মাকে দেখে রাগ কমে গেল
ক্লাস ফোরে পড়ি তখন। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় খেয়াল করলাম, দাদি আমাদের বাসায় বেড়াতে এসেছেন। কিন্তু এ কী! আম্মু আর আব্বুকে তো বাসায় দেখছি না। সকাল সকাল কোথায় গেল? আমার নানিকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম পুরো ঘটনা। আম্মু হাসপাতালে ভর্তি আর আব্বুও সেখানেই আছে। আম্মুর টিউমারের অপারেশন হবে। মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ল। আমাকে আম্মুর অপারেশনের কথা কিছুই জানানো হয়নি আগে। মনে মনে খুব রাগ করে স্কুলে গেলাম। ক্লাসের এক কোনায় বসে প্রহর গুনছিলাম। কখন বাসায় যাব আর দাদিকে বলব আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। স্কুল থেকে ফিরলাম কিন্তু হাসপাতালে যাওয়া সেদিন আর হলো না। রাতে জানতে পারলাম যে আম্মুর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। রাতে অনেক কান্না করলাম আর আল্লাহর কাছে আম্মুর সুস্থতার জন্য দোয়া করতে থাকলাম। রাত শেষে নতুন দিনের সূচনা হলো।
সকালে কাকা এল। আমরা সবাই হাসপাতালের উদ্দেশে রওনা হলাম। হাসপাতালে পৌঁছে গুটি গুটি পায়ে আম্মুর কেবিনের দিকে যেতে থাকলাম। কেবিনে ঢুকলাম। আমার কান্নার ফোঁটা গাল বেয়ে বেয়ে নিচে পড়ছে। আম্মুর জ্ঞান ফিরেছে। আম্মু আমাকে ডেকে জিজ্ঞাসা করল, ‘কিরে, নাশতা খাইছিস?’ আমি হাসিমুখ করে বললাম, ‘হ্যাঁ।’
আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়।