মাইনীর চরে শসার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দিঘীনালার মাইনী নদীর চরে গত বছর পরীক্ষামূলকভাবে শসা ও খিরার চাষ করে সফল হয়েছিলেন স্থানীয় এক চাষি। তাঁর দেখাদেখি এ বছর বেশ কয়েকজন চাষি শসা-খিরার চাষ করেছেন। সাফল্য এসেছে তাঁদেরও। চরের বিস্তীর্ণ সবুজ খেতে এখন ফলন এসেছে। চাষিরা ব্যস্ত ফসল ঘরে তুলতে। ভালো ফলনের পাশাপাশি এবার দামও উঠেছে শসা-খিরার। ফলে লাভের মুখ দেখেছেন চাষিরা।জানা গেছে, গত বছর পরীক্ষামূলক হাইব্রিড শসা ও খিরা চাষ করেছিলেন এলাকার আলী হোসেন নামের একজন কৃষক। খরচ বাদে তাঁর লাভ হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। আলী হোসেনের এই সাফল্য মূলত শসা-খিরা চাষে এগিয়ে আসতে চাষিদের উদ্বুদ্ধ করেছে। এ বছর স্থানীয় পাইকারি শসা ১৮ টাকা ও খিরা ২২ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে শসা বিক্রি হচ্ছে ২০ টাকা ও খিরা ২৫ টাকায়। সম্প্রতি সরেজমিন মাইনী নদীর চরে গিয়ে দেখা যায়, কয়েকজন চাষি ও শ্রমিক খেত থেকে শসা-খিরা তুলে পানিতে পরিষ্কার করছেন। চাষি আবুল কালাম আজাদ জানান, তিনি ৩০ শতক জমিতে গ্রিনবার্ড, গ্রিনলাইন জাতের শসা ও শীতল এফ ওয়ান জাতের খিরার চাষ করেছেন। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে লাভ হবে প্রায় ৭০ হাজার টাকা। চাষি মো. খুরশিদ ও ফজলু মিয়া বলেন, ‘আলী হোসেনের দেখাদেখি আমরা এ বছর শসা ও খিরা চাষ করেছি। মনে হচ্ছে ভালো লাভ হবে।’চাষি আলী হোসেন জানান, পরীক্ষামূলকভাবে গত বছর এক একর জমিতে চাষ করে এক লাখ ২০ হাজার টাকা লাভ হয়েছিল তাঁর। তবে চাহিদানুযায়ী কীটনাশকসহ চাষের আনুষঙ্গিক সরঞ্জাম ও অভিজ্ঞ শ্রমিক পেলে উৎপাদন আরও বাড়ত। এ বছর খিরা চাষে গত বছরের চেয়ে দ্বিগুণ লাভ হবে বলে আশা করছেন তিনি।কবাখালী কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম জাবেদ বলেন, গত বছর একজন চাষি শসা ও খিরার চাষ করেছিলেন। তাঁর সফলতা দেখে এ বছর আট-১০ জন চাষি শসা-খিরা চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে।