মূল রচনা: পাটের পর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করে তাক লাগিয়ে দিয়েছেন বিজ্ঞানী মাকসুদুল আলম এবং তাঁর সহযোগী তরুণ গবেষক দল। শুনুন সেই গবেষণাযুদ্ধের নেপথ্য-কারিগরদের কথা
মাকসুদুলের তরুণ দল
২০১০ সালের ডিসেম্বরের কোনো এক বিকেল। স্থান জাতীয় সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে পাট গবেষণা ইনস্টিটিউটের পুরোনো একটি দ্বিতল ভবন। ১১ বিজ্ঞানী হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন। দেশের জন্য এক নতুন যুদ্ধে নামতে যাচ্ছেন তাঁরা। সেই যুদ্ধ সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনার জন্য। দেশবাসীর আকাঙ্ক্ষার চাপ তো আছেই, কিন্তু তাঁদের প্রতিযোগী তো এখন সারা বিশ্ব। পাটের কাণ্ডপচা রোগের জন্য দায়ী ছত্রাকের জীবনরহস্য বের করতে চান তাঁরা। কোন দেশের কোথায় এই ছত্রাক নিয়ে গবেষণা হচ্ছে তা জানা নেই তাঁদের। জীবনরহস্য উন্মোচনের গবেষণায় এটা জানাও সম্ভব নয়। সারা বিশ্বেই এ ধরনের গবেষণায় কঠোর গোপনীয়তা রাখা হয়। বাংলাদেশে যেখানে সরকার বা রাষ্ট্রের অতি গোপনীয় তথ্য ও সিদ্ধান্ত ফাঁস হয়ে যায়, সেখানে এ গবেষণার বিষয়টিকে কীভাবে গোপন রাখা হবে, তা নিয়েও কঠিন চ্যালেঞ্জের মধ্যেই গবেষণার শুরু। মাকসুদুল আলম বললেন, সবার আগে প্রয়োজন গবেষণার জন্য কঠোর গোপনীয়তা, সুরক্ষিত ভবন ও নিরাপত্তাব্যবস্থা। পুরোনো ওই দ্বিতল ভবনকে পাটের মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হলো। দেয়ালে বাড়ি দিলে ঝুরঝুর করে বালি ঝরে যায়। এক পাশে পাট গবেষণা ইনস্টিটিউটের ক্যানটিন, অন্য পাশে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক এলাকা। এখানে কীভাবে গোপনীয়তা বজায় থাকবে, কবে এ ভবন মেরামত করে ওপরে আরও তিনটি তলা তৈরি হবে, আর কবে শুরু হবে গবেষণা—এ নিয়ে চিন্তার শেষ নেই। উন্নত দেশগুলোতে এ ধরনের গবেষণায় বাজেট থাকে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা। সময় দেওয়া হয় পাঁচ থেকে ১০ বছর। বিশ্ববিদ্যালয়গুলো থেকে দক্ষ গবেষকদের নিয়োগ দেওয়া হয়। পাট ও ছত্রাকের জীবনরহস্য বের করার জন্য আমাদের এই গবেষণার জন্য দেওয়া হয়েছিল মাত্র তিন বছর, বাজেট ছিল ৬৬ কোটি টাকা। মাকসুদুল আলম বললেন, ‘এ সবকিছু মেনে নিয়েই আমরা গবেষণাটি নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে পারব। পেশাদারির বাইরেও আমাদের আছে দেশপ্রেম ও নিষ্ঠা। এই দুটো দিয়ে আমরা সব বাধা অতিক্রম করে যাব। শুরু হলো যাত্রা, স্বপ্নজয়ের।’বরাদ্দ পাওয়া ভবনের নিচতলার কক্ষে বসে গবেষণার প্রাথমিক কাজ শুরু হলো। একদিকে ভবন মেরামত ও নতুন তলা নির্মাণের কাজও সমান তালে চলল। গবেষণার সমন্বয়কারী মনজুরুল আলম বললেন, ‘আমরা শুধু কোনো একটি গবেষণা করে তার ফলাফলকেই জাতির কাছে তুলে ধরতে চাই না। আমরা চাই, এ গবেষণার প্রতিটি পদক্ষেপকে দেশের তরুণ গবেষকদের কাছে একটি আদর্শ তৈরি করা।’ মাকসুদুল আলম সবাইকে বলেছিলেন, ‘আজ থেকে শুরু, এরপর কবে ছুটি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। যাঁরা বিয়ে করেননি, তাঁরা এই তিন বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না। যাঁদের সন্তান আছে, তাদের পড়াশোনাসহ অন্য দায়-দায়িত্ব পরিবারের অন্যদের ওপর ছেড়ে দিন। আমরা কাজ করব দেশের সব মানুষের জন্য। আমাদের গবেষণার ফলাফলকে দেশের বেশির ভাগ মানুষের মুখে হাসি এনে দেবে। ফলে প্রত্যেকের ব্যক্তিগত অনেক ত্যাগ শিকার করতে হবে।’ বিয়ের ব্যাপারটা মাকসুদুল আলম বলেছিলেন মজা করেই। কিন্তু বাকি সব কথা ছিল অনেকটাই সত্যি।দেশপ্রেমের পরীক্ষাগার‘দেশের কথা ভেবে সবাই হাসিমুখে এসব শর্ত মেনে নিলেন। প্রতিটি প্রতিজ্ঞা কাজে পরিণত করে দেখিয়ে দিলেন সবাই। সুস্থ বা অসুস্থ এটা নিয়ে চিন্তা ছিল না। শরীরে একটু শক্তি থাকলেই কাজে নেমে যেতে হতো। রাত না দিন, তা নিয়ে ভাবনা ছিল না। যখন প্রয়োজন হতো কম্পিউটারের সামনে বসে একের পর এক জটিল সব তথ্যবিন্যাসের বিশ্লেষণ করতে হতো। শুক্র-শনি বা অন্য কোনো সরকারি ছুটি, সব ভুলে যেতে হয়েছিল। কাজটি শুরু করার আগে আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম দেশের জন্য কাজ করব। তাই ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাকে ছুটি দিতে হয়েছিল।’ পাটের পর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করে দেশে-বিদেশে তাক লাগিয়ে দেওয়া মাকসুদুল আলমের বিজ্ঞানী দলের একজন ড. সামিউল হক, গবেষণা চলাকালীন সেই অসামান্য সময়ের বর্ণনা এভাবেই দিচ্ছিলেন তিনি। পরিবারের অনেক কাজে সময় দিতে পারেননি গবেষণাটির সমন্বয়কারী মনজুরুল আলম। পরিবারের সবার মান-অভিমান সহ্য করে গবেষণাগারে পড়ে থাকতে হয়েছে তাঁকে। রাত ১২টা বা একটার আগে বাসায় ফিরতে পেরেছেন, এমন দিন খুব কমই গেছে। বিদেশে প্রশিক্ষণ বা অন্য কোনো কাজে সফরে গেলে দৈনিক থাকা-খাওয়া বাবদ কমবেশি ১৭৩ ডলার দেওয়া হয়। এ গবেষণা প্রকল্পের জন্য এখানকার গবেষকদের ডেনমার্ক, চীন ও মালয়েশিয়ায় পাঠানো হয়। এখানকার গবেষকেরা বিদেশে প্রশিক্ষণকালীন দৈনিক ৬০ থেকে ৭০ ডলার খরচ করেছেন। বাকি টাকা প্রকল্পের তহবিলে জমা দিয়েছেন। ৬৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও ৩২ কোটি টাকা খরচ করে এক বছরের মাথায় তাঁরা নিয়ে এলেন সাফল্য। উন্মোচিত করলেন ছত্রাকের জীবন-রহস্য।গবেষণা প্রকল্পের কম্পিউটার ও সার্ভার এবং গবেষণার আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে যে যন্ত্রগুলো দেশ থেকে কেনা ও তৈরি করা সম্ভব, তার জন্য বিদেশের মুখাপেক্ষী হননি এখানকার গবেষকেরা। যেমন গবেষণাকক্ষে চারটি বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। এই যন্ত্রগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে গেলে প্রতিটির জন্য প্রায় ১০ লাখ টাকা খরচ পড়ত। এ গবেষণা প্রকল্পের জন্য একটি দেশীয় সংস্থার মাধ্যমে ওই একই মানের যন্ত্র দেড় লাখ টাকা করে খরচ দিয়ে তৈরি করা হয়। অন্যান্য গবেষণাসামগ্রী ও আসবাব কেনার ক্ষেত্রে দেশীয় পণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুরুতে বলা হলো জৈব তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করার মতো দক্ষ জনবল সরকারি