মাইজভান্ডারে হাজারো ভক্তের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত আধ্যাত্মিক সাধক গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) প্রপৌত্র সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাইজভান্ডার দরবারে ভক্তদের মেলা বসেছিল। তীব্র শীতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা ২৪ ডিসেম্বর সকাল থেকে পরদিন ভোর পর্যন্ত নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।এসব কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, আলোচনা সভা, দরুদ পাঠ, গজল, মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাত। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে হক মঞ্জিলে এই কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে ব্যাপক আলোকসজ্জা ও বর্ণিল সাজে সাজানো হয় শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারির মাজার ও আশপাশের এলাকা। চট্টগ্রাম শহর থেকে মাইজভান্ডার পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় অসংখ্য তোরণ। রাতে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে নাজিরহাট ঝংকার এলাকা থেকে দরবার ফটক পর্যন্ত আলোকসজ্জা করা হয়। আয়োজকেরা জানান, আগত ভক্তদের মধ্যে খাবার বা তবারক পরিবেশন করা হয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধর্ম-নির্বিশেষে মানুষের উপস্থিতিতে জন্মদিনটি মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের জন্য রওজা শরিফ ঘিরে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। সন্ধ্যার পর থেকে শামিয়ানার নিচে ভক্তরা জমায়েত হন। রওজার পূর্ব পাশে দরাজ গলায় গান ধরলেন মরমি শিল্পী দেলোয়ার হোসেন। তিনি গাইলেন ‘ওরে প্রাণের সার। কি দিয়া ভজিব দাসে চরণ আপনার...।’ রাত ১০টা পর্যন্ত চলে এ রকম সংগীতের আসর। হাজার হাজার মানুষের আগমনে আশপাশজুড়ে বসে যায় মেলা।মেলায় বিকিকিনিও চলেছে সারা রাত। রাত ১১টায় শুরু হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। বক্তব্য দেন নঈমুল কুদ্দুস, মুহাম্মদ ওহীদুল আলম, লোকমান হোসাইন, আবদুল মালেক, সেকান্দর হোসেন প্রমুখ।