মাইজভান্ডার শরিফে ভক্তদের মিলনমেলা
হাজারো ভক্তের সমাগমের মধ্য দিয়ে ১৫ অক্টোবর উদ্যাপিত হলো সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ১৫৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ফটিকছড়ির মাইজভান্ডার শরিফে বার্ষিক ওরস শরিফ অনুষ্ঠিত হয়। রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ওরসের।
আয়োজন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পুলিশ বিভাগ সহায়তা দিয়েছে বলে মাজভান্ডারের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, গাউছিয়া রহমানিয়া মঞ্জিল ও শাহ এমদাদীয়া মঞ্জিলের পক্ষ থেকে জানানো হয়।
মঞ্জিল কর্তৃপক্ষ জানায়, ওরস উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। সেমিনার, মাইজভান্ডারী তরিকার প্রচার এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এ উপলক্ষে। এতে দেশের বাইরে থেকে আসা ভক্তরাও অংশ নেন।
এ ছাড়া ওরস উপলক্ষে তিন দিন ধরে চলেছে জিকির, আসকার ও মিলাদ। রাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবও দায়িত্ব পালন করেছে। এ ছাড়া প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন।
ওরসে বিভিন্ন এলাকা থেকে এসেছেন ভক্তরা। কুমিল্লার দাউদকান্দি থেকে এসেছেন রইছউদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, মাইজভান্ডার এক ঐতিহাসিক তীর্থভূমি। সব ধর্মের মানুষের স্থান এখানে রয়েছে।
দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন শিল্পী ভান্ডারী ও ছেমা গান গেয়ে আসর জমিয়ে তোলেন। ফেনীর ছাগলনাইয়ার কাওয়ালি শিল্পী এমরানউদ্দিন বলেন, সব ভেদাভেদ ভুলে যান এখানে আসা ভক্তরা।