প্রতিষ্ঠানে নেই। গবেষণার তথ্য-উপাত্তকে কঠোর গোপনীয়তার মধ্যে সংরক্ষণ করতে হবে। ফলে বাইরের কারও সহযোগিতা নেওয়া যাবে না। তবে কে দেবে সেই প্রযুক্তি-সহায়তা? এ নিয়ে যখন সবাই চিন্তিত। তখন সরকারি সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী শরীফুর রহমানের নেতৃত্বে একদল তথ্যপ্রযুক্তিবিদ গবেষণায় সহযোগিতা করতে এগিয়ে আসেন। সরকারি সংস্থার এই প্রকৌশলীরাই বিশ্বমানের এ গবেষণার প্রযুক্তি-সহায়তা দিয়ে একে সফল করেছেন। প্রকল্প মানেই দামি গাড়ি, বিদেশ সফর, সভা-সেমিনার—এ ধারণা ভাঙতে চেয়েছে মাকসুদের দল। দিন নেই রাত নেই, গবেষণা চলত। রাত-বিরাতে বাড়ি ফেরার জন্য একটি মাইক্রোবাস ও একটি পিকআপ গাড়ির ব্যবস্থা রাখা হয়। ওই দুটি গাড়ি দিয়ে সবাইকে একে একে বাড়িতে পৌঁছে দেওয়া হতো। মাকসুদুল আলম গবেষণা প্রকল্পটিকে একটি দেশপ্রেমের মডেল বা আদর্শ হিসেবে দেখতে চেয়েছেন। তাঁর দলের অন্য ৩০ সদস্যও তাতে সায় দিয়েছেন। সরকারি প্রকল্পের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের মহাপরিচালক, মন্ত্রী, সচিব ও অন্য কর্তাব্যক্তিদের হস্তক্ষেপের বিষয়টি নিয়মিত সংবাদের বিষয় হয়। লোকবল নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ তো আছেই। পাট ও ছত্রাকের জীবননকশা উন্মোচনের গবেষণাটি এই অযাচিত হস্তক্ষেপ থেকে ছিল একদমই মুক্ত। পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন প্রকল্পের পরিচালক হিসেবে পুরো গবেষণাটিকে বুক দিয়ে আগলে রেখেছেন। সহযোগিতা করেছেন ইনস্টিটিউটের সর্বস্তরের গবেষক ও কর্মীরা। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশে এ প্রকল্পের নিয়োগ থেকে শুরু করে কেনাকাটাসহ সব বিষয় সম্পূর্ণভাবে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হয়েছে। কে কোন মতের বা চিন্তার, তা বিবেচনার বিষয় ছিল না। গবেষক হিসেবে কার কী যোগ্যতা-দক্ষতা, সেটাই ছিল বড় ব্যাপার। গবেষকেরাও তা কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছেন। দেশপ্রেম কীভাবে মানুষকে কাজের মধ্যে আটকে রাখে, তার অসংখ্য নমুনা তৈরি করেছে এ গবেষণা প্রকল্পটি। পাট গবেষণা ইনস্টিটিউটের চারতলার ওই শ্বেতশুভ্র ভবনটি হয়ে পড়েছিল ওই ৩০ গবেষকযোদ্ধার দেশপ্রেমের পরীক্ষাগার। গবেষণাগারের প্রধান ড. শহিদুল ইসলাম জানালেন, এটি ২৪ ঘণ্টাই খোলা থাকত। তরুণ গবেষকদের বেশির ভাগই পাট গবেষণা ইনস্টিটিউটের ভেতরের আবাসিক এলাকায় থাকেন। এমনও হয়েছে, কোনো একজনের কোনো একটি বিষয়ের তথ্য বিশ্লেষণ করার প্রয়োজন হয়েছে বা কোনো একটি অমীমাংসিত বিষয়ের মীমাংসা মাথায় এসেছে, তা মাঝ রাতে হলেও তিনি গবেষণাগারে চলে এসেছেন। সারা রাত কাজ করার জন্য গবেষণাগারের ভেতরে স্লিপিং ব্যাগ ও গোসলের ব্যবস্থা আছে। গোসল সেরে বা একটু বিশ্রাম নিয়ে আবারও কাজে নেমে পড়তেন এখানকার গবেষকেরা। গবেষণাকেন্দ্রের ভেতরে অন্য এক জগৎ গড়ে তুলেছিলেন মাকসুদুলের দল। বিকেলের অবসর সময়ে একটু আড্ডা দিতে গড়ে তোলা হয়েছে একটি টি-পার্টি। গবেষক দলের সবাই এর সদস্য। প্রতি মাসের চাঁদা ৫০০ থেকে ৬০০ টাকা। প্রতি