
এখন প্রয়োজন মেটাতেই অনেকে বাড়িতে ব্যবহার করে থাকেন মাইক্রোওয়েভ ওভেন। একটু সময় বাঁচিয়ে সহজেই ঝটপট রান্নার যন্ত্র এটি। যন্ত্রটিতে নানা রকম রান্না করা ছাড়াও যেকোনো ঠান্ডা খাবার গরম করতে জুড়ি মেলা ভার। এই মাইক্রোওয়েভ ওভেন ঘিরে অনেকের অনেক কিছু জানার আগ্রহ ও প্রশ্ন রয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান গৃহসুখনের ব্যবস্থাপনা পরিচালক রীমা জুলফিকারের কাছে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন রেখেছিলাম। সেসবের উত্তর জেনে নেওয়া যাক।
সব ধরনের খাবারই কি মাইক্রোওয়েভ ওভেনে গরম করা যায়?
উত্তর: কিছু জিনিস মাইক্রোওয়েভ ওভেনে গরম না করাই ভালো। ইলেকট্রিক ওভেনে গরম করলে ভালো হয়। ডিম পোচ করার সময় ডিম ভেঙে কুসুম টুথপিক দিয়ে ফুটো করে দিন। কিছু খাবার আছে যেমন আস্ত আলু, সসেজ বা এ ধরনের খাবার মাইক্রোওয়েভ ওভেনে রান্নার আগে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতে হয়। এ ছাড়া প্রায় সব ধরনের খাবারই মাইক্রোওয়েভ ওভেনে গরম করা যায়।
মাইক্রোওয়েভে খাবার গরম করতে কোন ধরনের পাত্র ব্যবহার করতে হবে?
উত্তর : মাইক্রোওয়েভ ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে হবে। পাইরেক্সের বাটি ও গোল কাচের বাটিতে খাবার গরম করতে পারেন। প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে চাইলে সেটি ওভেন প্রুফ কি না, জেনে তবেই ব্যবহার করা উচিত।
মাইক্রোওয়েভ ওভেনের সঠিক যত্ন কী করে নিতে হবে?
উত্তর: মাঝে মাঝেই শুকনো কাপড় দিয়ে বাইরেরটা মুছে নিতে হবে। ওভেনের পেছনের দিকে যেন কোনো ময়লা না জমে বা পোকামাকড় না ঢোকে। কাজের শেষে ওভেন ঠান্ডা হলে কোনো প্রকার খাবার বা তেল, ঝোল পড়ে থাকলে শুকনো সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নইলে ময়লা জমে বা ধুলোবালি আটকে ওভেনটি নষ্ট হয়ে যেতে পারে।
ওভেন ব্যবহার করার সময়, ব্যবহারের আগে ও পরে কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত?
উত্তর: ওভেন ব্যবহার করার সময় অবশ্যই ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে কাঠের চামচ ব্যবহার করতে হবে। ওভেন পরিষ্কার করার আগে প্লাগটি বৈদ্যুতিক সংযোগ থেকে খুলে নিন। একেবারে অল্প কম বা বেশি ভোল্টেজে ওভেন চালানো ঠিক নয়। সম্ভব হলে প্রোটেক্টর লাগিয়ে নেওয়া ভালো। খাবার গরম করতে বা রান্না করতে সময়টা নির্দিষ্ট করে দিতে হবে। ওভেনটি একটি কাঠের টেবিলে রাখতে হবে এবং সেটি খুব বেশি উঁচু না হওয়াই ভালো। গরম থাকা অবস্থায় ওভেনের দরজাটি বন্ধ না করাই ভালো হবে।
মাইক্রোওয়েভ ওভেনের ওপর কোনো কিছু রাখলে অসুবিধা হবে কি?
উত্তর: এটি যেহেতু একটি বৈদ্যুতিক পণ্য, তাই এর ওপর অন্য কোনো কিছু না রাখাই ভালো। ঝুঁকিমুক্ত থাকা যায়।
ওভেনের ভেতরে খাবার ঢেকে দেওয়া উচিত কেন?
উত্তর: বিভিন্ন রকমের খাবার গরম করার সময় এবং রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাতে পানি শুকিয়ে যাবে না। এ ছাড়া মসলা ছিটকে যাবে না। ফলে ওভেনের ভেতরটা নোংরা হবে না এবং রান্নাটাও দ্রুত হয়ে যাবে, সময়ও বাঁচবে। কিন্তু শুকনা খাবার ঢেকে রান্না করবেন না। যেমন কেক।
এর ভেতরের গন্ধ কীভাবে দূর করা যায়?
উত্তর: মাইক্রোওয়েভ ওভেন প্রুফ বাটিতে পানি নিন। এতে একটি লেবুর রস বের করে খোসাসহ পানি দুই থেকে তিন মিনিট গরম করে নিন। পানির ধোঁয়াটা ওভেনের ভেতরের দুর্গন্ধ দূর করে দেবে। এবার ইলেকট্রিক প্লাগ খুলে নিয়ে পরিষ্কার নরম কাপড় দিয়ে ওভেনটা মুছে নিন। কিছুক্ষণ ওভেনের দরজা খুলে রাখুন, গন্ধ চলে যাবে। এ ছাড়া বাজারে ওভেন পরিষ্কারের জন্য লিকুইড সোপ, লিকুইড ক্লিনার পাওয়া যায়। এগুলো দিয়েও ওভেন পরিষ্কার করে গন্ধমুক্ত করা যায়।