মা দিবস
মাকে নিয়ে সিলেটে যাওয়া হলো না
কাল ৯ মে রোববার, মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার দিনটি পালিত হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের দুঃসময়ে এল দিনটি। করোনায় যাঁরা মাকে হারিয়েছেন, এমন তিনজন তাঁদের মায়ের কথা স্মরণ করেছেন। এখানে নৃত্যশিল্পী ও প্রশিক্ষক মোফাসসাল আল আলিফ তাঁর প্রয়াত মাকে স্মরণ করেছেন।
মায়ের ঠান্ডা-জ্বর শুরু হয়েছিল গত ৭ এপ্রিল। ওষুধ খাচ্ছিলেন, কিন্তু জ্বর কমছিল না। ১০ এপ্রিল ঢাকায় নিয়ে এলাম। সিটি স্ক্যান করা হলো। রিপোর্ট দেখে চিকিৎসক বললেন, ‘কোভিড সাসপেক্টেড’!
মা গ্রামে থাকেন, আমিও বাড়ি যাইনি বেশ কিছুদিন, করোনায় আক্রান্ত হবেন কী করে—এসব ভাবছি আর হাসপাতালে ভর্তির চেষ্টা করছি। অবশেষে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মাকে ভর্তি করালাম। সে–ও বেশ চড়াই-উতরাই পেরিয়ে। রাতেই আরটি-পিসিআরের ফলাফল পেলাম—মা করোনা পজিটিভ। এর মধ্যে রক্তে সংক্রমণ ছড়িয়েছে, ডায়াবেটিস তো বেড়েছেই।
সোহরাওয়ার্দী হাসপাতালে চার-পাঁচ দিন থাকার পর মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকল। শ্বাসকষ্ট শুরু হলো। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক। একটি বেসরকারি হাসপাতালে ব্যবস্থা হলে, সেখানেই আইসিইউয়ে ভর্তি করাই। দিন যেতে থাকল দোলাচলে। ১২তম দিনে মায়ের কার্ডিয়াক অ্যারেস্ট হলো। এরপর নির্মম সত্যটা জানালেন চিকিৎসক।
মা আমার একমাত্র আপনজন। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। মা কখনো বাবার অভাব বুঝতে দেননি। সারা জীবন কষ্ট করে গেছেন, নিজের কথা কখনো চিন্তা করেননি। ছোটবেলায় টাকার দরকার হলে নিজের কাছে থাকুক বা না থাকুক বলামাত্র ব্যবস্থা করে দিতেন। আমি যেখানেই থাকতাম, একদিন কথা না হলে তাঁর শান্তি ছিল না। যে মাকে ছাড়া আমি এই দুনিয়া কল্পনাও করতে পারিনি, বাস্তবতার নির্মম পরিহাস আজ আমি একা।
মায়ের ইচ্ছে ছিল শাহজালাল, শাহপরানের মাজারে যাওয়ার। শেষবার যখন বাড়ি গেলাম, মাকে বলেছিলাম তাঁকে নিয়ে বিমানে সিলেট যাব। আর সেটি হলো না! আফসোস, আমি যখন পেশাগত জগতে পুরোদমে পা দিলাম, তখন মা চলে গেলেন।
আমার ফেসবুক প্রোফাইলে মায়ের সঙ্গে যে ছবিটি, সেটি ২০১৯ সালের সেপ্টেম্বরে তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অণুজীববিজ্ঞানে স্নাতকোত্তর শেষে নাচ নিয়ে ভারতের মুম্বাইয়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলাম। সেখানকার তেরেন্স লুইস কনটেম্পরারি ড্যান্স কোম্পানিতে প্রশিক্ষণের সময় ছুটিতে বাংলাদেশে এসেছিলাম। দিন কয়েক থেকে চলে যাওয়ার দিন মায়ের সঙ্গে ছবিটি তুলেছিলাম। উপলক্ষ অনেকটা মায়ের গায়ে জড়ানো শাড়িটি। মুম্বাইয়ের বন্ধু অনিল মায়ের জন্য এটি এনেছিল দক্ষিণ ভারতের ওটি থেকে। প্রতিবার মুম্বাই চলে যাওয়ার সময় মায়ের চোখ ছলছল করত, পৌঁছে ফোন না দেওয়া পর্যন্ত মায়ের শান্তি হতো না। অসুস্থতা নিয়ে সেবারও তাই করল মা। আমি ছবিটি ফেসবুকে দিলাম। বন্ধুদের উদ্দেশে লিখলাম, ‘মা অসুস্থ, মায়ের জন্য দোয়ার দরখাস্ত’।
সেবার মুম্বাইয়ে গিয়ে বেশি দিন থাকা হলো না। ২০২০ সালের মার্চের শেষের দিকে করোনা বেড়ে গেলে, আমিও দেশে ফিরি। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকাতেই অবস্থান করেছি দীর্ঘদিন। করোনা আমাদের এখানেও ছড়াল, আমার বরাবরই মাকে নিয়ে একটু ভয় হতো। কারণ, মা ডায়াবেটিসের রোগী, আরও কিছু শারীরিক জটিলতা তাঁর মধ্যে আছে।
দেশে সংক্রমণ কমল, জীবনযাত্রা স্বাভাবিক হতে থাকল। মনে হলো, যাক, ভয় বুঝি কেটে গেল। ঢাকায় চলে এলাম। নাচের ক্লাস শুরু করলাম। শো নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়লাম। বাড়ি খুব কম যাওয়া হতো। আজ যাই, কাল যাই করে কত তারিখ পেছাত। মা আমার আশায় বসে থাকতেন। যেদিন বাড়ি যাব, সেদিন একটু পরপরই মা কল দিতেন, এখন কই? আর কত দূর? বাড়ি গেলে কী রেখে কী খাওয়াবেন, তা নিয়ে পাগল হয়ে যেতেন। বাড়ি গিয়েও আমি খুব বেশি দিন থাকতে পারতাম না। প্রতিবার রাস্তা পর্যন্ত এগিয়ে দিতেন, যত দূর দেখা যায় তাকিয়ে থাকতেন।
আমরা চার ভাই–বোন, আমিই সবার ছোট। মায়ের সঙ্গে আমার যোগাযোগটা ছিল অন্য ভাইবোনদের চেয়ে আলাদা। প্রায় প্রতিদিন ঘুম ভাঙত মায়ের ফোনকল পেয়ে। অনেক সময় রিহার্সাল বা শোতে ব্যস্ত থাকলে কল ধরতে পারতাম না, আমাকে না পেয়ে মা রীতিমতো পাগল হয়ে যেতেন।
আজ আর কেউ নেই এভাবে খোঁজ রাখার। বড় একা লাগে। মায়ের পবিত্র মায়াভরা মুখখানা সামনে শুধু ভেসে আসে।
লেখক: নৃত্যশিল্পী ও প্রশিক্ষক