মাকে নিয়ে

মা দিবসে মাকে নিয়ে কিছু লেখার তাগিদ ছিল। দীর্ঘ জীবনে মায়ের কত সুখস্মৃতি। ফেলে আসা জীবন হাতড়ে তার কিছুক্ষণ তুলে আনা কি এক লেখায় হয়! তাই সে লেখা তখন আর শেষ হয়নি।

আমার মা ইসমাত আরা খান কোনো বিখ্যাত মা ছিলেন না। কিন্তু প্রত্যেক সন্তানের কাছে তার মা যেমন শ্রেষ্ঠ, আমাদের মা-ও আমাদের কাছে একজন অসাধারণ মা ছিলেন। তিনি ছিলেন রংপুরের মধ্যবিত্ত একটি পরিবারের ছয় ভাইয়ের একমাত্র বোন। ছোটবেলা থেকেই বড় আদরে মানুষ হয়েছিলেন, সাত ভাই চম্পার পারুল বোনের মতোই অবস্থা ছিল মায়ের। আমার বাবাও মাকে সেই একই রকম সযত্ন সম্মান-ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে রেখেছিলেন—আমার স্মৃতির শুরুর ছবিটা এ রকমই।
কিন্তু এ অতি সাধারণ এক নারী আর মায়ের গল্প। আমাদের সমাজের ৮০ শতাংশ মায়ের গল্প। আমার মায়ের জীবনের গল্প অন্যখানে।
সারা জীবন আমার মা শিক্ষকতা করেছেন। রংপুরের কারমাইকেল কলেজ আর ঢাকার ইডেন কলেজে মায়ের পড়াশোনা। মায়ের মুখে শুনেছিলাম সেই সময় ঘোড়ার গাড়িতে করে বহু দূরে কারমাইকেল কলেজে পড়তে যেতেন।
সেই পাকিস্তান আমলে রংপুর গার্লস স্কুল। সমাজকল্যাণ বিষয়ে পড়ে ঢাকায় এসে বাওয়ানী হাইস্কুলে শিক্ষকতা করেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে কয়েক বন্ধু মিলে ঢাকায় শুরু করেন কচিকাঁচার কাকলী স্কুল। সেখান থেকেই ২০০০ সালে অবসর নেন।
সারা জীবন শিক্ষকতা করেছেন বলেই হয়তো অত্যন্ত রুচিসম্পন্ন শৌখিন এক সচেতন মনের মানুষ ছিলেন। সবার আগে নিজের জীবনে নিয়মশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছেন, পরে যেটা স্কুলের বাচ্চাদের শিখিয়েছেন।
১৯৭১ সালে আমরা তখন গৃহবন্দী ঢাকায়। ফুফু-চাচা সবাই মিলে অনেকগুলো পরিবার একত্রে থাকি। বিপদের সময় যেন সবাই একসঙ্গে মোকাবিলা করতে পারি। মার্চ-এপ্রিল মাসে কী ভয়ংকর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সারা দিন কারফিউর মধ্যে বসবাস। খাবারদাবার খুব হিসাব করে খরচ করা হয়। অল্প সময়ের জন্য বাজার খোলে। বাজারে যাওয়াও বিপদের সম্মুখীন হওয়া। বাড়িতে অনেক মানুষ। আমরা অনেক ভাইবোন। খাওয়ার সময় মায়ের সুস্পষ্ট নির্দেশ, এক টুকরো মাংস আর এক টুকরো আলু বরাদ্দ। বাটিতে থাকলেও কেউ এর বেশি নেবে না, যাতে সবাই পায়। আমার একমাত্র ভাই পুরো ভাতটা কেবল ডাল দিয়ে মেখে খেয়ে খাবার শেষে ওই এক টুকরো মাংস একটু একটু করে খেত, কিন্তু এক টুকরোর বেশি চাওয়ার সুযোগ ছিল না। ছোটবেলায় এই ‘কনসিডারেশন ফর আদারস’ কথাটা শিখেছিলাম।

আমরা ছোটবেলা থেকেই মাকে দেখেছি অত্যন্ত নামাজি, সংসারী, শৌখিন, অতিথিপরায়ণ আবার একই সঙ্গে স্টাইলিশ। বিকেল হতে না-হতেই আসরের নামাজ পড়েই মা ড্রেসিং টেবিলের সামনে বসে একেক দিন একেক রকম করে চুল বাঁধতেন। বেশ অনেক সময় নিয়ে, অতীব যত্নে। তারপর টেবিলে গিয়ে নিজের হাতে টি-পটে চা ঢেলে টি-কোজি দিয়ে ঢেকে দিতেন। নানা রকমের শৌখিন সব টি-কোজি ছিল বাড়িতে। একেক দিন একেকটা ব্যবহার করা হতো। আমাদের জন্য বরাদ্দ ছিল এক গ্লাস করে দুধ। মায়ের ঘর সাজানোর শখ ছিল খুব। আমি বলছি ষাটের দশকের কথা। নিউমার্কেট ছাড়া তখন ঢাকায় তেমন দোকানপাট কোথাও ছিল না। নিউমার্কেটের ভেতরে পশ্চিম দিকে ক্রোকারিজের বেশ কয়েকটি দোকান ছিল আম্মার চেনা। বিদেশি ঘর সাজানোর ছোট ছোট ডেকোরেশন পিস এলে ওরা আম্মার জন্য তুলে রেখে দিত। রান্নাতেও আম্মার শখ ছিল খুব। সারা বছর মা বাসায় রান্না করতেন নানা রকমের হালুয়া, মোরব্বা, পিঠা ইত্যাদি। মনে আছে, ছোটবেলায় বাড়িতে পারিবারিক পিঠা উৎসব হতো মায়ের একক আয়োজনে। আগের দিন আবার নানু আসতেন। কী বিপুল উৎসাহে পুলি পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা—কত রকম পিঠার আয়োজন হতো! পরদিন ভোরে বাগানে বসে তৈরি হতো ভাপা পিঠা। আর তাতে অংশ নিতেন মায়ের ছয় ভাইও। ভাইদের পিঠা খাওয়ানোর জন্য মায়ের কত আয়োজন।

সাজপোশাকেও স্টাইলিশ ছিলেন তিনি। নিজের চাকরির টাকা বাঁচিয়ে শাড়ি, ব্লাউজ, ব্যাগের লেটেস্ট ফ্যাশন অনুসরণ করতেন। ক্যারোলিনের শাড়ি আর সঙ্গে ব্রোকেডের ব্লাউজ। নিজে ডিজাইন করে দরজিকে দিয়ে তৈরি করাতেন। বড় দোকান পাবনা স্টোর্স ছিল স্টেডিয়ামে। রাজ্জাকস বলে আরেকটি বড় দোকান ছিল কাছাকাছি। ওসব দোকানে মায়ের ছিল নিয়মিত আসা-যাওয়া।
দৃষ্টিভঙ্গিতেও ছিলেন আধুনিক, ষাটের দশকের মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী হিসেবে তো অবশ্যই। আমার প্রথম শান্তিনিকেতন যাওয়ার সময় বাবার যেটুকু দ্বিধা, মা সেটা কাটাতে অনেকটাই ভূমিকা নিয়েছিলেন। এমনকি আমাকে প্রথমবার শান্তিনিকেতনে ভর্তি করে থিতু করে দিয়ে এসেছিলেন, আবার আমার ফিরে আসার পর যখন গান গাইতে এদিক-ওদিকে যেতে হয়, মা সব জায়গায় সঙ্গে যেতেন। এটা কেবল আমার সঙ্গে যাওয়ার জন্য নয়। গিয়ে আনন্দ পেতেন বলে। তারপর যখন বাচ্চারা ছোট, অনায়াসে বাচ্চাদের আব্বা-আম্মার কাছে রেখে আমি নিশ্চিন্ত মনে বাইরে বিদেশে চলে গেছি। টিভিতে আমার গানের নিয়মিত দর্শক এবং সমালোচক ছিলেন। মায়ের উৎসাহে আমার প্রথম গীতবিতান-এর গানগুলোকে কবিতা হিসেবে পড়া। তখন বোধ হয় ক্লাস সেভেন বা এইটে পড়ি। একদিন স্কুলের লাইব্রেরি থেকে গীতবিতান এনেছি বাড়িতে। মায়ের কী আগ্রহ—বললেন, ‘গানের খাতায় টুকে রাখো।’ সুর তো জানি না বেশির ভাগ গানের, কিন্তু মায়ের কী উৎসাহ যেন গানের খাতায় টুকলেই সুর শেখা হয়ে যাবে। সেটাই কিন্তু আমার প্রথম গানের খাতায় গান লেখার সূচনা।
২০০০ সালে মায়ের জীবনে দ্বিতীয় পর্বের গল্প শুরু হলো। তার কিছুদিন আগেই স্কুল থেকে অবসর নিয়েছেন। এত বছরের চাকরিজীবনে অভ্যাসের পরিসমাপ্তি ঘটেছে। জানুয়ারি মাসে আমার একমাত্র ভাই যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার হলো। হাসপাতালে কোমায় থাকল কয়েক দিন, তারপর ভবিষ্যতের রঙিন জীবনের হাতছানি, জীবনের আকর্ষণ, মায়ের ভালোবাসা সবকিছুর বন্ধন কাটিয়ে চলে গেল না-ফেরার দেশে। আমার ভক্তিমতী মায়ের দৃঢ় বিশ্বাসে যে এক চরম আঘাত, সারা জীবন আল্লাহ তাআলার ওপর গভীর নির্ভরশীল নামাজি মানুষটি কিছুতেই মেনে নিতে পারেননি আল্লাহ তাঁকে এই দুঃসহ আঘাত দিতে পারেন। এমন নয় যে, সংসারে আমার মা-ই প্রথম পুত্রহারা মা। কত মা-ই তো অকালে তাঁদের সন্তান হারিয়ে সেই দুঃসহ বেদনা বুকে ধারণ করে বাকি জীবন কাটান। কিন্তু ওই যে আমার ছয় ভাই চম্পার আদরের পারুল বোন এ আঘাতটা কিছুতেই মেনে নিতে পারলেন না। এই সত্য মানার মতো দৃঢ় তিনি এ জীবনে আর হতে পারেননি।
সেই দুঃসহ রাত, যেদিন ভোরে আমার ভাইকে মেশিন থেকে বের করে ফেলা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেদিন যখন ফজরের আজান দিচ্ছে, তখন সারা রাত পায়চারি করা আম্মা হঠাৎ বারান্দায় চলে গেলেন। কী অস্থিরতা। চারদিক অন্ধকার। নির্জন চারপাশ, মসজিদ থেকে আজান ভেসে আসছে। আমার পাগলিনীপ্রায় মা স্বগতোক্তির মতো বারবার একই কথা বলছেন, ‘আল্লাহ তাআলা এটা আমার সঙ্গে করতেই পারেন না। সারা জীবন আল্লাহর কাছে যা চেয়েছি, কখনো ফেরাননি। আজও নিশ্চয়ই ফেরাবেন না। কিন্তু সেই দৃঢ় আস্থা যখন ভেঙে গেল, অদ্ভুতভাবে নিজেকে গুটিয়ে নিলেন। একধরনের স্বেচ্ছানির্বাসনে নিজেকে নিয়ে গেলেন। জীবনের সমস্ত হাসি-আনন্দের আলো নিভিয়ে দিলেন। সমস্ত সামাজিকতা, শৌখিনতা, হাসি-আনন্দ কোথায় হারিয়ে গেল, যেন কথা বলাও ভুলে গেলেন। অদ্ভুত এক আঁধারে নিজেকে ডুবিয়ে দিলেন। আমরা তিন বোন, আমার বাবাসহ সবাই জীবনকে মেনে এগিয়ে যেতে থাকলাম। মা পড়ে রইলেন তাঁর একাকিত্বের অন্ধকারে। তাঁকে আর বের করা গেল না। সেই জীবন্মৃত হয়ে বেঁচে থাকা দিনের পর দিন যেন শরীরের খাঁচায় বদ্ধ জীবন।
অবশেষে এই বছর মার্চ মাসে মা এই দুঃসহ জীবনের বন্দিত্ব থেকে মুক্তি পেলেন। মা বলে ডাকার আর কেউ রইল না। এই হাহাকার যখন বুকের মধ্যে তোলপাড় করে, তখন মনে হয় হয়তো আম্মা আবার তাঁর শৌখিন আনন্দ ভরপুর পরিতৃপ্ত জীবনে ফিরে গেছেন। তাঁর প্রিয়তম ছেলের কাছে, স্বামীর কাছে, আমাদের মাঝে যত দিন ছিলেন কেবল তাঁর শরীরটা ছিল। মনে মনে তো তিনি নিজেকে অনেক আগেই এই পৃথিবীর প্রতিদিনের জীবন থেকে গুটিয়ে নিয়েছিলেন, এত দিনে তাঁর সত্যিকারের মুক্তি হলো। নিশ্চিত জানি, আম্মা আবার তাঁর আনন্দময় জীবনে ফিরে গেছেন এই পৃথিবীর বাইরে আরেক পৃথিবীতে।
লেখক: রবীন্দ্রসংগীতশিল্পী