মাইনীর চরে দুই ভাইয়ের তরমুজ বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার মাইনী নদীর চরে ফলেছে আগাম তরমুজ। নিজের ফলানো পরিপুষ্ট তরমুজ হাতে চাষি নব জ্যোতি চাকমা। ছবিটি ২৩ জানুয়ারি বিকেলে তোলা l প্রথম আলো
দীঘিনালার মাইনী নদীর চরে ফলেছে আগাম তরমুজ। নিজের ফলানো পরিপুষ্ট তরমুজ হাতে চাষি নব জ্যোতি চাকমা। ছবিটি ২৩ জানুয়ারি বিকেলে তোলা l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জারুলছড়ি বেলতলী এলাকায় মাইনী নদীর চরে আগাম তরমুজ ফলিয়েছেন দুই ভাই নব জ্যোতি চাকমা (৩৭) ও তপন জ্যোতি চাকমা (৩২)। ফলন ভালো হওয়ার পাশাপাশি ভালো দাম পাচ্ছেন বলে খুশি তাঁরা।

২৩ জানুয়ারি বিকেলে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, মাইনী নদীর পশ্চিম পারের নুনছড়ি অংশের চরে তরমুজখেতে কাজ করছেন দুই ভাই নব জ্যোতি ও তপন জ্যোতি। নদীর পূর্ব পারে বেলতলী এলাকার দোকানে তাঁদের তরমুজ বিক্রি হলেও বেশির ভাগ ক্রেতা খেত থেকে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। আকার ভেদে প্রতিটি তরমুজ ১০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

তরমুজখেতেই কথা হয় নব জ্যোতি চাকমা ও তপন জ্যোতি চাকমার সঙ্গে। তাঁরা জানান, তাঁদের বাড়ি নুনছড়ি সুব্রত কারবারিপাড়া গ্রামে। গত বছর নদীর চরের ২০ শতক জমিতে তরমুজ চাষ করে ৬০ হাজার টাকা লাভ হয়েছিল। তাই এ বছর দুই ভাই মিলে দুই হাজার টাকায় ৪০ শতক চরের জমি বর্গা নিয়ে তরমুজের চাষ করেছেন। ৪০ শতক জমিতে তরমুজ লাগাতে খরচ হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার মতো। আশ্বিন মাসের শেষের দিকে তরমুজ লাগিয়েছিলেন। মাঘ মাসের শুরু থেকে খেত থেকে তরমুজ তোলা শুরু করেছেন। এ পর্যন্ত ৫০ হাজার টাকার মতো তরমুজ বিক্রি হয়েছে। সব মিলিয়ে দুই লাখ টাকার মতো তরমুজ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা জানান, তাঁরা কোনো পাইকারি ব্যবসায়ীর কাছে তরমুজ বিক্রি করছেন না। ক্রেতারা খেত থেকেই তরমুজ নিয়ে যাচ্ছেন।

তরমুজখেত পরিচর্যায় বাড়তি কোনো শ্রমিকের প্রয়োজন হয়নি তাঁদের। খেতে সহযোগী হিসেবে কাজ করেছেন তাঁদের স্ত্রীরা। এ বিষয়ে নব জ্যোতির স্ত্রী স্বপ্না চাকমা ও তপন জ্যোতির স্ত্রী এপি চাকমা বলেন, স্বামীদের সঙ্গে তরমুজখেতে কাজ করতে পেরে এবং তরমুজের ভালো ফলন দেখে তাঁরা নিজেরা আনন্দিত।

খেত থেকে তরমুজ কিনতে আসা বাবুছড়ার সমর বিজয় চাকমা বলেন, ‘এই সময়ে তরমুজ পাওয়া যায় না। আমি আট কিলোমিটার দূর থেকে তরমুজ কিনতে এসেছি। তরমুজের আকারও বড় এবং খেতেও মিষ্টি। পাঁচটি মাঝারি আকারের তরমুজ কিনেছি দেড় হাজার টাকায়।’

বাবুছড়া ইউনিয়নের ধনপাতা কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুদত্ত চাকমা বলেন, ‘নব জ্যোতি চাকমা ও তপন জ্যোতি চাকমার তরমুজখেত আমি দেখেছি। তাঁদের বিভিন্ন পরামর্শও দিয়েছি। আগাম তরমুজের ফলন খুব ভালো হয়েছে এবং তরমুজের আকারও বড়। স্বাভাবিকভাবে মার্চের প্রথম সপ্তাহে তরমুজের ফলন হয়। কিন্তু দুই ভাইয়ের পরিশ্রমের কারণে তাঁরা জানুয়ারির শুরুতেই তরমুজের ফলন পেয়েছেন তাঁরা।’