মাইজভান্ডার দরবারের প্রধান ওরস উপলক্ষে সমন্বয় সভা
ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির ১১০তম বার্ষিক ওরস উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দরবার শরিফ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। ওরস অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এটি মাইজভান্ডার দরবারের প্রধান ওরস।
সভায় বক্তব্য দেন দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ এরফানুল হক মাইজভান্ডারি, উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা আইয়ুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, স্যানিটেশন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, রোসাংগীরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ওরসে দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তা প্রদান, যানজট নিয়ন্ত্রণ, দরবার প্রাঙ্গণের আলোকসজ্জা, গাড়ি পার্কিং, শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্যানিটেশন–ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ওরসে শৃঙ্খলা রক্ষায় একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত পুলিশ, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে।