মাইজভান্ডারি ছেমা ভক্তির রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভক্ত-আশেকে ঠাসা মিলনায়তন। তখন গভীর রাত। শিল্পী দরাজ কণ্ঠে ধরলেন ‘ওহে প্রাণের সার, কী দিয়ে ভজিব দাসে চরণ আপনার।’ গানটি শুনে শ্রোতাকুলে দাপাদাপি নেই, লাফালাফি নেই, নেই উচ্ছ্বাস। আছে স্রষ্টার প্রেম। আছে ভক্তির রস। ফটিকছড়ির হারুয়ালছড়িতে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো মাইজভান্ডারি ছেমা মাহফিল। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারির বার্ষিক ওরস উপলক্ষে গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখা এই ছেমার আয়োজন করে।অনুষ্ঠানে আধ্যাত্মিক সাধক মকবুলে কাঞ্চনপুরি ও আবদুল হাদী কাঞ্চনপুরি রচিত ছয়টি গান গেয়ে শোনালেন শিল্পী দেলোয়ার হোসেন। শ্রোতাদের মন কেড়ে নেয় ‘গাউসে ধনের প্রেম সাগরে-ঈমান রত্ন ভেসে যায়’, ‘রসিক বাঁকা নয়ন বাঁকা-প্রাণ সখা মাইজভান্ডারি’ ও ‘এসো এসো প্রাণপতি, আর বাঁচি না তুমি বিনে’ গানে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাইজভান্ডারি গবেষক শাহেদ আলী চৌধূরী। ছেমা মাহফিলের আগে মাইজভান্ডারি দর্শন নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শওকত আলী চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, লোকমান ফকির, লেয়াকত আলী চৌধুরী। বক্তব্য দেন আবু সাদাত, শফিউল আজিম, শরিফ উদ্দিন সিদ্দিকী প্রমুখ।