মাইজভান্ডারে ভক্তদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির বার্ষিক ওরসে ভক্তদের ঢল
সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির বার্ষিক ওরসে ভক্তদের ঢল

মানুষে মানুষে সব ভেদরেখা যেন মুছে গিয়েছিল। সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির ১০৯তম বার্ষিক ওরসে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে হাজির হয়েছিলেন সব শ্রেণি–পেশার ভক্তরা। বাউল ও মরমি শিল্পীরাও এসেছিলেন দূর-দূরান্ত থেকে। ২৩ জানুয়ারি রাতে দেশের শান্তি কামনায় অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তিনদিনের আয়োজন।
ওরস উপলক্ষে তিন দিনব্যাপী চলেছে জিকির আসকার ও মিলাদ মাহফিল। পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে আসা শিল্পীরা পরিবেশন করেন ভাণ্ডারি গান। দরবারের বিভিন্ন মজিলসের উদ্যোগে ভক্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। শুক্রবার রাতে মুসলিম উম্মাহর কল্যাণ, নিপীড়িত মানুষের মুক্তি এবং সংঘাত-হানাহানি থেকে পরিত্রাণে আল্লাহর রহমত কামনা করে আখেরি মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আহমদিয়া মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি।
আয়োজন নির্বিঘ্ন করতে দরবার কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও পুলিশ বিভাগ একযোগে কাজ করেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে।
ওরসে বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন মরমি শিল্পীরা। নারায়ণগঞ্জের কেন্দুয়া গ্রাম থেকে আসা শিল্পী ওয়ালিউর রহমান বলেন, মাইজভান্ডার দরবার মানুষের ধর্ম পালনের তীর্থভূমি। সব ধর্মের মানুষের স্থান আছে এখানে।
ওরস উপলক্ষে দরবারের চার কিলোমিটার এলাকাজুড়ে বসেছিল লোকজ পণ্যের মেলা। সেখানে ছুরি, দা, বটি, খুন্তির পাশাপাশি কাঠ, বাঁশ, বেত ও মাটির তৈরি তৈজসপত্র বিক্রি হয়েছে।