মাইজভান্ডারে দৃষ্টিনন্দন স্থাপত্য
শাপলা ফুলের আদলে একটি সাদা স্থাপনা নীল আকাশের দিকে উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে-বাইরে ভাব-মগ্ন বেশুমার হূদয়ের পবিত্র উচ্চারণ। আশেক-ভক্তদের সরব-নীরব উচ্ছ্বাসে মুখরিত পুরো এলাকা। বিপুল পাপী-তাপী, সাধু-ফকিরের সঙ্গে সংসারের মানুষ আছেন ভিড় করে। যাঁর কাছে সবার আসা, তিনি অসংখ্য ভক্তের আধ্যাত্মিক সাধনার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারি। তাঁরই স্মরণে ১৯৯৮ সালে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নান্দনিক এই স্থাপত্য। এটির অবস্থান ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে। একাধিক স্থপতি ও প্রকৌশলীর দাবি, এই নান্দনিক স্থাপনা (রওজা শরিফ) শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার একটি অন্যতম নান্দনিক স্থাপত্য কাঠামো। সূত্র জানায়, বিশিষ্ট স্থপতি আলমগীর কবীর রওজা শরিফের এ নকশা প্রণয়ন করেন। ১৯৮৯ সালে তিনি (আলমগীর কবীর) ফিলিস্তিনে অবস্থিত বায়তুল মোকাদ্দেসের অনুকরণে একটি এবং পদ্ম ও শাপলা ফুলের আদলে অন্য দুইটি নকশা আঁকেন। মাইজভান্ডার গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক জামাল আহমদ শিকদার জানান, স্থপতি আলমগীর কবিরের ওই তিনটি নকশার মধ্যে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) একমাত্র ছেলে গাউসিয়া হক মঞ্জিলের স্থলাভিষিক্ত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (মজিআ) শাপলা ফুলের আদলে আঁকা নকশাটি গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালের ৩ মার্চ রওজা শরিফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ শুরুর আগে এই কাঠামোর স্থপতি আলমগীর কবিরের অকাল মৃত্যু হলে কাজের দায়িত্ব পান স্থপতি বিধান বড়ুয়া। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১৯৮৯ সালে প্রকৌশলীদের নিয়ে গঠন করা হয় পর্যবেক্ষণ কমিটি। ওই কমিটির প্রধান ছিলেন প্রকৌশলী জহিরুল হক এবং সদস্য ছিলেন চিত্রশিল্পী মর্তুজা বশীর, প্রকৌশলী সৈয়দ মহিউদ্দীন, সৈয়দ রফিকুজ্জামান, আবদুর রশিদ, আলী নবী চৌধুরী, হাবিবুর রহমান, আবদুল মান্নান ও আলী আশরাফ। প্রকল্পের অতিরিক্ত উপদেষ্টা ও পরামর্শক ছিলেন স্থপতি জামিলুর রেজা চৌধুরী ও অধ্যাপক মোজাম্মেল হক। সূত্র আরও জানায়, গোলাকৃতি রওজা শরিফের পরিধি ১২০ ১২০ ফুট, উচ্চতা ৬৭ ফুট। মিনারের পরিধি ২৩ ফুট, উচ্চতা ১৪০ ফুট। কিন্তু জায়গার সমস্যার কারণে গোলাকৃতি রওজা শরিফের পরিধি কমিয়ে করা হয় ৮৪ ৮৪ ফুট। এই রওজা শরিফে রয়েছে বাইরে থেকে দেখার সুবিধাযুক্ত আয়নার ঘেরা, অ্যালুমিনিয়াম ফেনসিং, মার্বেল পাথর ও কাঠের নান্দনিক কারুকাজ। সম্প্রতি সরেজমিন রওজা শরিফ পরিদর্শনে গেলে দেখা যায়, রওজা শরিফের আয়নায় প্রতিবিম্বিত হচ্ছে সূর্যের বর্ণিল আলো। কাঠের কারুকাজখচিত ১৬টি দরজা, স্তম্ভ রয়েছে ৫৬টি। রওজার পাশের ছয়তলা ভবনে উঠে দেখা যায় একটি শাপলা যেন জলে ভাসছে। এটিতে বড় পাপড়ি আছে ১৬টি, ছোট পাপড়ি ৮০টি। প্রকৌশলী আলী আশরাফের কাছে এই স্থাপত্য কাঠামোর বিষয়ে জানতে চাইলে বলেন, ‘শাহানশাহে জিয়াউল হক মাইজভান্ডারির রওজা শরিফ এ অঞ্চলের পবিত্রতার প্রতীক। এটি একটি নান্দনিক স্থাপনা। স্থপতি ইউসুফ সরওয়ার বলেন, ‘এই স্থাপনার স্তম্ভ, ভেতর ও বাইরের কাঠামো এতই দৃষ্টিনন্দন যার তুলনা দক্ষিণ এশিয়ায় বিরল।’ একই কথা বলেছেন প্রকৌশলী মাহফুজুর রহমান। মহান আধ্যাত্মিক সাধক সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) এই রওজা শরিফ জিয়ারতে এসেছেন দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ অসংখ্য বরেণ্য ব্যক্তিত্ব। এ মহান আধ্যাত্মিক সাধকের জন্ম ১৯২৮ সালের ২৫ ডিসেম্বর। তাঁর বাবা মাওলানা দেলওয়ার হোসাইন মাইজভান্ডারি। তিনিও ছিলেন প্রখ্যাত সাধক। বংশ লতিকায় দেখা যায়, তাঁর (সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির) পূর্বপুরুষ ছিলেন মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.)। মহান এ সাধকের রওজা জিয়ারত করতে আসা একাধিক ভক্ত-আশেককে প্রশ্ন করলে তাঁরা জানান, অযুত মানুষের তীর্থভূমি মাইজভান্ডার শরিফ। তাঁদের দাবি—জাতিধর্ম-নির্বিশেষে মানব মুক্তির দিশারি দর্শনকেন্দ্রিক একটি সংস্কৃতির নাম মাইজভান্ডারি। এখানে সব ধর্মের মানুষ বিশ্বাসের একনিষ্ঠতায় আসা-যাওয়া করেন। আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ জিয়াউল হক মাইজভান্ডারি ১৯৮৮ সালের ১৩ অক্টোবর ইন্তেকাল করেন। প্রতিবছর আশেক-ভক্তরা তাঁর রওজা শরিফে ১০ পৌষ জন্মদিন বা খোশরোজ শরিফ এবং ২৬ আশ্বিন ওরস শরিফ বর্ণাঢ্য আয়োজনে পালন করেন। এ সময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষের সমাগম ঘটে।