনো কাজের কাজ হচ্ছে না। ফলে ভারী বৃষ্টিপাত বা দুর্যোগের সময় প্রাণহানি এড়ানো যাচ্ছে না।