চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান চর্চাকারীদের আশা আর নির্ভরতার প্রতীক হয়ে আত্মপ্রকাশ করল মাইক্রোবায়োলজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি)। ৬ জুলাই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই সংগঠনের পথচলা।ওই দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা আর বাদক দলের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা। শোভাযাত্রায় যোগ দেন বিভাগের বর্তমান সভাপতি মো. তৌহিদ হোসেন ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. নুরুল আনোয়ার। মাথায় বর্ণিল মুকুট আর রংবেরঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রবীণ-নবীনের মেলবন্ধন আর বাদ্যের তাল উৎসবের আমেজ ছড়িয়ে দেয় বুদ্ধিজীবী চত্বর থেকে মাইক্রোবায়োলজি বিভাগের পথে পথে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দীন চৌধুরী। উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক নুরুল আনোয়ার, মোহাম্মদ আবদুল হাকিম ও মোহাম্মদ আবুল মনছুর। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মো. তৌহিদ হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর ফ্যাশন শো, নাচ, গান, হাস্যরসাত্মক নাটক, টক শো, সিনেমা, যাত্রাপালা ও মজার মজার বিজ্ঞাপন বিরতির মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা। সবশেষে ব্যান্ড সংগীতের মূর্ছনায় উজ্জীবিত হন সবাই আরেকবার।