মাওবাদ মোকাবিলায় বেহাল ভারত
পশ্চিমবঙ্গে গত সপ্তাহের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য ভারত সরকার দায়ী করেছে মাওবাদীদের। একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে চরম বামপন্থী এ গোষ্ঠী। দেখেশুনে মনে হচ্ছে, তাদের দমাতে সরকারি অভিযান বিশেষ কাজে আসছে না। এ জন্য প্রশ্ন উঠেছে, সরকার-মাওবাদী দ্বৈরথে কি গেরিলা বাহিনীরই জয় হচ্ছে?পুলিশ দাবি করেছে, তারা এলাকা থেকে স্থানীয় মাওবাদী বাহিনীর সই করা প্রচারপত্র পেয়েছে, যাতে তারা রেললাইনের কিছু অংশ তুলে রাখার দাবি করেছিল। যাত্রীবাহী ট্রেনটি এ কারণেই লাইনচ্যুত হয় এবং বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। ফলাফল ৭১ জনের মৃত্যু।দুর্ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের মাওবাদী বিদ্রোহের অন্যতম কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরও কয়েকটি রাজ্যে রয়েছে মাওবাদীদের তৎপরতা। পশ্চিম মেদিনীপুরে আদিবাসীদেরই প্রাধান্য; বিশেষ করে, ঝাড়খন্ড রাজ্যের লাগোয়া ‘জঙ্গলমহল’ অংশে। আর এ আদিবাসীদের অনেকেই মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল। আদিবাসীরা মনে করে, তারা বঞ্চিত। তাদের অভিযোগ, আদিবাসীরা টানা ১৯৭৭ সাল থেকে রাজ্যে ক্ষমতাসীন বামপন্থী সরকারের অবহেলার শিকার। তাদের বেশির ভাগ চরম দারিদ্র্যের শিকার। বিবিসির প্রতিবেদক লিখেছেন, ওই এলাকায় বছর কয়েক আগে সফরকালে দৃশ্যমান উন্নয়নের একমাত্র যে নজির তাঁর চোখে পড়েছিল, তা হচ্ছে সস্তা মদের দোকান।বিদ্যমান অবস্থায় বীতশ্রদ্ধ জঙ্গলমহলের অনেক আদিবাসী এমনকি আলাদা রাজ্যের দাবি তুলেছিল। কয়েক বছর আগে পাশেই বনবহুল পৃথক ঝাড়খন্ড রাজ্য গঠিত হওয়ায় তাদের বিচ্ছিন্নতাবোধ বেড়ে যায়। তারা মাওবাদীদের দিকে ঝুঁকে পড়ে। দরিদ্র ও আদিবাসী অধ্যুষিত এলাকায়ই তাদের প্রভাব বেশি।একের পর এক হামলার মুখে নিরাপত্তা বাহিনী এ মুহূর্তে রক্ষণাত্মক অবস্থানে। জঙ্গলমহলের লালগড় হচ্ছে মাওবাদী বিদ্রোহীদের সবচেয়ে বড় ঘাঁটি। গত ফেব্রুয়ারি মাসে তারা সেখানে একটি পুলিশ ফাঁড়িতে হামলা করে ২৪ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। বিদ্রোহীরা লালগড়কে মুক্ত এলাকা বলতে পছন্দ করে। ওই এলাকায় সরকারের কর্তৃত্ব নেই বললেই চলে। ‘রেড করিডর’জুড়ে সরকারের বিদ্রোহ দমন অভিযান শুরু হওয়ার পর থেকে মাওবাদী বিদ্রোহীরা কীভাবে ক্রমশ বেশি করে শত্রুর ওপর চড়াও হচ্ছে, মেদিনীপুরের ট্রেন দুর্ঘটনা এর একটি উদাহরণ। মাওবাদী তৎপরতা রয়েছে এমন ২০টি রাজ্যের ২২৩টি জেলা এই রেড করিডরে পড়েছে। মাত্র ছয় বছর আগেও ‘মাওবাদী উপদ্রুত’ ছিল নয়টি রাজ্যের ৫৫টি জেলা।সরকারের বক্তব্য অনুযায়ী ২২৩ জেলার মধ্যে ৯০টিতে ‘অব্যাহত সহিংসতা’ চলছে। বিদ্রোহীরা সাম্প্রতিক মাসগুলোতে বেশ নির্মমতার সঙ্গে হামলা চালাচ্ছে। ছত্তিশগড় রাজ্যে দুটি বড় ধরনের হামলায় ৭৫ জন আধাসামরিক বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়।