মাওবাদী যোদ্ধারাই বড় ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের জাতীয় সেনাবাহিনী নেপাল আর্মি আজ ১২ ফেব্রুয়ারি তাদের বার্ষিক দিবস পালন করছে। অন্যদিকে মাওবাদীদের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) আগামীকাল ১৩ ফেব্রুয়ারি তাদের ‘পিপলস ওয়ার’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। একই দিনে আবার নেপাল আর্মি শিবরাত্রি উদ্যাপন করবে। কাছাকাছি সময়ে নেপাল আর্মি ও পিএলএর অনুষ্ঠান উদ্যাপন নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে নেপালের সাধারণ মানুষ। কেননা নেপাল আর্মি ও মাওবাদীদের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি বলতে গেলে পরস্পরের প্রতিপক্ষ। দুপক্ষই তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রস্তুত হয়ে আছে। নেপালের রাজতন্ত্রের পতনের আগে নেপাল আর্মি পরিচিত ছিল রয়্যাল নেপাল আর্মি নামে। এই বাহিনীর সদস্যসংখ্যা নারী-পুরুষ মিলিয়ে ৯৬ হাজার। অন্যদিকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) যোদ্ধার সংখ্যা ২০ হাজারের কাছাকাছি। এসব যোদ্ধা এখন জাতিসংঘের পর্যবেক্ষণে সেখানকার বিভিন্ন শিবিরে অবস্থান করছেন।জাতিসংঘের মতে, নেপালের চলমান শান্তিপ্রক্রিয়া এখনো ভঙ্গুর। আগামী ২৮ মের মধ্যে এক নতুন সংবিধান রচনা করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ছাড়া সাবেক মাওবাদী বিদ্রোহীদের নিয়ে গড়া রাজনৈতিক দল ও গণতান্ত্রিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস্য জনগণকে ঘাবড়ে দিয়েছে। অনেকের মনে এই আশঙ্কা দেখা দিয়েছে যে একটি সাংবিধানিক সংকট দেশকে অনির্দিষ্টকালের জন্য নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেবে।তবে এও ঠিক যে নেপালের সব রাজনৈতিক দলই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাতে একটি সংবিধান রচনা করা যায়, তার জন্য সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বেশির ভাগই চাইছে সংবিধান এমনভাবে রচনা করা হোক, যাতে নেপালে রাজতন্ত্র ফিরে আসার সুযোগ না আসে।নেপাল সরকারের সামনে এখন সব বড় বড় চ্যালেঞ্জ। সরকার চাইছে মে মাসের মধ্যে এসব চ্যালেঞ্জও মোকাবিলা করতে। এসব চ্যালেঞ্জের একটি হচ্ছে সাবেক মাওবাদী যোদ্ধাদের পুনর্বাসন করা এবং জীবনের মূলধারায় ফিরিয়ে আনা।আগামী ১৫ মে নেপালে মোতায়েন জাতিসংঘের বিশেষ মিশনের মেয়াদ শেষ হবে। তার আগেই সরকার সাবেক গেরিলাদের ঘাঁটিগুলো ধ্বংস করে ফেলতে হবে। মাওবাদী নয়, এমন দলগুলো মাওবাদীদের দ্রুত দমন করতে চাইছে।মাওবাদীরা চাইছে, পিএলএ ও নেপাল আর্মিকে এক করে ফেলা হোক। গঠন করা হোক নতুন এক বাহিনী, যেখানে থাকবে নতুন নিয়ম ও নীতিমালা।মাওবাদী নেতারা এমন প্রস্তাবও দিয়েছে যে পিএলএ সেনাদের তিনটি নিরাপত্তা সংস্থা নেপাল পুলিশ, আর্মড পুলিশ ফোর্স ও ন্যাশনাল ইনভেস্টিকেশন ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত করা হোক। মাওবাদীদের এ প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে বেশির ভাগই এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পিএলএর পাঁচ হাজার সেনাকে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন।প্রধানমন্ত্রীর দল মধ্য বামপন্থী ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল)-এর সভাপতি ঝলানাথ থানান এ প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন। তবে একই দলের নেত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদ্যা ভান্ডারি এর বিরোধিতা করে বলেছেন, মাওবাদী যোদ্ধাদের সামরিক বাহিনীতে নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।একই মনোভাব পোষণ করতেন নেপালের সাবেক সেনাপ্রধান জেনারেল রুকমানগুদ কাতাওয়াল। গত বছরের মে মাসে তত্কালীন প্রধানমন্ত্রী প্রচন্ড তাঁকে বরখাস্ত করতে চেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্টের হস্তক্ষেপে তা হয়নি। তবে রুকমানগুদ কাতাওয়ালের উত্তরসূরি ছত্রমান সিং গুরুং বলেছেন, জাতীয় মতৈক্যের ভিত্তিতে সরকার যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। তবে গুরুংয়ের কয়েকজন উচ্চভিলাষী সহকর্মী পিএলএ যোদ্ধাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেন।নেপাল আর্মি মাওবাদীদের অন্তর্ভুক্ত করার বিরোধী নয়, যদি তারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারে।মাওবাদীরা বলছে, সংবিধান রচনায় প্রক্রিয়া ও মাওবাদী যোদ্ধাদের সমস্যার সমাধান একই সঙ্গে হওয়া উচিত। এর মাধ্যমেই পরস্পরের প্রতি সন্দেহ ও অবিশ্বাস দূর হবে।মাওবাদী নেতা জনার্দন শর্মা এশিয়া টাইমস অনলাইনকে বলেছেন, আমরা মাওবাদীরা এ কারণে উদ্বিগ্ন যে আমরা সন্দেহ করি অন্যান্য রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান রচনা বন্ধ করার জন্য অজুহাত খুঁজছে। অন্যদিকে তারাও মনে করছে যে আমরা মাওবাদী যোদ্ধাদের ইস্যুটি আগামী নির্বাচনে সর্বত্র জিইয়ে রাখতে চাইছি।তবে এটা ঠিক যে গণতান্ত্রিক ও মাওবাদী উভয় দলই নেপাল আর্মি ও পিএলএকে একত্র করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করতে দিনরাত কাজ করে যাচ্ছে।রাজনৈতিক দল হওয়ার পরও মাওবাদীরা আনুষ্ঠানিকভাবে সহিংসতার নিন্দা জানায়নি, মাওবাদীদের যুব শাখা ইয়ং কমিউনিস্ট গ্রুপের সদস্যরা দেশজুড়ে সংবাদমাধ্যমের ওপর আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে সমর্থনকারী গোষ্ঠীগুলোর ওপর হামলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে।ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মাওবাদী নেতৃত্বাধীন সরকার তাদের শত শত অপরাধমূলক কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক মামলা’ বলে চালানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে অতীতের অপরাধের সাজা থেকে রেহাই পেতে। তারা এখন রাজনৈতিক সহিংসতাকে উত্সাহিত করছে। কোনো মাওবাদী নেতা এই প্রতিবেদনের কোনো প্রতিবাদ করেননি।আগামী ১৫ মের মধ্যে মাওবাদী যোদ্ধা ইস্যুর কোনো সুরাহা না হলে নেপালে জাতিসংঘ মিশন তাদের অবস্থানের মেয়াদ আরও বাড়াবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে তা স্পষ্ট নয়। উদ্ভূত পরিস্থিতিতে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়কে হয়তো নেপালের বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। তা না হলে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।