মাকে
শুনেছি, তুমি যখন ছোট ছিলে, একদম ছোট, তখন নাকি কথায় কথায় কাঁদতে। ভালো কথাতেও কাঁদতে, মন্দ কথাতে তো কথাই নেই! আমিও যখন ছোট ছিলাম, একদম ছোট, ছিলাম পিচ্চি তোমার মতোই, কথায় কথায় কাঁদতাম (তোমার কাছেই শোনা!)। বাবা একটু চোখ গরম করেছেন তো আমার চোখে শাওন মাস! তাই আমাকে তুমি ডাকতে মি. কেন্ডুরা! তাহলে তোমার নাম কী হতো? মিস কেন্ডুরি? তুমি হাসছ? হাসলে তোমার চোখ দুটো ছোট হয়ে আসে, আমি তোমার চোখ-ছোট হাসি ভালোবাসি।তোমার মনে আছে, একবার আমরা, মানে আমি আর তোমার ছোট ছেলে, আমার ছোট ভাই গিয়েছিলাম একটি মেলায়? আমরা তখন ছোট, এত্তটুকুন। ইশকুল শেষে বায়না ধরেছিলাম, মেলায় যাব। তুমি কী মনে করে রাজি হয়েছিলে। ভেবে অবাক হই, সেদিন কেন তুমি আমাদের একদম একা ছেড়ে দিয়েছিলে! অবশ্য দোষ আমারও ছিল, আমি বলেছিলাম, মেলাটা খুব বেশি দূরে না। পণ্ডিতি ফলিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এই তো কাছে। তো মেলার উদ্দেশে হাঁটছি, হাঁটছি, হাঁটছি...। আমি তো খানিকটা অবাক, অনেকটা ভীত। মেলা কত দূর?—ছোট ভাইয়ের প্রশ্ন। আমি প্রবোধ দিই, এই তো আরেকটু। এমন করতে করতে একসময় এক হাঁটু ধুলো নিয়ে আমরা পা রাখলাম একটা বিশাল মেলায়! বাপ রে বাপ, জীবনে আর অত বড় মেলা দেখিনি! তাই সেখানে হারিয়ে যেতে সময় লাগল না মোটেও। ভাগ্যিস, পরিচিত এক মুড়িওয়ালার সঙ্গে দেখা। আমাদের শুকনো মুখ দেখে সে ঠিকই আঁচ করতে পেরেছিল, আমরা হারিয়ে গিয়েছি। লোকটা দোকানের পাততাড়ি গুটিয়ে আমাদের পৌঁছে দিল তোমার কোলে। আমাদের ফিরে পেয়ে, সব শুনে তুমি কাঁদতে কাঁদতে সেদিন কী বলেছিলে, মনে আছে? আমি কিন্তু ঠিকই মনে করতে পারি। আমাদের দুজনকে বুকের গভীরে টেনে বলেছিলে, ‘আর কক্ষনো, কক্ষনো তোদের ছেড়ে দেব না একা একা!’ আমি তখন তোমার শরীরের ঘ্রাণ পেয়েছিলাম, সেই ঘ্রাণ এখনো আমার নাকে লেগে আছে।একবার ঝুমবৃষ্টি নেমেছিল, আমাদের টিনের চালে। বাইরে বৃষ্টি বাড়ছে, ঘরে বাড়ছে আমার জ্বর। তুমি ছিলে আমার পাশে। একবার কী কাজে যেন বাইরে গেছ তুমি। চোখ মেলে দেখি, তুমি নেই! কী যে ভয় পেয়েছিলাম, মা! এখনো সেই ভয়ে বুক দুরু দুরু করে। আমি এখন তোমার পাশে নেই। শুনেছি, তোমার জ্বর। তুমি এখন ছেলেবেলার মতো কথায় কথায় কাঁদো না! জানি, তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো। আমি সেটা টের পাই। এখন যে জ্বর তোমার, আমি পাশে নেই, তুমি কি এখন ছেলেবেলার আমার মতো ভয় পাচ্ছ? কাঁদছ লুকিয়ে লুকিয়ে? ভয় পেয়ো না, কেঁদোও না একদম, আমি তো তোমার ভেতরেই আছি!রন রহমানকালীগঞ্জ, লালমনিরহাট।