তবে কেউ কেউ বলছেন, ট্রেনে এ হামলার ক্ষেত্রে মাওবাদীদের হিসাবে কিছু গড়বড় হয়ে গেছে। বিদ্রোহীরা রেললাইনে ছোটখাটো ঝামেলা প্রায়ই বাধায়, যাতে লাইনচ্যুতির ঘটনাও মাঝেমধ্যে ঘটে। তবে লাইনের অনেক গোলমালই আগে ধরা পড়ে গেছে। ডাকাতির ঘটনাও ঘটেছে কিছু। কিন্তু বেসামরিক যানবাহনে এমন বড় ধরনের হামলায় এত প্রাণহানি আর হয়নি। গত বছর মাওবাদীরা কয়েটি রাজ্যে রেলের ওপর ৩২টি হামলা করেছে। কিন্তু বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মেদিনীপুরের মতো বড় হামলায় মাওবাদীদের প্রতি সমর্থন কমবে।ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার জোড়া হামলার পর ভারতের কেন্দ্রীয় সরকার বলেছিল, বিদ্রোহ মোকাবিলার বর্তমান কৌশল পর্যালোচনা করা হবে। সরকার বারবার আলোচনার আহ্বান জানালেও বিদ্রোহীরা এ পর্যন্ত তা প্রত্যাখ্যান করে এসেছে।পর্যবেক্ষকেরা বলছেন, দৃশ্যত ইরাক ও আফগানিস্তানে মার্কিন নীতির আলোকে বিদ্রোহীদের উৎখাত, নিয়ন্ত্রণ গ্রহণ এবং তারপর উন্নয়নের যে কৌশল সরকার নিয়েছে, তাতে কাজ হচ্ছে না। তাদের মতে, এর একটি কারণ হচ্ছে, বিশাল জঙ্গল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্রোহীদের মোকাবিলা করতে সরকারি বাহিনীর যে জনবল ও অস্ত্র-সরঞ্জাম বাড়ানো হয়েছে, তা যথেষ্ট নয়।নিরাপত্তা বিশ্লেষক অজয় সাহানি বলেন, বিদ্রোহীদের একের পর এক হামলার তোড়ে সরকার যে পশ্চাদপসরণ করছে, তা সাদা চোখেও ধরা পড়ে। তাঁর মতে, যথেষ্ট সৈনিক, প্রশিক্ষণ আর গোয়েন্দা তথ্যের অভাবই এ রকম বিপর্যয়ের কারণ।স্থানীয় পুলিশের অস্ত্র-জনবলের ঘাটতি ও গোয়েন্দা নেটওয়ার্কের দুর্বলতা ভারতের নিরাপত্তার সবচেয়ে নাজুক দিক বলে মনে করা হয়। এ বিষয়গুলো জোরদার করার কোনো প্রচেষ্টাও এ মুহূর্তে দৃশ্যমান নয়।বিশ্লেষকদের মতে, বিদ্রোহীদের মোকাবিলার পদ্ধতি নিয়ে সরকার দৃশ্যত বিভ্রান্ত। নিজের নাগরিকদের ওপর আরও কঠিন দমন অভিযান চালানো উচিত কি না, তা নিয়ে ক্ষমতাসীন কংগ্রেসের মধ্যেই মতপার্থক্য আছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সম্প্রতি বিদ্রোহ মোকাবিলায় আরও ক্ষমতা চেয়েছেন সরকারের কাছে। মন্ত্রীর ভাষ্য, তাঁকে এ ব্যাপারে সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে।চিদাম্বরম জানিয়েছেন, অবস্থা সবচেয়ে খারাপ—এমন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিমান হামলা চালানোর অনুরোধ করেছেন। কিন্তু কেন্দ্র তা মানছে না। তবে পর্যবেক্ষকেরা মনে করেন, রাজ্যসরকারগুলো বিদ্রোহ মোকাবিলায় যথেষ্ট চেষ্টা করছে না। এর ফলে বিষয়টির কেন্দ্রীয়করণ হয়েছে। সবাই তাকিয়ে থাকছে কেন্দ্রের দিকে।বিশ্লেষকেরা মনে করেন, মাওবাদীদের মোকাবিলা করার প্রাথমিক দায়িত্ব রাজ্যের। প্রথম যাদের এর মোকাবিলা করতে হবে, তারা হলো স্থানীয় পুলিশ। এ বাহিনীকে শক্তিশালী করে বিদ্রোহ মোকাবিলায় তাদের সক্ষম করে তুলতে হবে। যে পর্যন্ত তা না হবে, সে পর্যন্ত এ লড়াইয়ে বিদ্রোহীরা এগিয়ে থাকবে। এখন পর্যন্ত যা লক্ষণ, তাতে এটি একটি দীর্ঘমেয়াদি সংঘাত হবে বলেই মনে হচ্ছে, যেমনটি কি না ভারত আগে কখনো দেখেনি।