মাইজভান্ডার শরিফে আজ ভক্তদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাত, ধর্ম, বর্ণ—সব মিলেমিশে একাকার। মানুষে মানুষে সব ভেদরেখা যেন মুছে গেছে। ফটিকছড়ির মাইজভান্ডার শরিফে এখন লাখো মানুষের মিলনমেলা। সাধক-বাউল ও মারফতি শিল্পীরাও এসেছেন দূর-দূরান্ত থেকে। গাউসুল আজম হজরত সৈয়দ আহমদ উল্লাহর (ক.) ১০৫তম বার্ষিক ওরস আজ। ভক্তদের পদচারণে মুখরিত দরবার শরিফ সেজেছে রঙিন আলোয়। রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরস। ওরস আয়োজন নির্বিঘ্ন করতে প্রশাসন সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন দরবার শরিফ কর্তৃপক্ষ। দরবার কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, প্রকৌশল অধিদপ্তর ও পুলিশ বিভাগ একযোগে কাজ করছে এ লক্ষ্যে। সক্রিয় ভূমিকা রাখছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসাসেবা ও স্যানিটেশন-ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। এ ছাড়া প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবক পুলিশের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির মহাসচিব (শাহ এমদাদিয়া) সৈয়দ মো. আবু তালেব বলেন, ভক্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় কমিটির সার্বক্ষণিক তদারকি থাকবে।কমিটির সভাপতি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি বলেন, ‘ওরসে দিনব্যাপী চলবে মিলাদ মাহফিল। রাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালিত হবে।’ দরবার শরিফে আসা ভক্তদের আপ্যায়নে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দরবারের চারটি মনজিল ভক্তদের জন্য খাবারের আয়োজন করছে। গাউসিয়া মনজিলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাসান বলেন, ‘সহস্রাধিক গরু, মহিষ ও দুম্বা জবাই হবে। দুই মণ ধারণক্ষমতার প্রায় সাত হাজার ডেকচিতে হবে রান্না। ২৪০ জন বাবুর্চি ও ৭২০ জন কসাই নিয়োজিত থাকবেন এই কাজে।’ দরবার শরিফ সূত্রে জানা গেছে, ১৯০৭ সাল থেকে প্রতিবছর ১০ মাঘ (২৩ জানুয়ারি) ঐতিহ্যবাহী এই ওরস অনুষ্ঠিত হচ্ছে। দেশের কমবেশি প্রায় সব এলাকা থেকেই ভক্তরা আসেন এখানে। এ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ ৯-১১ মাঘ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। সড়কপথে বাস, ট্রাক, কার, মাইক্রো, মিনিবাস, টেম্পো ইত্যাদি নিয়েও আসেন ভক্তরা। চট্টগ্রাম-খাগড়াছড়ির নাজিরহাট-মাইজভান্ডার সড়কে এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন সৈয়দ আজিমুল্লাহ। তিনি বলেন, ‘মাইজভান্ডার শরিফ মানুষের তীর্থভূমি। সব ধর্মের মানুষের স্থান আছে এখানে।’গতকাল দরবার শরিফ প্রাঙ্গণে দেখা গেছে, দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্ত শিল্পীরা ভান্ডারি গানে আসর জমিয়ে তুলেছেন। কুড়িগ্রাম থেকে আসা শিল্পী সেলিনা বেগম বলেন, ‘ওরসের সময় সামাজিক মর্যাদা, ভেদাভেদ ভুলে যান আগত লোকজন। সবার সঙ্গে মিলে গান গাওয়াতেই আমার তৃপ্তি।’ওরস উপলক্ষে ছোটখাটো একটা মেলাও বসে যায়। ছুরি, দা, বটি, খুন্তি এবং কাঠ, বাঁশ-বেত ও মাটির তৈজসপত্র পাওয়া যায় মেলায়। পিঠার সাজ, রুটি বেলার পিঁড়ি ও খেলনার সম্ভার নিয়ে বসেন কারিগরেরা।