মাকে নিয়ে অনন্যআয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবের মধ্যে এমন একজন মানুষ আছেন, যাঁর ভালোবাসা কখনো খণ্ডন করা যায় না। সেই মানুষটি হচ্ছেন মা। জীবনে চলার পথে প্রতিটি মুহূর্তে সন্তানের সঙ্গী হয়ে থাকে মায়ের ভালোবাসা আর আশীর্বাদ। সন্তানের জন্য মায়ের ভালোবাসায় স্বার্থপরতার লেশমাত্র খুঁজে পাওয়া বিরল ঘটনা।

সেই মাকে নিয়ে ২৪ মে বিকেলে নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল অনন্য এক আয়োজন। বসেছিল মা-সন্তানদের মিলনমেলা। এতে মায়ের প্রতিও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করেছে সন্তানেরা। অনুষ্ঠানে চট্টগ্রামের দুইজন গুণী সন্তান ও একজন গুণী মাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ছিল মাকে নিয়ে নাচ, গান, আবৃত্তি ও কথামালার আয়োজন। ‘মাকে ঘিরে শুধু একটা দিন নয়, প্রতিটি মুহূর্তই যেন হোক মা দিবস’ স্লোগানে বর্ণিল এই অনুষ্ঠানের আয়োজক ছিল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করব জয়’।

 অনুষ্ঠানের সূচনা হয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপরই নৃত্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। ‘আমি বাংলায় গান গাই’ গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তী ও তাঁর দল। এরপর মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। পিরোজপুর জেলার বাঘমারা কদমতলি গ্রামের ভাগীরথী নামের এক বীরাঙ্গনা মায়ের দুঃখগাথা ফুটিয়ে তোলেন তিনি আবৃত্তির মাধ্যমে।

এরপর সুরের ডালি নিয়ে মঞ্চে আসেন বিশিষ্ট শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। ‘চমকে চমকে’, ‘প্রথম প্রদীপ জ্বালো’, ‘রুমঝুম ঝুমঝুম’, ‘অঞ্জলি লহ মোর’, ও ‘নূরজাহান’সহ বেশ কয়কটি নজরুল সংগীত গেয়ে শোনান তিনি।

গানের পর ছিল বক্তৃতা এবং সম্মাননা প্রদান পর্ব। সংগঠনের প্রধান নির্বাহী শওকত বাঙালির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবেদ খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম তালুকদার ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী চৌধুরী।

সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রামের সিভিল সার্জন মো. আবু তৈয়ব এবং শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সানজিদা আখতার। প্রধান অতিথি তাঁদের হাতে শহীদ আইভি রহমান সম্মাননা স্মারক তুলে দেন।

এরপর অতিথি এবং সংবর্ধিত গুণী ব্যক্তিরা মাকে নিয়ে অনুভূতি বর্ণনা করেন। আলোচনায় অতিথিরা বলেন, সন্তানের বড় হওয়ার পেছনে রয়েছে মায়ের ভূমিকা। মায়েদের যথাযথ সম্মান দিতে পারলে দেশ এগিয়ে যাবে বহু দূর। এ ছাড়া, দেশকে ভালোবাসলেও মা, মাটি ও নিজের অস্তিত্বকে ভালোবাসা হয়ে যায় বলে মন্তব্য করেন তাঁরা।