মাসে একজন ব্যবস্থাপক। ঘুরেফিরে সবাই কোনো না কোনো এক মাসে এ দায়িত্ব পালন করেছেন। চায়ের আড্ডায় সবাইকে ডাকা, নাশতার মেন্যু ঠিক করা থেকে শুরু করে সব দায়িত্ব একে একে সবাই পালন করেছেন। মনজুরুল আলম হাসিমুখে সেই দিনগুলোর কথা বলতে গিয়ে জানালেন, ওই টি-পার্টির আড্ডাতেই অনেক জটিল হিসাব ও সমস্যার সমাধান করেছেন তাঁরা। স্বপ্নজয়ের দোরগোড়ায়২০১০ সালের শেষ দিকে গবেষণাটি শুরু হয়। তখন সবাই বলেছিল, সরকারি প্রতিষ্ঠানের গবেষকদের দিয়ে এসব হবে না। প্রকল্পের নামে কিছু টাকা লুটপাট হবে। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে গেলে লোকে ঠাট্টা করে বলত, ভাই, কবে পাব ফলাফল। আসলে কিছু হবে? মনজুরুল আলম মাথা নিচু করে কোনো জবাব না দিয়ে ফিরে আসতেন। মনে মনে বলতেন, কাজের ফলাফল দিয়েই একদিন তার জবাব দেবেন। ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের পরে দেখা দিল আরেক বিপত্তি। গবেষণার ফলাফলের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে তা পাঠানো হলো বিএমসি জেনোমিকস জার্নালে। আমাদের গবেষকেরা দাবি করলেন, মেক্রোফোমিনা ফ্যাসিওলিনা নামের এই ছত্রাকটি শুধু পাটের নয়, বিশ্বের ৫০০টি গুরুত্বপূর্ণ উদ্ভিদের শত্রু। বাংলাদেশের বিজ্ঞানীরা এমন একটি আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ গবেষণা শেষ করতে পেরেছেন, তা বিশ্বাস করতে যেন তাদের কষ্ট হচ্ছিল। গত জানুয়ারি মাসে গবেষণার ফলাফলটি একটি নিবন্ধ আকারে জমা দেওয়ার পর মাসের পর মাস কোনো জবাব পাওয়া যায়নি। উন্নত দেশ থেকে এ ধরনের নিবন্ধ গেলে সাধারণত তিন মাসের মধ্যে তা প্রকাশিত হয়। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান এমন একটি গবেষণা করেছে জেনে জার্নাল কর্তৃপক্ষ প্রায় আট মাস নানা তথ্য যাচাই-বাছাই করেছে। এ নিয়ে অবশ্যই আমাদের বিজ্ঞানীদের মন খারাপ হয়নি। প্রতিটি প্রশ্নের উত্তর তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে দিয়েছেন। ১৭ সেপ্টেম্বর অবশেষে জার্নাল কর্তৃপক্ষ চূড়ান্তভাবে নিবন্ধটি গ্রহণ করল। মাকসুদুল আলম ও মনজুরুল আলম সঙ্গে সঙ্গে তা কৃষিমন্ত্রীকে জানালেন। তার এক দিন পরেই ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতিকে জানালেন সেই সুসংবাদ। জাতীয় সংসদের বিপরীতে গড়ে ওঠা পাট গবেষণা ইনস্টিটিউটের গাছগাছালি ঘেরা ওই গবেষণাকেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা কী অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন, তা শুধু দেশের মানুষ নয়, বিশ্ববাসী অবাক বিস্ময়ে জানতে পারল। বাংলাদেশ পেল একাধারে পাট ও ছত্রাকের মতো বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ দুটি প্রাণের জীবনরহস্য উদ্ঘাটনের কৃতিত্ব। তবে এ ফলাফলেই তৃপ্ত নন মাকসুদুল আলমের দলের গবেষকেরা। পাট ও ছত্রাকের জীবনরহস্য উদ্ঘাটনের ফলাফল দেশের মানুষের কল্যাণে কবে ব্যবহার করতে পারবেন, সেটাই এখন তাঁদের চিন্তার বিষয়। এখন ওই গবেষণাযুদ্ধের তৃতীয় ধাপের যাত্রা শুরু হয়েছে তাঁদের। সেই যুদ্ধজয়ের স্বপ্নে বিভোর ওই ৩০ যোদ্ধা।