মাকে এখনো খুঁজছে ১২ বছরের শুভদেব

১২ বছরের শুভদেব ভৌমিক শুধু মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে। ঘুমাতেও যায় মায়ের ছবি নিয়ে। এখনো মায়ের আঁচলে বাঁধা চাবির গোছার আওয়াজ তার কানে লাগে, যে আওয়াজ পেয়েই বুঝতে পারত যে মা বাসায় ঢুকছেন। মা ছিলেন তার একমাত্র সঙ্গী। মা তাকে আদর করে বাবু নামে ডাকতেন। রাতে সব সময় সে মায়ের সঙ্গেই ঘুমাত। এখন রাতে প্রায়ই মায়ের জন্য চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। তখন সে মাকে খুঁজতে থাকে। সেই দুঃস্বপ্ন এখনো তাড়া করে।
শুভদেবের দুঃস্বপ্নের শুরু গত ৭ জুলাই। সেদিন ছিল ঈদুল ফিতর। কিশোরগঞ্জে শোলাকিয়ায় সেদিন সকালে পুলিশ-জঙ্গি পাল্টাপাল্টি গুলির সময় প্রাণ হারান ঝর্ণা রাণী ভৌমিক (৪৪)। ঝর্ণা শুভদেবের মা।
স্বামী ও দুই ছেলে নিয়ে ছিল ঝর্ণা রাণী ভৌমিকের সুখের সংসার। স্বামী গৌরাঙ্গনাথ ভৌমিক স্থানীয় একটি কারখানার কর্মচারী। বড় ছেলে বাসুদেব ভৌমিক তেজগাঁও মহিলা কলেজের খণ্ডকালীন প্রভাষক। আর ছোট ছেলে শুভদেব স্থানীয় আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিজের বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ঝর্ণা রাণী। এ মৃত্যু স্তব্ধ করে দিয়েছে পুরো পরিবারকেই। আর শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের কাছেই এই ঘটনায় বাক্রুদ্ধ পুরো দেশ। গত ৩০ জুলাই ঝর্ণা রাণীদের বাসায় গিয়ে দেখা যায় ঘর তালাবদ্ধ। সুনসান নীরবতা। ঘরের বাইরে যে জানালা ভেদ করে গুলি ঢুকেছিল, সেই জায়গা লাল কালি দিয়ে চিহ্নিত করা। এর নিচেই একটা বেদিতে ঝর্ণা রাণীর ছবি। রাখা আছে দুটি ফুলের তোড়া। বাবা ও বড় ভাই চলে গেছেন যাঁর যাঁর কর্মস্থলে। একাকী শুভদেব নির্বাক দাঁড়িয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছে।
এগিয়ে এলেন প্রতিবেশী নীরেন্দ্র চন্দ্র দাস। মুঠোফোনে খবর দেন গৌরাঙ্গনাথ ভৌমিককে। কিছুক্ষণ পর তিনি বাসায় এলেন। প্রথম আলোকে তিনি বললেন, ‘অনেক দিন পর কাজে গিয়েছিলাম। কিন্তু কোনোভাবেই মনকে মানাতে পারছি না। এদিকে বড় ছেলেটিও ঢাকায় চলে গেছে। ছোট ছেলে একা একা এদিক-সেদিক ঘোরাঘুরি করে। ও (ঝর্ণা) ছিল আমার সংসারের মূল চাবি। পুরো সংসারটাকে সে আগলে রাখত। ও ছিল আমাদের মনোবল। মিশুক, বিনয়ী ও ভদ্র।’ গৌরাঙ্গ জানালেন, বড় ছেলে ঢাকায় নিজের খরচ চালিয়ে পরিবারকে তেমন একটা সহায়তা করতে পারেন না। গৌরাঙ্গর সামান্য টাকা দিয়েই ঝর্ণা সংসার চালিয়ে নিতেন। ‘ছোট ছেলের জন্য কখনো গৃহশিক্ষক রাখতে পারতাম না। ওর মা-ই ছিল ওর শিক্ষক।’
১৯৯৫ সালে সন্তান প্রসব করতে গিয়ে গৌরাঙ্গর স্ত্রী বড় ছেলে বাসুদেবকে এক বছর বয়সে রেখে মারা যান। পরের বছর ১৯৯৬ সালে ঝর্ণা রাণীকে বিয়ে করেন তিনি। সবকিছু ঠিকমতোই চলছিল। ‘২০ বছরের সংসারে আমার সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হয়নি। এমনকি বাসুদেব যে তাঁর সৎছেলে, এটাও কখনো বুঝতে দেয়নি। কিন্তু দুঃস্বপ্ন আমার পিছু ছাড়ল না। ও মারা যাওয়ার পর আমার পরিবারে ঠিকমতো রান্না হয় না।’ বলেন গৌরাঙ্গ।

ঝর্ণা রাণী ভৌমিকের মৃত্যুর পর পরিবারের সদস্যরা ঠিকমতো খাওয়াদাওয়া করতেও পারছেন না। ভেজা চোখ মুছতে মুছতে স্বামী বললেন, ‘তিন মাস আগে হঠাৎ একদিন আমার স্ট্রোক হয়। তখন সেবা দিয়ে, সময়মতো চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে ঝর্ণাই আমাকে রক্ষা করেছিল। আর ও মারা গেল আমার চোখের সামনেই। আমরা তাকে রক্ষা করতে পারিনি।’
ঝর্ণা রাণী ঈদের দিন সকালে সেমাই বানিয়েছিলেন। তারপর রুটি বানানোর কাজ শুরু করলেন। তখনই আচমকা গোলাগুলি শুরু হয়। রান্নাঘর থেকে তিনি শোবার ঘরে বড় ছেলের গোসলের জন্য লুঙ্গি আনতে যান। তখন টিনের বন্ধ জানালা ভেদ করে গুলি এসে মাথায় লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। মাথা থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। বাইরে গোলাগুলি চলতে থাকায় প্রায় দুই ঘণ্টা গুলিবিদ্ধ স্ত্রীর মাথা কোলে নিয়ে বসে ছিলেন স্বামী গৌরাঙ্গনাথ ভৌমিক। তখন বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। স্বামীর কোলে মাথা রেখেই মারা যান ঝর্ণা রাণী ভৌমিক।
ঝর্ণার বাসা থেকেই ফোনে কথা হয় ঢাকায় বড় ছেলে বাসুদেবের সঙ্গে। তিনি বলেন, ‘মা ঈদের দিন সেমাই দিয়ে আমাদের মিষ্টিমুখ করাতে চেয়েছিলেন। কিন্তু এক মুহূর্তেই তিনি নাই হয়ে গেলেন। এখন যে আমাদের সব শেষ হয়ে গেল।’
প্রতিবেশীদের কাছেও প্রিয় ছিলেন ঝর্ণা রাণী ভৌমিক। দুই প্রতিবেশী নীরেন্দ্র চন্দ্র দাস ও মাহমুদুর রহমান জানালেন, ঝর্ণা রাণী ও তাঁর পরিবারের সবাই খুব মিশুক এবং ভালো প্রতিবেশী। ঝর্ণা খুবই অমায়িক ছিলেন। একটি মৃত্যু পরিবারটিকে তছনছ করে দিয়ে গেছে। এভাবে তাঁর করুণ মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।